গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৪:৫৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৫৩ পিএম

বিরল রেকর্ডে শীর্ষে মেসি, সেরা তিনে ভালভার্দে

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বিরল রেকর্ডে শীর্ষে মেসি, সেরা তিনে ভালভার্দে

ফ্রেডরিকো ভালভার্দে যেন দূর থেকে গোল করা থামাতেই পারছেন না! এই তো শনিবার রাতেও করলেন আরও একটা। এই এক গোলে তিনি এমন এক কীর্তির কাছে চলে এসেছেন, যে কীর্তির শীর্ষে আছে লিওনেল মেসির নাম।

মেস্তায়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে জিতেছে। লা লিগার ১২তম রাউন্ডের এই ম্যাচে প্রথম গোলটি বক্সের বাইরে থেকে করেন উরুগুয়ের এই মিডফিল্ডার।

গোলটি আসে ২৮ মিনিটে। বক্সের বাইরে থেকে নেওয়া আগুনে এক শটে তিনি বল জড়ান প্রতিপক্ষের জালে। স্প্যানিশ পরিসংখ্যান অ্যাকাউন্ট ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, লা লিগায় ভালভার্দের গোল এখন ২৬টি। এর মধ্যে ১৬টিই এসেছে বক্সের বাইরে থেকে। অর্থাৎ ৬২ শতাংশ গোলই দূরপাল্লার।

২০১৭ সালের সেপ্টেম্বরে স্পেনের শীর্ষ লিগে ভালভার্দের অভিষেক হয়। তারপর থেকে বক্সের বাইরে থেকে বেশি গোল করেছেন মাত্র দুজন। একজন বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসি, তার গোল ৩৪টি। অন্যজন ইয়াগো আসপাস, তার গোল ২০টি। এই হিসাবে ১৬টি গোল করে ভালভার্দে আছেন তৃতীয় স্থানে।

ম্যাচের বাকি গোল দুটি করেন আরদা গুলার ও কিলিয়ান এমবাপ্পে। গুলার ৩৬ মিনিটে ব্যবধান ২-০ করেন। এমবাপ্পে ৭৫ মিনিটে করেন তৃতীয় গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের এটা টানা অষ্টম জয়।

ম্যাচের শেষ দিকে ভ্যালেন্সিয়ার জন্য খারাপ খবর আসে। এমবাপ্পের ওপর ট্যাকলের কারণে ৭৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন দলটির অধিনায়ক হোসে গায়া।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।