গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৮:৫১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০২:০০ এএম

‘আমরা কি পানি পাব’

জাতীয়
গণমাধ্যম ডেক্স
‘আমরা কি পানি পাব’

ফরহাদ সাহেবের চেহারা অবিকল বিখ্যাত এক অভিনেতার মতো। তাঁকে ওই অভিনেতা মনে করে বাড়ির সবাই বাড়তি খাতিরযত্ন করছে।

গৃহপরিচারক মতি মিয়া বেশি সম্মান করছে। বেশি আদরযত্ন করছে। সে তাঁকে বারবার ‘স্যার, স্যার’ করছে।

পরে ফরহাদ সাহেবের আসল পরিচয় জানা গেল। মতি মিয়া যখন জানল, এই লোক আসলে সেই বিখ্যাত অভিনেতা না, তখন সে একধাক্কায় ‘স্যার’ থেকে ‘ভাই’তে নেমে এল।

দুই কাপ চা বানিয়ে এনে এক কাপ নিজে নিয়ে আরেক কাপ ফরহাদ সাহেবের হাতে ধরিয়ে দিয়ে বলল, ‘আপনের সাথে গপসপ করতে আসলাম। তা, বলেন ফরহাদ ভাই, দ্যাশের রাজনীতির কী হালচাল? আমরা কি পানি পাব?’

ফরহাদ সাহেব, বিস্মিত গলায় বললেন, ‘পানি! কিসের পানি?’
মতি বলল, ‘ক্যান, ওই যে ফারাক্কার পানি!’

হ‌ুমায়ূন আহমেদের লেখা ‘আজ রবিবার’ নাটকের এই দৃশ্যের কথা মনে পড়ছে। কারণ, আগামী মাসের ১২ তারিখে ৩০ বছরের গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে কেন নতুন করে ভাবতে হবে
গ্যারান্টি ক্লজসহ নতুন গঙ্গা চুক্তি করাটাই আমাদের জন্য ভালো

এই লেখা যখন লিখছি (৮ নভেম্বর ২০২৬), তখন হাতে সময় আছে মোটে ৩৪ দিন। অথচ চুক্তি নবায়ন নিয়ে ঢাকা এক কথা বলছে। দিল্লি বলছে আরেক কথা।

দিন যত ঘনিয়ে আসছে, ততই মতি মিয়ার সংলাপ মনে পড়ছে—‘আমরা কি পানি পাব?’

৫০ বছর আগে যখন পদ্মা ভরাযৌবনা নদী ছিল, তখন ফারাক্কা বাঁধ ও গঙ্গার পানির হিস্যা নিয়ে এ দেশের মানুষের মধ্যে গভীর উদ্বেগ–উৎকণ্ঠা ছিল।

এখন পদ্মা শুষ্কায়মান। মৃতপ্রায়। মরণাপন্ন স্বজনের জীবনের আশা ছেড়ে দেওয়া মানুষের মতো বাংলাদেশের মানুষও হয়তো পদ্মার পুনর্যৌবনা হওয়ার আশা ছেড়ে দিয়েছে।

হয়তো সে কারণে ‘ফারাক্কা’, ‘গঙ্গা চুক্তি’, ‘পানির ন্যায্য হিস্যা’র মতো শব্দগুলোর উচ্চারণ এখন আর আগের মতো নেই।

হয়তো সে কারণেই নাটকের মতি মিয়ারা আগের মতো ফরহাদ সাহেবদের বলে না, ‘দ্যাশের রাজনীতির কী হালচাল? আমরা কি পানি পাব?’

কিন্তু ঘটনা হলো, ‘আমরা কি পানি পাব?’—প্রশ্নটা এখন সত্যি সত্যি জরুরি হয়ে পড়েছে।

অভিন্ন নদীতে ভারত কি যা ইচ্ছা করতে পারে
অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আশার আলো নেই
ফারাক্কা লংমার্চ শুরুর আগে ১৯৭৬ সালের ১৬ মে রাজশাহীতে সমাবেশে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।

৯৬ বছরের এক বৃদ্ধ আর একটা অদ্ভুত মিছিল

১৯৭৬ সালের ১৬ মে। রাজশাহীর মাদ্রাসা ময়দানে তিলধারণের জায়গা নেই। কৃষক, জেলে, মাঝি, ছাত্র, কবি, কেরানি—সবাই জড়ো হয়েছে।

সবার সামনে লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো এক বৃদ্ধ। বয়স ৯৬ বছর। বাংলা নববর্ষের দিনটাও তাঁর কেটেছে হাসপাতালের বিছানায়।

সেই মানুষটাই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘোষণা দিলেন, ভারত যদি পদ্মার ন্যায্য পানি না দেয়, তিনি হেঁটে যাবেন ফারাক্কার দিকে।

ভদ্রলোকের নাম মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। সেদিন তাঁর পেছনে মানুষের ঢল নামল, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের পথে।

পরদিন কানসাট হাইস্কুল মাঠের সমাবেশে তিনি সাফ জানিয়ে দিলেন, ফারাক্কা নিয়ে দাবি না মানলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে।

তিনি বললেন, ‘এই মিছিল বৃহৎ শক্তির বিরুদ্ধে মজলুমের সংগ্রামের প্রতীক। গোটা বিশ্বের বুক থেকে জালেমের শোষণ–পীড়নের সমাপ্তি না ঘটা পর্যন্ত এ সংগ্রাম চলবে।’

যাত্রার আগে ভাসানী ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ২৯ ফেব্রুয়ারি একটি খোলাচিঠিতে লিখেছিলেন, ‘ফারাক্কা বাঁধের দরুন উত্তরবঙ্গের উর্বর ভূমি কীভাবে শ্মশানে পরিণত হচ্ছে, তাহাও আপনি স্বচক্ষে দেখতে পাবেন।’

জবাবে ইন্দিরা ৪ মে একটি দীর্ঘ চিঠিতে ভাসানীকে লিখেছিলেন, ‘...“ভারত আগ্রাসী মনোভাব নিয়ে অবিভক্ত ভারত প্রতিষ্ঠা করতে চায়”—এ মর্মে আপনার দেওয়া প্রকাশ্য বিবৃতি এবং “ফারাক্কা গুঁড়িয়ে দিতে” লংমার্চের নেতৃত্ব দেওয়ার যে হুমকি আপনি দিয়েছেন, সে সম্পর্কে আমি বরং এটাই বিশ্বাস করতে চাই যে আপনি উত্তেজনার বশবর্তী হয়েই কথাগুলো বলেছেন।’

কিন্তু ভাসানী ‘উত্তেজনার বশবর্তী হয়ে’ কথাগুলো বলেননি। সে কারণে ওই বয়সে তিনি রাস্তায় নেমেছিলেন। কারণ, তিনি বুঝতে পারছিলেন, যখন নদী শুকিয়ে যায়, তার সঙ্গে মানুষের জীবনও শুকাতে থাকে।

ভাসানীর উপলব্ধিজাত সেই বাস্তবতা এখন আমাদের সামনে। তবে সে বাস্তবতা ভালোভাবে বুঝতে একটু পেছনে ফিরতে হবে। কারণ, এই গল্পের গোড়াটা না জানলে আজকের দর–কষাকষির আসল ওজনটা ঠিক বোঝা যাবে না।

ফারাক্কা ব্যারাজ

ফারাক্কা: একটা বাঁধ আর ৭০ বছরের ঝগড়া

গোড়ার কথাটা হলো কলকাতা বন্দর। ভাগীরথী-হুগলি নদী দিয়ে জাহাজ ঢোকে কলকাতায়। কিন্তু নদীটায় পলি জমে ভরাট হয়ে আসছিল। ভারতের হাতে সমাধান ছিল সোজা: গঙ্গার পানির একটা অংশ ঘুরিয়ে এই নদীতে ঠেলে দাও, তাহলে বন্দরের নাব্য টিকে থাকবে।

আইডিয়াটা ব্রিটিশ আমলের। ১৯৫১ সালে ভারত ফারাক্কায় বাঁধ দেওয়ার পরিকল্পনা প্রকাশ করল, আর তখনকার পূর্ব বাংলা থেকে তৎক্ষণাৎ আপত্তি উঠল। পাকিস্তান সরকারও এর বিরোধিতা করেছিল।

ষাটের দশকে দুই পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক আর তথ্য আদান-প্রদান হলো, কিন্তু ১৯৬১ সালের ৩০ জানুয়ারি নাগাদ পাকিস্তানকে জানিয়ে দেওয়া হলো, ফারাক্কায় নির্মাণকাজ শুরু হয়ে গেছে।

তারপর একাত্তর। দেশ স্বাধীন হলো। কিন্তু বাঁধ রয়ে গেল সেখানেই। ফারাক্কা ব্যারাজ আড়াই কিলোমিটারের কাছাকাছি লম্বা; আর বাংলাদেশ সীমান্তের খুব কাছেই; সূত্রভেদে সীমান্ত থেকে ১০ থেকে ২০ কিলোমিটার উজানে।

এবার ১৯৭৫ সালের গল্পটা বলি। কারণ, আজকের অবিশ্বাসের একটা বড় শিকড় এখানেই। বাংলাদেশ রাজি হয়েছিল পরীক্ষামূলকভাবে ২১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত, মোটামুটি ৪১ দিন ফারাক্কার ফিডার ক্যানেলে পানি তোলা হবে।

ফারাক্কা দিবস: ৩০ বছরের চুক্তি শেষে এবার কি ন্যায্য পানি পাবে বাংলাদেশ?
ফারাক্কা বাঁধ যেভাবে দুই পারের মানুষকেই কাঁদাচ্ছে

বণিক বার্তার একটি প্রতিবেদনের ভাষ্যমতে, ঠিক হয়েছিল, প্রতি ১০ দিনে ভারত ১১ থেকে ১৬ হাজার কিউসেক পানি তুলবে, বাকি ৩৯ থেকে ৪৪ হাজার কিউসেক বাংলাদেশের জন্য থাকবে।

কিন্তু বাংলাদেশি ভাষ্য এবং একাধিক বিশ্লেষণ বলছে, ভারত ফারাক্কা চালু করে দিল একতরফাভাবে, সেই পরীক্ষার মেয়াদের শর্তকে তোয়াক্কা না করেই। উদ্বোধনের অনুষ্ঠানে বাংলাদেশ ছিলই না। অর্থাৎ সম্পর্কের শুরুটাই হলো সন্দেহ নিয়ে।

প্রভাবটা কেমন পড়ল? আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞদের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ওয়াটার রিসোর্সেস অ্যাসোসিয়েশন (আইডব্লিউআরএ)–এর কার্যবিবরণীতে উপস্থাপিত একটি গবেষণা প্রবন্ধের হিসাব বলছে, ফারাক্কা-পরবর্তী ১৯৭৫-৮৮ সময়ে শুষ্ক মৌসুমে গঙ্গার মাসিক গড় প্রবাহ ফারাক্কা-পূর্ব দশকের তুলনায় নভেম্বরে ২৫ শতাংশ, ডিসেম্বরে ৪০ শতাংশ, জানুয়ারিতে ৫৪ শতাংশ আর ফেব্রুয়ারিতে ৫৭ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল।

মানে এমন নয় যে পানি একটু কমল। শুকনো মৌসুমের পদ্মা প্রায় অর্ধেক হয়ে গেল।
এ সময়ে যা যা ঘটল, সবই আসলে ভাসানীর সেই মিছিলের পেছনের পটভূমি।

১৯৭৬ সালে বাংলাদেশ ইস্যুটা জাতিসংঘ সাধারণ পরিষদে তুলল। সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের (আইএসএএস) একটি বিশ্লেষণ বলছে, সেখানে ঐকমত্যের ভিত্তিতে একটি বিবৃতিও এসেছিল।

আন্তর্জাতিক চাপ আর ঘরোয়া আন্দোলন—দুটো মিলিয়েই ভারত আলোচনার টেবিলে এল।

১৯৭৭: যে চুক্তিতে ছিল ৮০ শতাংশের নিশ্চয়তা

১৯৭৭ সালের ৫ নভেম্বর দুই দেশ একটি চুক্তি সই করল। তখন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

ভারতের পক্ষে সই করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরজিৎ সিং বারনালা, বাংলাদেশের পক্ষে রাষ্ট্রপতির উপদেষ্টা পরিষদের সদস্য রিয়ার অ্যাডমিরাল মোশাররফ হোসেন খান। চুক্তিটার নাম অ্যাগ্রিমেন্ট। এটি কিন্তু ট্রিটি নয় এবং এটির মেয়াদ ছিল পাঁচ বছর।

এই চুক্তির আসল সম্পদ ছিল একটা ধারা, যেটাকে লোকে বলে ‘গ্যারান্টি ক্লজ’। কথাটা খুব সরল।

১৯৪৮ থেকে ১৯৭৩ সালের প্রবাহের তথ্যের ওপর ভিত্তি করে ১০ দিনের পর্ব ধরে একটা তালিকা করা হলো, কোন সময় ফারাক্কায় কত পানি আসার কথা আর কে কতটা পাবে।

আর ধারাটা বলছে, কোনো ১০ দিনে যদি প্রবাহ এতটাই কমে যায় যে বাংলাদেশের ভাগ নির্ধারিত পরিমাণের ৮০ শতাংশের নিচে নেমে যায়, তবু বাংলাদেশকে ওই ৮০ শতাংশের কম দেওয়া যাবে না।

অর্থাৎ নদীতে পানি কম থাকলে ক্ষতিটা শুধু বাংলাদেশের ঘাড়ে পড়বে না, সেটা ভাগাভাগি হবে। সংকটের সময় নিচের দিকের দেশের জন্য এটাই ছিল রক্ষাকবচ।

এই ৮০ শতাংশের নিশ্চয়তাটার কথাটা মনে রাখুন। কারণ, পরের গল্পে এটাই উধাও হয়ে যাবে, আর আজকের আলোচনার একটা বড় অংশ ঘুরছে ঠিক এই হারানো ধারাটাকে ঘিরেই।

১৯৪৮ থেকে ১৯৭৩ সালের প্রবাহের তথ্যের ওপর ভিত্তি করে ১০ দিনের পর্ব ধরে একটা তালিকা করা হলো, কোন সময় ফারাক্কায় কত পানি আসার কথা আর কে কতটা পাবে। আর ধারাটা বলছে, কোনো ১০ দিনে যদি প্রবাহ এতটাই কমে যায় যে বাংলাদেশের ভাগ নির্ধারিত পরিমাণের ৮০ শতাংশের নিচে নেমে যায়, তবু বাংলাদেশকে ওই ৮০ শতাংশের কম দেওয়া যাবে না।

১৯৮২ থেকে ১৯৯৬: গ্যারান্টি উধাও, তারপর চুক্তিহীন শূন্যতা

পাঁচ বছর পর, ১৯৮২ সালে, ওই চুক্তির মেয়াদ ফুরোল। ঢাকায় তখন ক্ষমতায় হুসেইন মুহম্মদ এরশাদ। ১৯৮২ সালের ৭ অক্টোবর দুই দেশ আবার সই করল।

এবার আর ‘চুক্তি’ নয়, এবার হলো সমঝোতা স্মারক বা এমওইউ। মেয়াদ ১৯৮৩ ও ১৯৮৪ সালের জন্য।

স্মারকে দুই দেশ ঠিক করল, নদীর প্রবাহ বাড়ানোর উপায় খুঁজবে। কিন্তু ভারত ৮০ শতাংশের গ্যারান্টি দিতে রাজি হলো না।

আইএসএএসের বিশ্লেষণ বলছে, ওই স্মারকে ঢাকা গ্যারান্টি ক্লজ বাদ দিতে সম্মত হয়। ঠিক হয়, ঘাটতি বা উদ্বৃত্ত যা-ই হোক, দুই দেশ সমানুপাতিক হারে ভাগ করে নেবে।

বিষয়টা একটু সহজ করে বলার চেষ্টা করি। ধরুন, দুজনে একটা দুধের হাঁড়ি ভাগ করে নিলেন। আগের নিয়ম ছিল, দুধ যতই কম পড়ুক, আপনি অন্তত নিজের ভাগের ৮০ শতাংশ পাবেনই। নতুন নিয়ম হলো, কম পড়লে দুজনেই আনুপাতিক হারে কম পাবেন।

বাংলাদেশ কেন এখনো নদীবিষয়ক জাতিসংঘ সনদে স্বাক্ষর করছে না
গঙ্গা ব্যারাজ সম্পর্কে উত্থাপিত ১০ প্রশ্নের উত্তর কোথায়

শুনতে ন্যায্য লাগে, তাই না? কিন্তু যে ঘরে ওই দুধই একমাত্র সম্বল, তার কাছে ‘আনুপাতিক কম’ মানে প্রায় না খেয়ে থাকা। আর যার ঘরে আরও খাবারের উপায় আছে, তার কাছে ওটা একটু অসুবিধামাত্র।

ভাটির দেশ আর উজানের দেশের হিসাবটা ঠিক এমনই।

১৯৮৪ সালে দিল্লিতে ক্ষমতায় এলেন রাজীব গান্ধী। ‘আউটলুক’–এর একটি প্রতিবেদন বলছে, তিনি কর্মকর্তাদের বিষয়টা সহানুভূতির চোখে দেখতে বলেছিলেন, স্মারকের মেয়াদও বাড়ানো হয়; কিন্তু কার্যত কিছুই হয়নি।

১৯৮৫ সালে কোনো সমঝোতা না থাকায় সে বছর গঙ্গার প্রবাহ ভাগই হয়নি। নভেম্বরে আরেকটা স্মারক সই হলো ১৯৮৬ থেকে ১৯৮৮ সালের জন্য। আর ১৯৮৮ সালে সেটাও ফুরাল।

তারপর? তারপর আর কিছু নেই। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস)–এর বিশ্লেষণ বলছে, ১৯৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত গঙ্গার পানি ভাগাভাগির কোনো আনুষ্ঠানিক ব্যবস্থাই ছিল না।

বণিক বার্তার প্রতিবেদন অনুযায়ী চুক্তির বাধ্যবাধকতা না থাকায় ভারত আগের চেয়ে বেশি পানি তুলে নিতে থাকে।

ফারাক্কা বাঁধ।

এর মধ্যে ১৯৮৮ সালে বাংলাদেশ এমন ভয়াবহ বন্যায় ডুবল যে দেশের প্রায় দুই-তৃতীয়াংশ পানির নিচে চলে গেল।

নদীর কী বিচিত্র খেলা দেখুন: বর্ষায় ডুবি, শুকনোয় শুকাই। ১৯৯৩ সালে ঢাকা ইস্যুটা আবার জাতিসংঘ সাধারণ পরিষদ আর কমনওয়েলথে তুলল।

আন্তর্জাতিক ভূরাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান জিওপলিটিক্যাল মনিটরের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেখানে বলেছিলেন, ফারাক্কা চালুর সময় ভারতের দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি।

চুক্তিহীন সেই বছরগুলোয় ঠিক কী হয়েছিল, তার একটা ছবি পাওয়া যায় পরিবেশ সংগঠন রিভারাইন পিপলের নদীবিশেষজ্ঞ শেখ রোকনের কথায়।

এএফপিকে তিনি বলেছেন, ওই সময় অন্তত তিনটি নদী প্রায় শুকিয়ে গিয়েছিল। এর একটি গড়াই, যে নদী সুন্দরবনে মিঠাপানি পৌঁছে দেয় আর লবণাক্ততা ঠেকিয়ে রাখে।

দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প গঙ্গা-কপোতাক্ষ (জি-কে) পানির অভাবে অকেজো হয়ে পড়েছিল।

প্রকল্পটা বানানোই হয়েছিল ৯৫৫ বর্গকিলোমিটার জমিতে সেচ দেওয়ার জন্য, যা বার্লিন শহরের চেয়েও বড় এলাকা।

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে ন্যায্য পানির হিস্যা ও সম্মানজনক সহাবস্থানের দাবিতে ‘নাগরিক সমাজ’-এর মানববন্ধন। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। ২৩ মে ২০২৬।

১৯৯৬: বাতাসটা অন্য রকম বইল

এবার ১৯৯৬। আইএসএএসের বিশ্লেষক অমিত রঞ্জনের ভাষ্য, এই চুক্তি মূলত সম্ভব হয়েছিল তিনটা কারণে: ঢাকায় দিল্লির চোখে বন্ধুভাবাপন্ন একটা সরকার নির্বাচিত হয়েছিল; দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের নামে পরিচিত নীতি, যেখানে প্রতিবেশীর কাছ থেকে বিনিময়ে কিছু না চেয়েই উদারতা দেখানোর কথা বলা হতো; আর পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সমর্থন।

কলকাতা বন্দরের স্বার্থ যে রাজ্যের, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজি না হলে কিছুই এগোত না।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া চুক্তিতে সই করলেন। মূল কথাগুলো মোটামুটি এই:

  • চুক্তির মেয়াদ ৩০ বছর (ধারা ১২), পারস্পরিক সম্মতিতে নবায়ন করা যাবে। অর্থাৎ ধরে নিয়ে বসে থাকলে চলবে না, সম্মতি লাগবে।

  • শুষ্ক মৌসুমে ১০ দিন করে পর্ব ধরে ফারাক্কার পানি ভাগ হবে।

  • ফারাক্কায় প্রবাহ ৭০ হাজার কিউসেকের নিচে নামলে দুই দেশ ৫০ শতাংশ করে পাবে। প্রবাহ ৭০ থেকে ৭৫ হাজারের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে নির্দিষ্ট ৩৫ হাজার কিউসেক।

  • ১১ মার্চ থেকে ১০ মে, সবচেয়ে সংকটের সময়টায়, তিনটা ১০ দিনের পর্বে পালা করে দুই দেশই ৩৫ হাজার কিউসেক করে পাওয়ার নিশ্চয়তা পায়।

  • কোনো ১০ দিনে প্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নামলে সঙ্গে সঙ্গে জরুরি আলোচনায় বসতে হবে (ধারা ২ (৩))।

রাজশাহীর উজিরপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে পদ্মা নদীর তীরবর্তী জলাভূমির ওপরের দৃশ্য। ছবিটি ১৩ অক্টোবর ২০২৬ তোলা।

কী নেই

১৯৭৭ সালের ওই ৮০ শতাংশের গ্যারান্টি নেই। বিরোধ মেটানোর জন্য সালিশের ধারাও নেই।

আর এএফপির প্রতিবেদন মনে করিয়ে দিচ্ছে, চুক্তিতে স্বয়ংক্রিয় নবায়নের কোনো ধারা নেই। আরও একটা মজার তথ্য আছে।

ওই আলোচনায় বাংলাদেশের পক্ষে যিনি ছিলেন, সেই সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহান পরে বলেছেন, সালিসের ধারা না রাখার বিনিময়ে ভারত বাংলাদেশের ভেতরে পদ্মার ওপর একটা ব্যারাজ বানিয়ে দেওয়ার কথা দিয়েছিল।

সেই ব্যারাজ আর হয়নি।

এখন ভাবুন, বাংলাদেশ নিজের টাকায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করেছে চলতি বছরের মে মাসে। তিন দশক পর সেই ব্যারাজ বানানোর ভার নিজের কাঁধেই এসে পড়ল।

১৯৭৭ সালে যিনি রাষ্ট্রপতি ছিলেন, সেই জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান আজ প্রধানমন্ত্রী। অর্থাৎ ৮০ শতাংশের গ্যারান্টিওয়ালা চুক্তির সময়ের নেতার উত্তরসূরির হাতেই এখন ৩০ বছরের চুক্তি নবায়নের দায় পড়েছে।

২০২৬: ঘড়ির কাঁটা ঘুরছে

আজকের কথায় আসি। চুক্তির মেয়াদ ফুরাবে ১২ ডিসেম্বর। এএফপির প্রতিবেদন মনে করিয়ে দিচ্ছে, চুক্তিতে স্বয়ংক্রিয় নবায়নের কোনো ধারা নেই। আর ধারা ১২ বলছে, নবায়ন হবে পারস্পরিক সম্মতিতে।

সোজা বাংলায় মানে দাঁড়ায়, দুই দেশ যদি নতুন করে কিছু সই না করে, তাহলে ১২ ডিসেম্বরের পর ফারাক্কার পানি ভাগের কোনো আইনি কাঠামোই থাকছে না।

এর ফলে আমরা ঠিক ১৯৮৮-এর পরের সেই শূন্য সময়ে ফিরে যেতে পারি। প্রশ্ন হলো, ঢাকা কী করছে? জানা যাচ্ছে, বাংলাদেশ সরকার একটা কারিগরি কমিটি গড়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এই কমিটির প্রধান।

এএফপিকে তিনি বলেছেন, বাংলাদেশের দরকার ‘পারস্পরিক সুবিধা ও সম্মানের’ ভিত্তিতে একটা নতুন চুক্তি।

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তিনি চান গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি চুক্তি। এখন পর্যন্ত হওয়া বৈঠকের ভিত্তিতে তাঁর আশা, মেয়াদ ফুরানোর আগেই চুক্তি সম্পন্ন হবে।

জয়েন্ট রিভারস কমিশনের (জেআরসি) সাবেক বাংলাদেশি সদস্য মালিক ফিদা এ খান বলছেন, ভারত উজানে ‘বাড়তি বাঁধ’ বানিয়েছে।

প্রশ্ন হলো, ঢাকা কী করছে? জানা যাচ্ছে, বাংলাদেশ সরকার একটা কারিগরি কমিটি গড়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এই কমিটির প্রধান। এএফপিকে তিনি বলেছেন, বাংলাদেশের দরকার ‘পারস্পরিক সুবিধা ও সম্মানের’ ভিত্তিতে একটা নতুন চুক্তি। পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তিনি চান গ্যারান্টি ক্লজসহ দীর্ঘমেয়াদি চুক্তি। এখন পর্যন্ত হওয়া বৈঠকের ভিত্তিতে তাঁর আশা, মেয়াদ ফুরানোর আগেই চুক্তি সম্পন্ন হবে।

তাই এবারের চুক্তিতে জলবায়ু পরিবর্তনের বিষয় আর পুরো অববাহিকার হিসাব থাকতে হবে।

এবার দিল্লির দিকে তাকাই। ‘আউটলুক’–এর প্রতিবেদন অনুযায়ী ৪ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নবায়ন নিয়ে যা কিছু আলোচনা হবে, তা হবে বিদ্যমান দ্বিপক্ষীয় ব্যবস্থার মধ্য দিয়ে, মানে জেআরসির মাধ্যমে।

২৯ সেপ্টেম্বর মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গঙ্গা চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠক চলছেই (আইএসএএস)।

অথচ বাংলাদেশি গণমাধ্যমের খবর, ঢাকা গত জুন থেকে একাধিকবার ভারতকে জানালেও সাড়া পায়নি। এএফপি বলছে, জেআরসির সর্বশেষ কারিগরি বৈঠক হয়েছে মে মাসে, আর সর্বশেষ নিশ্চিত মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছিল ২০২২ সালে, তা–ও ১২ বছরের বিরতির পর।

এএফপির ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক তেতো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পানি চুক্তির মেয়াদ ফুরানোর আগে ভারতে যেতে পারেন বলে শোনা যাচ্ছিল। এখন তা–ও শোনা যাচ্ছে না।

সিন্ধুর ছায়া: কাগজের চুক্তি কি যথেষ্ট?

একটা কথা আমাদের এ আলোচনায় এড়িয়ে গেলে ছবিটা অসম্পূর্ণ থাকে। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হয়। পরদিন, ২৩ এপ্রিল, ভারত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি ‘স্থগিত’ (অ্যাবিয়েন্স) রাখার ঘোষণা দেয়।

ভারতের ভাষ্য, পাকিস্তান সীমান্তপারের সন্ত্রাসে সমর্থন বন্ধ না করা পর্যন্ত এ অবস্থান বহাল থাকবে।

পরে কোর্ট অব আরবিট্রেশন সর্বসম্মতিক্রমে রায় দেয়, চুক্তি এভাবে স্থগিত করা চুক্তি বা আন্তর্জাতিক আইন, কোনোটিতেই অনুমোদিত নয়, তাই চুক্তি পুরোপুরি কার্যকর আছে। ভারত সরকার সেই রায় প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, আদালতের এ বিষয়ে ‘কোনো এখতিয়ারই নেই’ (দ্য ট্রিবিউনের প্রতিবেদন)।

বলতে পারেন, এটা তো পাকিস্তানের গল্প। এতে বাংলাদেশের কী? আছে। এখানে দুই ধরনের শিক্ষা আছে।

প্রথমত, সাউথ এশিয়ান ভয়েসেসের একটি বিশ্লেষণ বলছে, সিন্ধু চুক্তির এই দীর্ঘ স্থগিতাবস্থা ভারতের পানি-সংক্রান্ত প্রতিশ্রুতির ওপর বাংলাদেশের আস্থা কমিয়ে দিতে পারে।

দ্বিতীয়ত, সিন্ধু চুক্তিতে আদালত আছেন, রায়ও এসেছে, কিন্তু রায় মানা হচ্ছে না। আর গঙ্গা চুক্তিতে তো সেই আদালতই নেই!

অর্থাৎ শুধু কাগজের ধারার ওপর ভরসা করলে চলবে না, আবার ধারা ছাড়া শুধু সদিচ্ছার ওপর ভরসা করাও ঝুঁকিপূর্ণ। দুটোই লাগবে।

সংসদে ভাষণে কি রক্তাক্ত পদ্মার চর শান্ত হবে
সেই পদ্মা আর এই পদ্মার মাঝখানে হারিয়ে গেল কত কিছু

ন্যায্যতার খাতিরে বলে রাখি, দুই ঘটনা এক নয়। সিন্ধুর ক্ষেত্রে ভারতের দেওয়া কারণ নিরাপত্তা আর সন্ত্রাস, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপট আলাদা।

তবে দিল্লি যে পানি নিয়ে কঠিন অবস্থান নিতে প্রস্তুত, সেই সংকেতটা ঢাকার মাথায় নেওয়া উচিত।

শুরুতে বলেছিলাম ভাসানীর কথা। ১৯৭৬ সালে তিনি রাস্তায় নেমেছিলেন, কারণ তখন আর কোনো রাস্তাই খোলা ছিল না।

২০২৬ সালে আমাদের হাতে কমিটি আছে, কমিশন আছে, উপদেষ্টা আছে, মন্ত্রিপর্যায়ের যোগাযোগ আছে। সবই আছে, শুধু সময় নেই।

আজ পায়ে হেঁটে ফারাক্কা অভিমুখে যাওয়ার বাস্তবতা হয়তো নেই। তবে ভাসানীর সেই গল্পটা মনে রাখা জরুরি। মনে রাখা জরুরি, ১৯৭৭ সালে ৮০ শতাংশের নিশ্চয়তা এসেছিল, ১৯৮২ সালে সেটা চলে গেল, ১৯৮৮ থেকে ১৯৯৬ পর্যন্ত শূন্যতা গেল, আর ১৯৯৬ সালে গ্যারান্টি ছাড়াই ৩০ বছরের একটা চুক্তি হলো।

এই ইতিহাস আমাদের শেখায়, নদীর ওপর অধিকার একবার আদায় করে নিলেই চিরকালের জন্য নিরাপদ হয় না। প্রতিবার নতুন করে লড়তে হয়। এবারের লড়াইটা রাস্তায় নয়, টেবিলে।

আমাদের সামনে এখনও সেই প্রশ্ন দাঁড়িয়ে আছে, ‘দ্যাশের রাজনীতির কী হালচাল? আমরা কি পানি পাব?’

  • সারফুদ্দিন আহমেদ প্রথম আলোর সহকারী সম্পাদক।
    ই–মেইল: sarfuddin2003@gmail.com

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।