গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৮:৫৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০২:০৯ এএম

এআইয়ের প্রভাবে প্রাথমিক স্তরে কমছে চাকরি, তাহলে পরবর্তী সিইও কিভাবে হবেন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এআইয়ের প্রভাবে প্রাথমিক স্তরে কমছে চাকরি, তাহলে পরবর্তী সিইও কিভাবে হবেন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে প্রারম্ভিক পর্যায়ে (এন্ট্রি লেভেল) কর্মী নিয়োগ কমাতে পারে প্রতিষ্ঠানগুলো। এতে ভবিষ্যতে দক্ষ ব্যবস্থাপক ও নেতৃত্ব তৈরির সংকট দেখা দিতে পারে। কারণ, কর্মজীবনের শুরুতে বাস্তব কাজ, ভুল থেকে শিক্ষা এবং অভিজ্ঞদের পরামর্শ পেয়ে নিজেকে তৈরি করার সুযোগ কমে গেলে ভবিষ্যতে অভিজ্ঞ কর্মীর ঘাটতি তৈরি হতে পারে।

শুরুতেই কাজ শেখার সুযোগ কমলে সংকট বাড়বে

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ইকোনমি ল্যাব ২০২৬ সালের আগস্টে একটি বিশ্লেষণ প্রকাশ করে। এতে দেখা যায়, এআইয়ের প্রভাব বেশি এমন পেশায় ২২ থেকে ২৫ বছর বয়সী কর্মীদের কর্মসংস্থান ২০২৬ সালের জুন পর্যন্ত তুলনামূলক কমেছে।

যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত এক গবেষণায়ও এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, চ্যাটজিপিটি চালুর পর কম্পিউটারবিজ্ঞান ও সফটওয়্যার-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকদের পড়াশোনা শেষে দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনা কমেছে।

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের চাকরি, আবেদন ৮ ডিসেম্বর পর্যন্ত

জুনিয়র কর্মীদের অভিজ্ঞতাই ভবিষ্যতের নেতৃত্বের ভিত্তি

প্রারম্ভিক পর্যায়ের চাকরিতে কর্মীরা শুধু প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজই করেন না, একই সঙ্গে পেশাগত বিচারবোধও গড়ে তোলেন। যেমন, একজন নবীন বিশ্লেষক যখন কোনো ব্যবসায়িক পূর্বাভাস তৈরি করেন, তখন তাঁর ব্যবহৃত তথ্য ও অনুমানের ভুল ধরিয়ে দিতে পারেন অভিজ্ঞ ব্যবস্থাপক।

এআই দিয়ে একই কাজ দ্রুত করানো গেলে প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে সময় ও খরচ বাঁচাতে পারে। কিন্তু নবীন কর্মী যদি কাজটি করার সুযোগই না পান, তাহলে তাঁর শেখার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে। এভাবে দীর্ঘ মেয়াদে দক্ষ কর্মী তৈরির পথ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বেসরকারি চাকরিতে বেতন ‘আলোচনা সাপেক্ষে’, দর-কষাকষি কীভাবে করবেন চাকরিপ্রার্থীরা

প্রযুক্তিপ্রতিষ্ঠান আইবিএমের মানবসম্পদ বিভাগের প্রধান নিকল লামোরোও এ বিষয়ে সতর্ক করেছেন। তাঁর মতে, প্রারম্ভিক পর্যায়ে নিয়োগ কমিয়ে দিলে স্বল্প মেয়াদে ব্যয় সাশ্রয় হতে পারে। কিন্তু পরবর্তী সময়ে মধ্যম পর্যায়ের অভিজ্ঞ কর্মীর ঘাটতি তৈরি হতে পারে। কারণ, ভবিষ্যতের ব্যবস্থাপক বা নির্বাহীরা নেতৃত্ব দেওয়ার দক্ষতা নিয়ে কর্মজীবনে প্রবেশ করেন না। বরং তারা ধীরে ধীরে তৈরি হন।

দীর্ঘ মেয়াদে দক্ষ নেতৃত্ব তৈরি করতে হলে এআই দিয়ে কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি কর্মীদের অভিজ্ঞতা অর্জনের পথও খোলা রাখতে হবে। তা না হলে আজ নিয়োগ ও প্রশিক্ষণে ব্যয় কমানোর সিদ্ধান্ত ভবিষ্যতে দক্ষ ব্যবস্থাপক ও নেতৃত্বের ঘাটতি তৈরি করতে পারে।

প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরা

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।