গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৩:০০ এএম

‘জানি না, মেয়েকে শ্মশানে রেখে কীভাবে কাজে যাব’

জাতীয়
গণমাধ্যম ডেক্স
‘জানি না, মেয়েকে শ্মশানে রেখে কীভাবে কাজে যাব’

‘জানি না, মেয়েকে শ্মশানে রেখে কীভাবে কাজে যাব। কারণ, ঘর থেকে বের হওয়ার সময় বাবা বলে জড়িয়ে ধরত সে।’

কথাগুলো বলছিলেন সুমন দত্ত (৪২)। গত শনিবার সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তাঁর মেয়ে জয়শ্রী দত্তের মৃত্যু হয়েছে। সে চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় শাহীন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সুমন দত্ত হালিশহরের কে ব্লক এলাকায় আমানত টেইলার্স নামের একটি প্রতিষ্ঠান চালান। সেখানে মা, ভাই ও নিজের পরিবার নিয়ে বসবাস করেন তিনি। জয়শ্রী ছিল তাঁর মেজ সন্তান। বড় ছেলে দুর্জয় দত্ত আনোয়ারা কলেজে স্নাতকে পড়েন। আর যমজ মেয়ে দিয়া ও রিয়ার বয়স সাত বছর। তারা কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।

সুমন দত্ত নগরে থাকলেও তাঁর গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কেঁয়াগড় গ্রামের পশ্চিম পাড়ায়। গতকাল রোববার বেলা ১১টা দিকে দেখা যায়, মূল সড়ক থেকে ৫০ গজ দূরে সুমন দত্তের বাড়ি। বাড়িতে ঢুকতেই চোখে পড়ে বারান্দায় বসে কাঁদছেন সুমনের মা প্রতিমা দত্ত (৬৫) ও স্ত্রী মিতা দত্ত (৩৬)।

এর মধ্যে সুমনের মুঠোফোনে একের পর এক কল আসতে দেখা যায়। একবার তাঁকে মুঠোফোন ধরে বলতে শোনা যায়, ‘ভাই, তোদের বলতে পারিনি, আমার বর্ষা (জয়শ্রী দত্ত) মারা গেল। রহমানকে বলিস।’

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি ২৬ অক্টোবর কাপ্তাইয়ে স্বজন নন্দিতা দত্তের বিয়েতে অংশ নেয় সুমন দত্তের পরিবার। সেখানে কাপ্তাই হ্রদে নৌকায় সবার সঙ্গে হাসাহাসি ও খুনসুটিতে মেতে ছিল জয়শ্রী। বিয়ের অনুষ্ঠান শেষে ২৮ অক্টোবর চট্টগ্রাম নগরে ফেরার পর তার হালকা জ্বর আসে। সেদিনই তাকে নগরের বড়পুল এলাকার মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হয়।

ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগে কাপ্তাইয়ে বেড়াতে গেলে পরিবারের সঙ্গে সেলফি

ডেঙ্গু শনাক্ত হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে জয়শ্রীর। পরে গত বৃহস্পতিবার তাকে নগরের মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয়। পরে কেঁয়াগড় গ্রামে শনিবার সন্ধ্যায় তার সৎকার করা হয়।

সুমন বলেন, ‘হাসতে হাসতে রাঙামাটির কাপ্তাইয়ের বিয়েতে গেল। বিয়েতে আমার মেয়েটা কত আনন্দ করল, এভাবে চলে যাবে কখনো ভাবিনি।’

বাড়িতে গিয়ে একপর্যায়ে কথা হয় জয়শ্রীর দাদি প্রতিমা দত্তের সঙ্গে। নাতনির প্রসঙ্গ উঠতেই তিনি ছবি দেখিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘এমন লক্ষ্মী মেয়ে আসলে দুনিয়ায় থাকে না।’

পূজার আনন্দ ছিল না গ্রামে

গতকাল ছিল শ্যামাপূজা। প্রতিবছরের এবারও কেঁয়াগড় গ্রামে পূজার আয়োজন করা হয়েছে। জয়শ্রীদের বাড়ির পাশেই মন্দিরে মাইকে বাজছিল শ্যামাপূজার গান। কিন্তু উৎসবের আমেজ কেঁয়াগড় গ্রামে লক্ষ্য করা যায়নি। জয়শ্রীর মৃত্যুর শোক যেন পুরো এলাকায় নেমে এসেছে। পাড়ার শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের আলোচনায় এখন শুধু জয়শ্রীর স্মৃতি।

জয়শ্রীর প্রতিবেশী ও চাচাতো ভাই বাবলা দত্ত বলেন, ‘গ্রামের মাইকে শ্যামাগীতি বাজছে, কিন্তু গ্রামবাসীর মনে আনন্দ নেই। জয়শ্রীর মৃত্যু সবাইকে কাঁদিয়ে গেছে।’

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।