প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:৫৭ এএম || প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:২২ এএম
সড়ক দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে কমপক্ষে ৫ লাখ, অঙ্গহানিতে ৩ লাখ এবং আহত হওয়ার ধরন অনুযায়ী ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যাবে। এ জন্য দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে আবেদন করতে হবে। চাইলে ঘরে বসেই অনলাইনে বিআরটিএর নির্ধারিত পদ্ধতিতে আবেদন জমা দেওয়া যাবে।
বিআরটিএর ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। চালকসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যেকোনো ব্যক্তি অথবা তার পরিবার নির্ধারিত নিয়ম অনুসরণ করে এ সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বিআরটিএ।
সংস্থাটি জানিয়েছে, সড়ক দুর্ঘটনার পর নির্ধারিত নিয়মে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে অনুমোদিত আর্থিক সহায়তার অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পাঠানো হবে।
কোন ক্ষেত্রে কত টাকা সহায়তা পাওয়া যাবে?
বিআরটিএর নির্ধারিত নিয়ম অনুযায়ী, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পরিমাণ হলো-
মৃত্যুর ক্ষেত্রে: কমপক্ষে ৫ লাখ টাকা।
অঙ্গহানির ক্ষেত্রে: কমপক্ষে ৩ লাখ টাকা।
গুরুতর আহত হলে: স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে কমপক্ষে ৩ লাখ টাকা।
আহত হলে: স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে কমপক্ষে ১ লাখ টাকা।
যেভাবে আবেদন করবেন
আর্থিক সহায়তা পেতে দুর্ঘটনা ঘটার ৯০ দিনের মধ্যে চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর নির্ধারিত ফরম-৩২-এ আবেদন করতে হবে।
এ ছাড়া আবেদনকারীরা ঘরে বসেই অনলাইনে বিএসপি (বিআরটিএ সার্ভিস পোর্টাল)-এর মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।
তবে আবেদনের ক্ষেত্রে সময়সীমা মেনে চলা জরুরি। বিধিমালা অনুযায়ী, দুর্ঘটনা ঘটার ৯০ দিন পার হয়ে গেলে আর আবেদন করার সুযোগ থাকবে না।
যেভাবে পৌঁছাবে সহায়তার টাকা
বিআরটিএ জানিয়েছে, আবেদন অনুমোদিত হলে নির্ধারিত আর্থিক সহায়তার অর্থ আবেদনকারীর নিজ নিজ ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে সরাসরি পাঠানো হবে।
অর্থাৎ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবারকে সহায়তার অর্থ পেতে সংশ্লিষ্ট নিয়ম অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স