টানা পঞ্চমবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ অ্যাওয়ার্ড অর্জন করল দেশের বৃহত্তম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সকে এ অ্যাওয়ার্ড প্রদান করে ট্রাভেল বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর।’
ট্রাভেল ও এভিয়েশন বিষয়ক পাক্ষিক প্রতিষ্ঠানটি নিয়মিতই ট্রাভেলিং ও এভিয়েশন খাতে এই পদক প্রদান করে আসছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর আগে প্রথম ২০১৫ সালে এই পদক অর্জন করে। এরপর ২০২২ সাল থেকে শুরু করে টানা চলতি বছর পর্যন্ত যাত্রীসেবাসহ এভিয়েশন সংশ্লিষ্ট নানা খাতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার স্বীকৃতি ধরে রাখল ইউএস-বাংলা এয়ারলাইন্স।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ, আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন, বেস্ট ইমপ্রুভ্ড এয়ারলাইন্সের স্বীকৃতিও পেয়েছে দেশের বৃহৎ এই বিমানসংস্থাটি।
গত রোববার রাজধানীর একটি তারকা হোটেলে অনুষ্ঠিত বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসের রহমান এমপি। এ ছাড়াও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম অতিথিদের কাছ থেকে নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬ পদক গ্রহণ করেন।
এছাড়া বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড এবং বেস্ট শর্ট হোল, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউট স্ট্যান্ডিং কানেক্টটিভিটি সার্ভিস, বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার এ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। অতিথিদের কাছ থেকে বিভিন্ন ক্যাটাগরির পুরষ্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক-জনসংযোগ মোঃ কামরুল ইসলাম ও সেন্ট্রাল রিজার্ভেশন ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
মনিটর এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬ এর পুরষ্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে ইউএস-বাংলা এয়ারলাইন্স উত্তরোত্তর আরও ভালো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান বলেও তিনি মনে করেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স