প্রিন্ট এর তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম || প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ এএম
ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে আগুন দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাত দেড়টার দিকে ক্যাপ ও মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি চত্বরটিতে আগুন দিয়ে পালিয়ে যান। এতে স্মৃতিফলকটি পুড়ে গেছে।
এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কয়েকজন নেতা। পুড়ে যাওয়া সাগর চত্বরের নিচে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্যসচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাগর চত্বরে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ফায়ার সার্ভিসকে অবহিত করে ঘটনাস্থলে যায়।
অনশনস্থলে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করে বলেন, যেসব আওয়ামী সন্ত্রাসী পালিয়ে যায়নি এবং প্রশাসনের প্রটোকলে এখনো ময়মনসিংহে অবস্থান করছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে। সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা প্রমাণ করে, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা এখনো হুমকির মুখে রয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আমরণ অনশন অব্যাহত থাকবে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, রাত দেড়টার দিকে ক্যাপ ও মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি সাগর চত্বরে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টার দিকে নগরের মিন্টু কলেজ এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার স্মৃতি ধরে রাখতে আন্দোলনকারীরা ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে তার ছবি সংবলিত স্টিলের স্মৃতিফলক স্থাপন করেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স