|
| |
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

অমিতাভকে ঘুষি, ছয় বছর কাজ পাননি পুনীত!

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ০১:৩৪ পিএম
৪৩১ পঠিত
অমিতাভকে ঘুষি, ছয় বছর কাজ পাননি পুনীত!
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
‘কুলি’ সিনেমার শুটিংয়ের সেই দুর্ঘটনা বদলে দিয়েছিলো পুনীতের ক্যারিয়ার

একটি দুর্ঘটনা বদলে দিয়েছিল অভিনেতা পুনীত ইসারের ক্যারিয়ার। ১৯৮২ সালে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে একটি মারপিটের দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘটে সেই দুর্ঘটনা। ভুল সময়ে ঘুষি লাগায় গুরুতর আহত হন অমিতাভ। এরপর দীর্ঘদিন কাজের সংকটে ভুগেছেন পুনীত। চার দশকেরও বেশি সময় পর সেই অভিজ্ঞতা ও ক্যারিয়ারের কঠিন সময় নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। সম্প্রতি অমিত ভাটিয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে পুনীত জানান, দুর্ঘটনার পর ছয় বছর নিজের পছন্দমতো কাজ পাননি তিনি। বরং মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন এমন একজন হিসেবে, যিনি অমিতাভ বচ্চনকে প্রায় মেরে ফেলেছিলেন। পুনীত বলেন, ‘আমি বিশ্বাস করি, যা ঘটে, ভালোর জন্যই ঘটে। দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনাটি ঘটেছিল। এরপর ছয় বছর কাজ পাইনি, কিন্তু বিশ্বজুড়ে পরিচিত হয়ে গিয়েছিলাম। মানুষ আমাকে চিনত সেই ব্যক্তি হিসেবে, যে অমিতাভ বচ্চনকে প্রায় মেরে ফেলেছিল। এটি নিছক দুর্ঘটনা ছিল, ইচ্ছা করে এমনটা করিনি। অমিতজি একজন মহাতারকা, আর আমি তার বিশাল ভক্ত।’ দুর্ঘটনার কারণে কয়েকটি সিনেমা থেকেও বাদ পড়েছিলেন পুনীত। নিজের পছন্দের চরিত্রগুলোও পাননি। তবে এ নিয়ে কাউকে দোষারোপ করেন না তিনি। পুনীতের কথায়, ‘আমি যে ধরনের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম, সেগুলো পাইনি। কয়েকটি সিনেমা থেকেও বাদ পড়েছিলাম। তবে কাউকে দোষ দিই না। হয়তো এটাই আমার নিয়তি। এই অভিজ্ঞতা আমাকে আরও শক্ত করেছে।’ কঠিন সেই সময়ের পর পুনীতের ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয় বি আর চোপড়ার টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’। এতে দুর্যোধনের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। তবে মজার বিষয় হলো, শুরুতে তাকে ভীমের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন নির্মাতা বি আর চোপড়া। পুনীত নিজেই দুর্যোধনের চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন এবং সেই চরিত্রের জন্য অডিশন দেওয়ার বিষয়ে অনড় থাকেন। পুনীতের ভাষায়, ‘বি আর চোপড়া সাহাব চেয়েছিলেন আমি ভীমের চরিত্রে অভিনয় করি। কিন্তু আমি দুর্যোধনের চরিত্রে অডিশন দিতে চাইলে তিনি ও তার সহকর্মী অবাক হয়েছিলেন। আমি জোর দিয়েছিলাম, কারণ আমি দুর্যোধনকেই অভিনয় করতে চেয়েছিলাম। দর্শক চরিত্রটির সঙ্গে গভীরভাবে একাত্ম হতে পেরেছিলেন।’ দুর্যোধন চরিত্রে পুনীতের অভিনয় ভারতীয় টেলিভিশনে তার পরিচিতির অন্যতম ভিত্তি হয়ে ওঠে। যে অভিনেতাকে দীর্ঘদিন একটি দুর্ঘটনার কারণে পরিচিত হতে হয়েছিল, ‘মহাভারত’ তাকে নতুন পরিচয় দেয় অভিনয়ের মাধ্যমে। মনমোহন দেশাই পরিচালিত ‘কুলি’ সিনেমার শুটিং চলছিল বেঙ্গালুরুতে। একটি মারপিটের দৃশ্যে পুনীত ইসার ও অমিতাভ বচ্চন অভিনয় করছিলেন। দৃশ্যটির সময়ের সমন্বয় ঠিক না হওয়ায় অমিতাভের পেটে গুরুতর আঘাত লাগে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং একাধিক অস্ত্রোপচার করতে হয়। দীর্ঘদিন তার অবস্থা সংকটাপন্ন ছিল। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একপর্যায়ে কয়েক মিনিটের জন্য তাকে ‘ক্লিনিক্যালি ডেথ’ ঘোষণা করা হয়েছিল বলে পরে অমিতাভ নিজেই জানিয়েছেন। চিকিৎসকদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠেন তিনি। এনডিটিভি