|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১১:০১ এএম
১৯২ পঠিত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় মর্মাহত অমর্ত্য সেন, সহিংসতার বিরুদ্ধে বললেন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

শিক্ষাঙ্গনে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে  শক্তিশালী সুরক্ষাব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী গোষ্ঠীগুলোর অনুপ্রবেশের ঘটনায় হতবাক হয়েছেন বলে তিনি জানিয়েছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয় গ্লোবাল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা শুভেন্দু ভদ্রকে পাঠানো এক সংহতি বার্তায় সেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’।

গতকাল বৃহস্পতিবার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক সভায় পাঠ করে শোনানো হয় তাঁর বার্তা। সেই বার্তায় অমর্ত্য সেন বলেছেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলার খবর শুনে আমি হতবাক। রাজনৈতিক সহিংসতা থেকে মানুষকে রক্ষা করার প্রয়োজন রয়েছে। আমার দেশের অন্য সবার মতো, বিভিন্ন ক্যাম্পাসে অধ্যয়নরত শিক্ষার্থীদেরও সমর্থন প্রয়োজন।’

এই প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা স্মরণ করে এই অর্থনীতিবিদ বলেছেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়েই ৭০ বছর আগে আমি আমার শিক্ষকতা জীবন শুরু করেছিলাম। এই মহান বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার সংহতি অত্যন্ত গভীর।’

অমর্ত্য সেনের মতে, ‘সহিংসতা থেকে মুক্তি আমাদের সবার একটি অধিকার। যে সহিংসতা চালানো হয়েছে, তার পেছনের সাম্প্রদায়িক ভাবনার নিঃশর্ত নিন্দা প্রাপ্য।’

ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ( আরএসএস) সহযোগী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুপ্রবেশের চেষ্টা করে গত ১৯ আগস্ট। তখন স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই), ফেটসু, এইডসো এবং এসবিভিপি-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংঘর্ষ হয়। তার প্রেক্ষাপটেই অমর্ত্য সেনের এই বক্তব্য উঠে এসেছে।

গত ১৯ আগস্ট এবিভিপি এবং এসএফআইয়ের সদস্যদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, এর ঐতিহ্যবাহী প্রতীকের ক্ষতিসাধন এবং বহিরাগতদের অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটেছিল।

গত ৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গেরুয়া রঙের ‘সম্মান, পবিত্রতা, গৌরব ও শুদ্ধতা’ সমুন্নত রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে গোলপার্ক থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত একটি গেরুয়া পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন।

সূত্র: প্রথম আলো