|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান

টেস্ট বিশেষ প্রতিবেদক

টেস্ট বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২০ এএম
৪০৯ পঠিত
বাংলাদেশের পোশাক খাতে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে আহ্বান জানালেন তারেক রহমান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

জাপানের তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, প্রযুক্তিনির্ভর বস্ত্র ও টেকসই পোশাক উৎপাদনে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

বিনিয়োগ করলে ইউনিক্লোকে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খবর ইউএনবির

আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় টোকিওতে ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিনিয়োগের এই আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য জানান।

বাংলাদেশের ওপর ইউনিক্লোর আস্থার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির মূল কোম্পানির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কথাও উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কৃত্রিম তন্তু, কারিগরি বস্ত্র ও টেকসই পোশাক উৎপাদন। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে নতুনত্ব আনা, উন্নত উৎপাদনব্যবস্থা ও পরিবেশবান্ধব উৎপাদনের প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

তারেক রহমান বলেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে তাঁর সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। সে জন্য জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন ও অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক ছাড়পত্র পেতে প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করার আগ্রহের কথাও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ–জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্বের বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে এ চুক্তি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে উভয় পক্ষ।

বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অন্যদিকে জাপানের প্রতিনিধিদলে ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি, গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা ইয়োশিহিরো কুনি প্রমুখ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ১০ ক্রেতার একটি হচ্ছে ইউনিক্লো। গত ২০২৩–২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে ৭১ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে তারা। ওই বছর বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা ছিল এইচঅ্যান্ডএম। তারা ২৫৯ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছিল।

খোঁজ নিয়ে জানা যায়, ইউনিক্লোর মূল গ্রুপ ফাস্ট রিটেইলিং। বিভিন্ন দেশে তাদের ইউনিক্লো ছাড়া জিইউ, থিওরি, জে ব্র্যান্ডসহ মোট সাতটি ব্র্যান্ডের প্রায় সাড়ে তিন হাজার বিক্রয়কেন্দ্র আছে। বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের ২৪ দেশের বিক্রয়কেন্দ্রে বিক্রি করে ইউনিক্লো। গত ২০২৩–২৪ অর্থবছর ২৬টি পোশাক কারখানা তাদের পোশাক সরবরাহ করে। এর মধ্যে ৩২ শতাংশ করেছিল চট্টগ্রামের প্যাসিফিক জিনস গ্রুপ। কারখানাটি বাংলাদেশের শীর্ষ ১০ রপ্তানিকারক প্রতিষ্ঠানের একটি।

সূত্র: প্রথম আলো