মান্নাতের বারান্দায় চিরচেনা ভঙ্গিতে শাহরুখ খান, ভক্তদের উচ্ছ্বাস
গণমাধ্যম ডেক্স
প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ১০:২৭ এএম
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য বিশেষ এক আয়োজন। প্রতিবছর ২ নভেম্বর মুম্বাইয়ে তার বাড়ি মান্নাতের সামনে জড়ো হন অসংখ্য অনুরাগী। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজের ৬১তম জন্মদিনে বাড়ির বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানান শাহরুখ। তার চিরচেনা দুই হাত প্রসারিত করার ভঙ্গি দেখে উচ্ছ্বাস...
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য বিশেষ এক আয়োজন। প্রতিবছর ২ নভেম্বর মুম্বাইয়ে তার বাড়ি মান্নাতের সামনে জড়ো হন অসংখ্য অনুরাগী। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজের ৬১তম জন্মদিনে বাড়ির বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানান শাহরুখ। তার চিরচেনা দুই হাত প্রসারিত করার ভঙ্গি দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত ভক্তরা। জন্মদিনের উদযাপনের পাশাপাশি মধ্যরাতে মান্নাতের বাইরে বিশাল পর্দায় নতুন সিনেমার প্রচারণামূলক পোস্টার প্রকাশের মাধ্যমে শুরু হয়েছে ‘কিং’-এর আনুষ্ঠানিক প্রচার।
জন্মদিন উপলক্ষে অভিনেতার এক ঝলক দেখতে কয়েক ঘণ্টা আগেই মান্নাতের সামনে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। অনেকের হাতে ছিল প্রিয় অভিনেতার পোস্টার। কেউ কেউ তার জনপ্রিয় দুই হাত প্রসারিত করার ভঙ্গিও অনুকরণ করেন। পরে বারান্দায় এসে শাহরুখ হাত নেড়ে, উড়ন্ত চুমু ছুড়ে এবং পরিচিত ভঙ্গিতে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
জানা গেছে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে মুম্বাইয়ের একটি হোটেলে জন্মদিন উদ্যাপন করেন অভিনেতা। তবে বাড়ির সামনে অপেক্ষায় থাকা ভক্তদের নিরাশ করেননি তিনি। সাদা টি-শার্ট, নীল জিনস, মাথায় টুপি ও চোখে সানগ্লাস পরা শাহরুখের একটি ভিডিও প্রকাশ করেছে তার প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ভিডিওর সঙ্গে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘হৃদয়ের রাজা, ভালোবাসার রাজ্য নিয়ে।’
এদিকে শাহরুখের জন্মদিনের আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রচারণাও। মধ্যরাতের পর মান্নাতের বাইরের বিশাল পর্দায় সিনেমাটির প্রচারণামূলক পোস্টার প্রদর্শিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ছবিটির প্রচার কার্যক্রম।
ভক্তদের জন্য প্রকাশ করা হয়েছে সিনেমাটির ‘তু মিল যায়ে’ শিরোনামের একটি রোমান্টিক গানও। এতে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন। গানটির বিশেষ আকর্ষণ হলো, এর মাধ্যমে ভারতীয় সিনেমায় প্লেব্যাক গায়ক হিসেবে অভিষেক হচ্ছে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের। অরিজিৎ সিংয়ের সঙ্গে যৌথভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ ও মামতা আনন্দের মারফ্লিক্স পিকচার্স। সিনেমাটি ১৯৯৪ সালের ফরাসি চলচ্চিত্র ‘লিওঁ: দ্য প্রফেশনাল’ থেকে অনুপ্রাণিত বলে জানা গেছে।
ছবিতে শাহরুখকে দেখা যাবে একজন বয়স্ক ও দুর্ধর্ষ আততায়ী চরিত্রে। তার তরুণ শিষ্যের ভূমিকায় অভিনয় করছেন মেয়ে সুহানা খান। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ডানকি’র পর বড় পর্দায় এটিই শাহরুখের প্রথম সিনেমা।
‘কিং’ সিনেমায় আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়াল। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন ও কারিনা কাপুর খানকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
সূত্র: কালবেলা