|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

টেক্সাসে কি অবসান হচ্ছে কয়েক দশকের রিপাবলিকান আধিপত্য?

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:২১ এএম
৪২৪ পঠিত
টেক্সাসে কি অবসান হচ্ছে কয়েক দশকের রিপাবলিকান আধিপত্য?
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিনেট নির্বাচনে প্রাথমিক গণনায় এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জেমস ট্যালারিকো

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দীর্ঘদিনের রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসে সিনেট নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জেমস ট্যালারিকো। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকলেও এখনো কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। এপির তথ্য অনুযায়ী, প্রায় ৫৫ দশমিক ৩৩ শতাংশ ভোট গণনা শেষে ট্যালারিকো পেয়েছেন ৫৮ দশমিক ৮৬ শতাংশ ভোট, যা ৩৩ লাখ ৯৫ হাজার ৮ ভোটের সমান। অন্যদিকে কেন প্যাক্সটন পেয়েছেন ৩৯ দশমিক ৬১ শতাংশ বা ২২ লাখ ৮৪ হাজার ৬০৫ ভোট। লিবার্টারিয়ান পার্টির প্রার্থী টেড ব্রাউন পেয়েছেন ১ দশমিক ৫৪ শতাংশ বা ৮৮ হাজার ৭৮৫ ভোট। এখনো প্রায় ৪৫ শতাংশ ভোট গণনা বাকি রয়েছে। ফলে প্রাথমিক ফলাফলে ট্যালারিকো এগিয়ে থাকলেও চূড়ান্ত ফলাফল নিয়ে এখনই নিশ্চিত হওয়ার সুযোগ নেই। টেক্সাসে কয়েক দশক ধরে রাজ্যপর্যায়ের রাজনীতিতে রিপাবলিকান পার্টির আধিপত্য রয়েছে। এই সিনেট আসনে ২০০২ সাল থেকে প্রায় ২৪ বছর প্রতিনিধিত্ব করেছেন রিপাবলিকান সিনেটর জন কর্নিন। সামগ্রিকভাবে ১৯৯৪ সালের পর থেকে টেক্সাসে কোনো রাজ্যব্যাপী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পাননি। এমন প্রেক্ষাপটে প্রাথমিক গণনায় ট্যালারিকোর এগিয়ে থাকা রাজ্যটিতে রিপাবলিকানদের দীর্ঘদিনের আধিপত্য নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রাথমিক ফলাফলকে চূড়ান্ত ফল হিসেবে দেখার সুযোগ নেই। টেক্সাসে আগাম ভোট এবং অস্টিন, ডালাস ও হিউস্টনের মতো বড় শহরের ভোট সাধারণত আগে গণনা হয়। এসব এলাকায় ডেমোক্র্যাটদের সমর্থন তুলনামূলক বেশি। অন্যদিকে রাজ্যটির বিস্তীর্ণ গ্রামীণ এলাকাগুলো ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি। নির্বাচনের দিনের অবশিষ্ট ভোট এবং এসব এলাকার কেন্দ্রগুলোর গণনা শেষ হলে ভোটের ব্যবধান কমে যেতে পারে বা ফলাফলে পরিবর্তন আসতে পারে। তাই চূড়ান্ত ভোট গণনা ও সরকারি ফলাফল ঘোষণার আগে টেক্সাসে রিপাবলিকানদের দীর্ঘদিনের আধিপত্যের অবসান ঘটেছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।