|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

উদ্যোক্তাদের ঋণছাড়ে প্রতারণা: সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০২:৪৪ পিএম
৩০৭ পঠিত
উদ্যোক্তাদের ঋণছাড়ে প্রতারণা: সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে কয়েকটি চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এসব চক্র অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে কর্মসূচির সুবিধাভোগীসহ সংশ্...

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে কয়েকটি চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এসব চক্র অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে কর্মসূচির সুবিধাভোগীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কতিপয় ব্যক্তি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই এ কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার নিশ্চয়তা কিংবা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে কেন্দ্রীয় ব্যাংকের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। ফলে এ নামে কোনো ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতা সম্প্রসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত ১ নভেম্বর শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে এককালীন বিতরণ করা হবে। অনুদানের অর্থের জোগান দেওয়া হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

এর আগে, পরীক্ষামূলকভাবে দেশের আট জেলার ৬৪টি উপজেলায় এ কর্মসূচির আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হওয়া ওই পর্যায়ে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।

সূত্র: কালবেলা