|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নবম শ্রেণির মাসুমের অভিনয়ে চোখ ভিজল দর্শকের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০১:০০ এএম
১৬২ পঠিত
নবম শ্রেণির মাসুমের অভিনয়ে চোখ ভিজল দর্শকের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজশাহীর বাঘা উপজেলার অমরপুর গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মঞ্চস্থ হয় সামাজিক যাত্রাপালা ‘গরিবের আর্তনাদ’।

মঞ্চে উঠছে নবম শ্রেণির ছাত্র মাসুম। তার কানে কানে প্রথম সংলাপটি কীভাবে বলতে হবে, বুঝিয়ে দিচ্ছেন বাবা শাহাদুল ইসলাম। একটু পর নিজেও উঠবেন মঞ্চে, চূড়ামণি ঠাকুরের চরিত্রে। সঙ্গে আছেন ছোট ভাই আনারুল ইসলাম। তিনি অভিনয় করবেন হোসেন খাঁর ভূমিকায়। কোনো সম্মানী নেই। অভিনয়ের আনন্দেই ছেলেকে নিয়ে দুই ভাই এসেছেন যাত্রা করতে।

‘গরিবের আর্তনাদ’ পালায় দুই ভাই নিজ নিজ চরিত্রে দর্শকের মন জয় করলেন। আর গরিবের ছেলের ভূমিকায় মাসুমের অভিনয় দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না অনেকে।

রাজশাহীর বাঘা উপজেলার অমরপুর গ্রামে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে মঞ্চস্থ হয় সামাজিক যাত্রাপালা ‘গরিবের আর্তনাদ’। এর আগের রাতে ছিল ‘আপন দুলাল’। গ্রামবাসীর আয়োজনে দুই রাতের এই যাত্রা দেখতে কোনো টিকিট লাগেনি। আয়োজন ছিল সবার জন্য উন্মুক্ত।

এলাকায় এখন আর আগের মতো যাত্রা হয় না। তবে একসময় নিয়মিত পালায় অভিনয় করতেন, এমন অনেকে এখনো আছেন। তাঁরাই আবার মঞ্চে ফিরেছিলেন এই আয়োজন ঘিরে। স্থানীয় শিল্পীরা অভিনয় করলেও পোশাক, যন্ত্রশিল্পী, নারীশিল্পী ও রূপসজ্জাশিল্পী ভাড়া করে আনতে হয়েছে।

সাজঘরে রঙের ছোঁয়ায় বদলে যান তাঁরা
সাজঘরে তখন ব্যস্ত রূপসজ্জাশিল্পী মকলেসুর রহমান। তাঁর হাতের রঙের টানে কেউ হয়ে উঠছেন রাজা, কেউ সেনাপতি। কেউ নায়ক বা নায়িকা, কেউ আবার ঠাকুর। জয়পুরহাটের আক্কেলপুর থেকে এসেছেন ৬৬ বছর বয়সী মকলেসুর। জানালেন, ৩০ বছর বয়স থেকে এ কাজ করছেন। এত বছরের কাজের অভিজ্ঞতায় ঝুমুরযাত্রার বহু পালার সংলাপ তাঁর মুখস্থ হয়ে গেছে। দুই রাতের পালায় শিল্পীদের সাজিয়ে সম্মানী পাবেন ১ হাজার ৪০০ টাকা।

বাইরে থেকে আসা নারীশিল্পীদের সঙ্গে স্থানীয় অভিনয়শিল্পীদের ভালোভাবে মহড়া হয়নি। মঞ্চে তার ছাপও দেখা গেল। কখনো প্রবেশের সময় এদিক-সেদিক হচ্ছে, কখনো একজনের সংলাপ বলে ফেলছেন আরেকজন। সংলাপ ধরিয়ে দিতে প্রম্পটারকেও মাঝেমধ্যে চেঁচাতে হচ্ছে। তবে এসব নিয়ে দর্শকদের মাথাব্যথা নেই। নারী-পুরুষে মঞ্চের চারপাশ ঠাসা। অভিনয়ের অসংগতিও যেন তাঁদের আনন্দের অংশ হয়ে উঠেছে।

‘গরিবের আর্তনাদ’–এর দৃশ্য। প্রথম আলো

রানির খোঁজে ছুটলেন দর্শকেরাই
পালার এক দৃশ্যে গরিবের মেয়ে শিবানীর সম্ভ্রমহানির চেষ্টার অভিযোগে সেনাপতি কালকেতু রাজা উদয় সিংহের বিচারের মুখোমুখি। কালকেতুর হাত থেকে মেয়েটিকে বাঁচিয়েছেন রাজার ছোট ভাই বিজয় সিংহ। কিন্তু তাঁর কথা বিশ্বাস করছেন না রাজা। এ সময় মঞ্চে আসার কথা রানি দয়াবতীর।
অথচ রানির দেখা নেই। মঞ্চের পেছনেও তাঁকে পাওয়া যাচ্ছে না। একপর্যায়ে দর্শকদের কয়েকজনই সাজঘরে ছুটলেন রানির খোঁজে।

এই ফাঁকে মঞ্চে রাজা রাগে গজগজ করছেন, বারবার চাবুক ছুড়ছেন। কালকেতু পায়চারি করছেন। বিজয় সিংহ দাঁড়িয়ে আছেন অনড়। দর্শকেরাও চুপচাপ। রানিকে খুঁজতে যাওয়ার ঘটনাটিও যেন পালারই অংশ। কয়েক মিনিট পর দয়াবতী ছুটে এলেন। প্রম্পটার সংলাপ ধরিয়ে দিতেই আবার এগিয়ে চলল কাহিনি।

ধুতির কোঁচা খুলল, ভাঙল ছাতার বাঁট
আরেক দৃশ্যে শিবানীর কাছে পানি খেতে চেয়ে তাঁর হাত ধরে বসেন চূড়ামণি ঠাকুর। তা দেখে কুঠার হাতে এগিয়ে আসেন সোলেমান নামের এক মুসলমান যুবক। ঠাকুরের হাত থেকে শিবানীকে রক্ষা করেন তিনি।

‘গরিবের আর্তনাদ’–এর দৃশ্য। প্রথম আলো

সোলেমানের মুখোমুখি হয়ে ঠাকুরের যে নাকাল অবস্থা, তা অভিনয়ে এমনভাবে ফুটিয়ে তুললেন শাহাদুল ইসলাম যে দর্শকদের মধ্যে হাসির রোল উঠল। এর মধ্যেই খুলে গেল তাঁর ধুতির কোঁচা, ভেঙে গেল ছাতার বাঁট। ঘটনাগুলো অনিচ্ছাকৃত। তবে অভিজ্ঞ অভিনেতা সামলে নিলেন চরিত্রের সঙ্গে মিলিয়ে। তাতে দৃশ্যটি দর্শকদের কাছে আরও উপভোগ্য হয়ে উঠল।

মঞ্চের পূর্ব পাশে বসার ব্যবস্থা ছিল নারী দর্শকদের। অনেকে এসেছিলেন কোলে শিশু নিয়ে। বয়স্ক নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তাঁদেরই একজন প্রায় ৬০ বছর বয়সী হাফিজা বেগম।

হাফিজা বেগম বললেন, ‘আমারে বাইরে কোইতো যাত্রা সিনেমা দেখতে যাওয়ার সুযোগ নাই। বাড়ির কাছে ছেলিপেলি আয়োজন করিচে বুইলি দেকতে পানু। খুবই ভালো লাইগলি।’

‘গরিবের আর্তনাদ’–এর দৃশ্য। প্রথম আলো

নিজেদের চাঁদায় ফিরল যাত্রার আসর
আয়োজনের মূল উদ্যোক্তা অমরপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিম। মঞ্চের পাশে বসে প্রম্পটারের দায়িত্বও পালন করেছেন তিনি।

রেজাউল জানান, জয়পুরহাট থেকে চারজন নারীশিল্পী, চারজন যন্ত্রশিল্পী ও একজন রূপসজ্জাশিল্পী আনতে হয়েছে। দুই পালার জন্য তাঁদের মোট ২৫ হাজার টাকা সম্মানী দিতে হয়েছে। গাড়িভাড়া দিতে হয়েছে আলাদা। স্থানীয় শিল্পীরাই চাঁদা তুলে এই টাকার ব্যবস্থা করেছেন।

হারিয়ে যেতে বসা ঐতিহ্য ফিরিয়ে আনতেই তাঁদের এই উদ্যোগ। রেজাউল বলেন, ‘শুধু হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্যই আমরা এই আয়োজন করেছি। এ জন্য কোনো টিকিটের ব্যবস্থা রাখা হয়নি। পালা সবার জন্য উন্মুক্ত ছিল।’

সূত্র: প্রথম আলো