|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে ইরানের নিরাপত্তাপ্রধানের ফোনালাপ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১০:৪২ পিএম
৪২৭ পঠিত
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে ইরানের নিরাপত্তাপ্রধানের ফোনালাপ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  সোমবার (০২ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে বিশেষ গুরু...

মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সোমবার (০২ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে বিশেষ গুরুত্ব পেয়েছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি।

এ সময় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির অন্য বিশিষ্ট ব্যক্তিদের প্রশংসা করে পুতিন ও রাশিয়ার অন্য কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের জন্য কৃতজ্ঞতা জানান রেজায়ি। ইরানি জনগণের দৃঢ় মনোবলের প্রতি রাশিয়ার সমর্থনের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

দুই পক্ষই নিজ নিজ দেশের নেতাদের নির্ধারিত রূপরেখা অনুযায়ী কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছে।

তবে ফোনালাপে আঞ্চলিক কোন কোন নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিংবা দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরআইবি।

এর আগে বেইজিংয়ে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলি বাঘেরির সঙ্গে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সংঘাত দীর্ঘস্থায়ী হয়ে আঞ্চলিক সীমানা ছাড়িয়েছে বলে মন্তব্য করেন ওয়াং ই।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংঘাতের অবসানের একমাত্র পথ এখনো সংলাপ ও আলোচনা। সব পক্ষের উচিত নিজেদের জনগণ ও ইতিহাসের প্রতি দায়িত্বশীল আচরণ করা। শক্তি প্রয়োগের পথে আবারও না গিয়ে অভিন্ন লক্ষ্য সামনে রেখে যুক্তিসংগত ও বাস্তবসম্মত মনোভাব নিয়ে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন।

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেন ওয়াং ই। একই সঙ্গে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষের সঙ্গে কাজ করার প্রত্যয় জানান তিনি।

বৈঠকে আলি বাঘেরি বলেন, নিজেদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে কোনো আপস করবে না তেহরান।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের হত্যাকে ‘ভুলে যাওয়ার মতো নয় এমন অপরাধ’ বলে বর্ণনা করেন বাঘেরি। এসব কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বলেও আখ্যা দেন তিনি।

এছাড়া যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী মনোভাব ও সম্প্রসারণবাদী নীতির পরিণতি নিয়েও সতর্ক করেন ইরানের এই কর্মকর্তা। তার যুক্তি, কোনো সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করে সফল হওয়া সম্ভব নয়। এমন সংঘাত বৈশ্বিক অর্থনীতিকেও বিপর্যস্ত করে তুলবে।

সূত্র : আইআরআইবি

সূত্র: কালবেলা