|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৩০ এএম
২৬৭ পঠিত
চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মালয়ালম সিনেমার অভিনেতা বিবিন পেরুমপল্লি ও অভিনেত্রী অতুল্য চন্দ্রকে গ্রেপ্তার করেছে ভারতের কেরালা রাজ্যের কোচি পুলিশ।

মালয়ালম সিনেমার অভিনেতা বিবিন পেরুমপল্লি ও অভিনেত্রী অতুল্য চন্দ্রকে গ্রেপ্তার করেছে ভারতের কেরালা রাজ্যের কোচি পুলিশ। এক চিকিৎসককে মারধর ও তাঁর কাছ থেকে প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি মূল্যের মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২ নভেম্বর কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী ওই চিকিৎসকের অভিযোগ, অতুল্য চন্দ্র তাঁকে ফোন করে জানান, তাঁর এক আত্মীয় অসুস্থ। জরুরি চিকিৎসার প্রয়োজন। আগে থেকে পরিচিত হওয়ায় চিকিৎসক সেখানে যেতে রাজি হন

অভিনেত্রী অতুল্য চন্দ্র। ইনস্টাগ্রাম থেকে

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অ্যাপার্টমেন্টে পৌঁছে তিনি দেখতে পান, সেখানে প্রায় ১২ জন অপেক্ষা করছেন। অভিযোগ অনুযায়ী, সেখানে যাওয়ার পর তাঁকে ঘিরে ধরে মাদক প্রয়োগ করে ওই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন উপস্থিত ব্যক্তিরা। একপর্যায়ে তাঁকে আটকে রেখে মারধর করা হয়।

চিকিৎসকের অভিযোগ, বিবিন পেরুমপল্লি প্রথমে তাঁর মুখে আঘাত করেন। পরে অন্যরাও মারধরে যোগ দেন। অতুল্য চন্দ্র তাঁকে গালিগালাজ ও হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেছেন তিনি।

এ সময় চিকিৎসকের কাছ থেকে দুটি মুঠোফোন, একটি স্মার্টঘড়ি ও ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে নেওয়া হয়। এসব সামগ্রীর মোট মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে সেখান থেকে বের হয়ে চিকিৎসক কোচির কদাভানথ্রা থানায় অভিযোগ করেন।

এ ঘটনায় মোট ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় বিবিন পেরুমপল্লিকে এক নম্বর এবং অতুল্য চন্দ্রকে তিন নম্বর আসামি করা হয়েছে। তাঁদের সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে বর্তমানে কার্যকর ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে। এর মধ্যে বেআইনিভাবে আটকে রাখা, মারধর, অপরাধমূলক ভয় দেখানো ও ডাকাতির অভিযোগ রয়েছে।

অভিনেতা বিবিন পেরুমপল্লি। ইনস্টাগ্রাম থেকে

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসককে ফাঁদে ফেলে সেখানে ডেকে নেওয়া হয়েছিল কি না, সেই সম্ভাবনাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না পুলিশ।

যাঁরা গ্রেপ্তার হলেন
বিবিন পেরুমপল্লি অভিনেতা ও প্রযোজক। গত বছর মুক্তি পাওয়া মালয়ালম সুপারহিরো সিনেমা ‘লোকাহ: চ্যাপ্টার ১—চন্দ্র’-তে পুলিশের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি। এ ছাড়া ‘সীতা রামম’, ‘কিং অব কোঠা’ ও ‘ররশাচ’-এর মতো সিনেমায়ও কাজ করেছেন।

অন্যদিকে অতুল্য চন্দ্র মালয়ালমসহ দক্ষিণ ভারতীয় বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘ডাইস ইরে’, ‘গানগান্ধর্বন’, ‘ইন্নালে ভারে’ ও ‘উইর’।

সূত্র: প্রথম আলো