|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের প্রেমের সম্পর্কের দাবি মার্কিন গোয়েন্দাদের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০২:৩৫ পিএম
৩১০ পঠিত
চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের প্রেমের সম্পর্কের দাবি মার্কিন গোয়েন্দাদের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠা এক নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে মনে করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। ওই নারীকে হুয়াংয়ের কাছ থেকে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। শুক্রবার (৬ নভেম্...

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠা এক নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে মনে করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। ওই নারীকে হুয়াংয়ের কাছ থেকে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে ট্রাম্প প্রশাসনকে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, অ্যালিস হুয়াং নামের ওই নারী এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের একজন নির্বাহী। মার্কিন কর্মকর্তারা ওই নারীর ওপর গোয়েন্দা নজরদারির তথ্যসংবলিত একটি স্মারকলিপি থেকে অভিযোগগুলো সম্পর্কে জানতে পারেন।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করছিলেন। যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত চিপ সম্পর্কে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছিল চীনা সংস্থাটি। পাশাপাশি এনভিডিয়াকে তাদের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চীনের কাছে বিক্রিতে রাজি করানোর চেষ্টা করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কখন বা কীভাবে পরিচয় হয়েছিল, তা স্পষ্ট করা হয়নি।

শুক্রবার রাতে প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করেন, জেনসেন হুয়াংয়ের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল।

এদিকে চলতি সপ্তাহের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। নির্বাচনের ফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা। অন্যদিকে, রিপাবলিকানরাও কথিত চীনা গুপ্তচরের সঙ্গে হুয়াংয়ের যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের চীনবিষয়ক বিশেষ কমিটি এক বিবৃতিতে জানায়, জেনসেন হুয়াংকে একটি যৌথ রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিবৃতিতে কমিটি বলেছে, চিঠিতে মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ এবং বিদেশি প্রতিপক্ষের গোয়েন্দা তৎপরতা থেকে প্রতিষ্ঠানটির নিরাপত্তাব্যবস্থা সুরক্ষিত রাখার বিষয় নিয়ে আইনপ্রণেতাদের উদ্বেগ তুলে ধরা হয়েছে। অ্যালিস হুয়াংকে প্রকাশ্যে চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড অংশীদার নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে যন্ত্রপাতি কিনে এআই নির্মাতাদের কাছে কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, তাদের ক্লাউড অংশীদারেরা যুক্তরাষ্ট্রের আইন পরিবর্তনের জন্য প্রতিষ্ঠানটিকে অনুরোধ করে না কিংবা চীনে পণ্য বিক্রির পক্ষে প্রচারণাও চালায় না। বিবৃতিতে আরও বলা হয়, এনভিডিয়ার ক্লাউড অংশীদারদের মাধ্যমে কেউ গোপনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করলে তাতে সফল হওয়ার সুযোগ নেই। গ্রাহকদের সঙ্গে তারা কোনো গোপনীয় তথ্য ভাগাভাগি করে না।

প্রেমের সম্পর্কের বিষয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে এনভিডিয়া জেনসেন হুয়াংয়ের আগের বক্তব্যের কথা উল্লেখ করেন। এর আগে হুয়াং বলেছিলেন, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক।

শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

সূত্র : নিউইয়র্ক টাইমস

সূত্র: নতুন আরএসএস সোর্স