|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ট্রাম্পঘনিষ্ঠ কলিন্সকে হারিয়ে জর্জিয়ার সিনেট আসনে জিতলেন ডেমোক্র্যাট জন অসফ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০১:৪৯ এএম
৩৩২ পঠিত
ট্রাম্পঘনিষ্ঠ কলিন্সকে হারিয়ে জর্জিয়ার সিনেট আসনে জিতলেন ডেমোক্র্যাট জন অসফ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন হয়েছে।
জন অসফ

ট্রাম্পঘনিষ্ঠ কলিন্সকে হারিয়ে জর্জিয়ার সিনেট আসনে জিতলেন ডেমোক্র্যাট জন অসফ

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট আসনে নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির জন অসফ। রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক কলিন্সকে হারিয়ে সিনেটর পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। 

কলিন্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য। আর ২০২১ সাল থেকে সিনেটরের দায়িত্বে আছেন জন অসফ।

যুক্তরাষ্ট্রের এবারের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়ার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের লড়াই আলাদা করে গুরুত্ব পেয়েছে। 

নির্বাচনী প্রচারের সময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শের ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক নিয়ে মাইক কলিন্স তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। অন্যদিকে, জন অসফ তাঁর নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয়সাশ্রয়, স্বাস্থ্যসেবা ও সরকারের জবাবদিহির বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন। 

তথ্যসূত্র: আল–জাজিরা

যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট শেষ, চলছে গণনা

এক ভোটার ভোট দিচ্ছেন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। দেশটির সব অঙ্গরাজ্যে একসঙ্গে ভোটকেন্দ্র বন্ধ হয় না। স্থানীয় সময় অনুযায়ী, ধাপে ধাপে ভোট গ্রহণ শেষ হয়।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন হয়েছে। 

প্রতিনিধি পরিষদ ও সিনেটের এসব আসনের নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। বর্তমানে দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। ডেমোক্র্যাটরা অন্তত একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে চাইছে।

ভোট গণনা শুরুর পর প্রথম ফলাফল আসতে শুরু করেছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মার্ক ওয়ার্নারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আলাস্কা, আইওয়া, কানসাস, মেইন, মিশিগান, ওহাইও, টেক্সাসের মতো অঙ্গরাজ্যের ফলাফল। এসব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা বেশ হাড্ডাহাড্ডি। 

তবে ভোট গণনা শেষ হলেই সব আসনের ফলাফল দ্রুত জানা যাবে, এমন নয়। অঙ্গরাজ্যভেদে ভোট গণনার পদ্ধতি ও গতি আলাদা। কোথাও ভোটকেন্দ্র বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অধিকাংশ ভোট গণনা হয়ে যায়। আবার কোথাও ডাকযোগে পাঠানো ও আগাম ভোটের ব্যালট গণনা করতে বেশি সময় লাগে। বিশেষ করে মেইন ও আলাস্কার মতো অঙ্গরাজ্যে ফলাফল জানতে দেরি হতে পারে।

প্রতিদ্বন্দ্বিতা খুব কাছাকাছি হলে কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করতেও সময় লাগে। এ কারণে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে যাচ্ছে, তা নিশ্চিত হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

তথ্যসূত্র: এপি

সূত্র: প্রথম আলো