|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:১৭ এএম
৩২১ পঠিত
প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রথমবারের মতো ‘ম্যাকবুক প্রো উইথ প্রোলেড এক্সডিআর ডিসপ্লে’ মডেলের স্পর্শনির্ভর ম্যাকবুক আনার ঘোষণা দিয়েছে অ্যাপল।

ল্যাপটপে স্পর্শনির্ভর প্রযুক্তি যুক্ত করার ধারণাকে একসময় উপহাস করেছিল অ্যাপল। প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকও ২০১৩ সালে এ ধরনের উদ্যোগের সমালোচনা করেছিলেন। তবে সময়ের সঙ্গে অবস্থান বদলে এবার নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘ম্যাকবুক প্রো উইথ প্রোলেড এক্সডিআর ডিসপ্লে’ মডেলের স্পর্শনির্ভর ম্যাকবুক আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। আগামী ৬ নভেম্বর থেকে ল্যাপটপটি বাজারজাত করা হবে।

স্মার্টফোন ও ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপেও স্পর্শনির্ভর প্রযুক্তি যুক্ত করতে শুরু করে বিভিন্ন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান। এক দশকের বেশি সময় ধরে বাজারে এ ধরনের ল্যাপটপ পাওয়া গেলেও এত দিন এই প্রযুক্তি থেকে দূরে ছিল অ্যাপল। এবার সেই অবস্থান বদলে স্পর্শনির্ভর ল্যাপটপের বাজারে প্রবেশ করছে প্রতিষ্ঠানটি।

নতুন ম্যাকবুক প্রো দিয়ে মূলত সৃজনশীল পেশাজীবী, গ্রাফিক ডিজাইনার ও অ্যাপ নির্মাতাদের আকৃষ্ট করতে চায় অ্যাপল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে জন টার্নাস দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই মাসে বেশ কয়েকটি নতুন পণ্য উন্মোচন করেছে অ্যাপল। স্পর্শনির্ভর ম্যাকবুক সেই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন।

স্পর্শনির্ভর ম্যাকবুকে আঙুলের স্পর্শে এক প্রেজেন্টেশন থেকে অন্য প্রেজেন্টেশনে স্লাইড টেনে নেওয়া যাবে

ল্যাপটপটির পর্দার আকার ১৪ ও ১৬ ইঞ্চি। এতে ব্যবহার করা হয়েছে অ্যাপলের এম৫ প্রো অথবা এম৫ ম্যাক্স চিপ। ১৪ ইঞ্চি সংস্করণের দাম শুরু হবে ২ হাজার ৮৯৯ ডলার থেকে। আর ১৬ ইঞ্চি সংস্করণের দাম ৩ হাজার ৩৯৯ ডলার। নতুন ল্যাপটপটিতে ব্যবহারকারীরা আঙুলের স্পর্শে এক প্রেজেন্টেশন থেকে অন্য প্রেজেন্টেশনে স্লাইড টেনে নিতে পারবেন। অ্যাপ নির্মাতারা নিজেদের কম্পিউটারেই সরাসরি অ্যাপের কার্যকারিতা পরীক্ষা করতে পারবেন। গ্রাফিক ডিজাইনাররা পর্দায় ছবি ও নকশা আঁকতে পারবেন। সংগীতশিল্পীরাও স্পর্শের মাধ্যমে ভার্চ্যুয়াল বাদ্যযন্ত্র বাজানোর সুযোগ পাবেন।

অ্যাপলের দাবি, নতুন ল্যাপটপে ব্যবহারের জন্য বিদ্যমান অ্যাপগুলোতে পরিবর্তন আনার প্রয়োজন হবে না। কারণ, সফটওয়্যার পর্দায় আঙুলের স্পর্শকে মাউসের ক্লিক হিসেবে শনাক্ত করতে পারবে। ফলে বর্তমানে প্রচলিত অনেক অ্যাপই নতুন টাচস্ক্রিনে সরাসরি ব্যবহার করা যাবে।

নতুন ম্যাকবুক প্রোতে আইফোনের ডায়নামিক আইল্যান্ড সুবিধা যুক্ত করা হয়েছে। এ ছাড়া সৃজনশীল কাজের জন্য ল্যাপটপটিতে আগের সংস্করণের তুলনায় সর্বোচ্চ উজ্জ্বলতার ডিসপ্লের ভেতরে টাচ সেন্সর যুক্ত করেছে অ্যাপল। ফলে পর্দার ওপর আলাদা কোনো স্তর বসানোর প্রয়োজন হয়নি। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তির কারণে পর্দায় আঙুল দিয়ে সোয়াইপ ও স্ক্রল করার সময় দ্রুত সাড়া পাওয়া যাবে। এতে স্পর্শের পর কম্পিউটারের প্রতিক্রিয়া জানাতে যে সময় লাগে, তা কমে আসবে।

বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পর্শনির্ভর পর্দার ল্যাপটপ বাজারে আনলেও এগুলোর চাহিদা খুব বেশি নয়। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে সরবরাহ করা মোট ল্যাপটপের মাত্র ১৬ দশমিক ৩ শতাংশ ছিল স্পর্শনির্ভর। আইডিসির গ্রুপ ভাইস প্রেসিডেন্ট রায়ান রেইথের মতে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এ ধরনের ল্যাপটপ কেনার ক্ষেত্রে খুব একটা আগ্রহী নয়। কারণ, অধিকাংশ কর্মী অফিসে ডেস্কে বসে কাজ করার সময় ল্যাপটপের সঙ্গে আলাদা মনিটর যুক্ত করেন। ফলে তাদের কাছে স্পর্শনির্ভর পর্দার ল্যাপটপের প্রয়োজনীয়তা তুলনামূলক কম।

প্রসঙ্গত, ২০১৬ সালে ম্যাকবুক প্রোতে স্পর্শনির্ভর প্রযুক্তি যুক্ত করার চেষ্টা করেছিল অ্যাপল। সে সময় কি–বোর্ডের ঠিক ওপরে টাচ বার নামে স্পর্শনির্ভর একটি সরু প্যানেল যুক্ত করা হয়। এর মাধ্যমে বিভিন্ন অ্যাপের নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় শর্টকাট ব্যবহার করা যেত। কিন্তু বাড়তি খরচের তুলনায় এর কার্যকারিতা যথেষ্ট নয় বলে মনে করেছিলেন অনেক ব্যবহারকারী। ফলে শেষ পর্যন্ত ক্রেতাদের মধ্যে জনপ্রিয়তা পায়নি ল্যাপটপটি।

সূত্র: সিএনএন

সূত্র: প্রথম আলো