|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:৩৫ পিএম
৩০৪ পঠিত
পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসফেরত দুই ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। তাঁদের কাছ থেকে ১৮ ভরি সোনার গয়না, পাঁচটি মুঠোফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। বুধবার ভোররাত তিনটার দিকে সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত অভিযোগে প্রবাসীদের বহনকারী ব্যক্তিগত গাড়ির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে লুট হওয়া সাড়ে আট ভরি সোনার গয়নাসহ কিছু মালামাল উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রাইভেট কারের চালক রূপগঞ্জের চরপাড়া এলাকার শাহীন, তাঁর ভাই সোহেল এবং একই এলাকার আইয়ুব।

ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ও তাঁর বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে পূর্বপরিচিত গাড়িচালক শাহীনের প্রাইভেট কারে করে তাঁরা কাঞ্চনের উদ্দেশে রওনা হন। ভোররাত তিনটার দিকে গাড়িটি পূর্বাচল ৩০০ ফুট সড়কের সমু মার্কেট এলাকায় পৌঁছালে চালক শাহীন কৌশলে আরেকটি প্রাইভেট কার দিয়ে তাঁদের গাড়ির গতিরোধ করতে সহায়তা করেন।

জামাল হোসেন আরও বলেন, গাড়ি থামতেই কয়েকজন ব্যক্তি অস্ত্রের মুখে জামাল ও তাঁর বন্ধুকে জিম্মি করেন। তাঁদের সঙ্গে থাকা দুবাই থেকে আনা ১৮ ভরি সোনার গয়না, পাঁচটি মুঠোফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়। পরে দুই প্রবাসীর হাত-পা বেঁধে এবং মুখে স্কচটেপ লাগিয়ে ঢাকা-বাইপাস সড়কের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে যায় ডাকাতেরা।

এরপর চালক শাহীন নিজেকে বাঁচাতে কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ডাকাতির ফোন করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুই প্রবাসীকে উদ্ধার করে। এ সময় লুট হওয়া মালামাল নিয়ে পালানোর চেষ্টাকালে গাড়িচালক শাহীন, তাঁর ভাই সোহেল ও আইয়ুবকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে সাড়ে আট ভরি সোনার গয়নাসহ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ থানার পূর্বাচল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত গাড়িচালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

সূত্র: প্রথম আলো