মাদ্রাসা শিক্ষা সংস্কারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে মালয়েশিয়ার আইআইইউএম
গণমাধ্যম ডেক্স
বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার যুগোপযোগী সংস্কার, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) সঙ্গে কাজ করার আগ্রহ ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)।
এ লক্ষ্যে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফরমেশন অব বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন: স্ট্র্যাটেজিক রিফর্ম ফ্রেমওয়ার্ক ইন লাইট অব মালয়েশিয়া এক্সপেরিয়েন্স’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে আইআইইউএমের প্রতিনিধিদল এ সহযোগিতার আশ্বাস দেয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইআইইউএমের ডেপুটি রেক্টর (গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন) প্রফেসর ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ এবং প্রিন্সিপাল ডিরেক্টর, অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশন প্রফেসর ড. শুকরান আবদ রহমান।
মূল প্রবন্ধে উপস্থাপনায় ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ বলেন, কোনো সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার করতে হলে প্রথমেই শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও উন্নয়ন জরুরি। এ জন্য শিক্ষণ পদ্ধতি, পাঠ্যক্রম ও কোর্স কাঠামোতে সময়োপযোগী পরিবর্তন আনতে হবে। শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য বিতরণ নয়; বরং দক্ষ গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা।
বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার সংস্কারে পাঠ্যক্রম উন্নয়ন, কোর্স প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক শিক্ষণ পদ্ধতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং প্রাতিষ্ঠানিক সুশাসন কাঠামো উন্নয়নে আইআইইউএম সহযোগিতা করতে প্রস্তুত।
প্রধান অতিথির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবুল হাসানাত মোহাম্মদ শামীম বলেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতার উদ্যোগ প্রশংসনীয়।
তবে অন্য দেশের শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি অনুসরণ না করে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বতন্ত্র ও প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। এআইসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার মাদ্রাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের আরও যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি প্রয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান।
তিনি বলেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার গুণগত ও যুগোপযোগী সংস্কারে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন কাঠামো উন্নয়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। শিক্ষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ধর্মীয় জ্ঞানে পারদর্শী হওয়ার সঙ্গে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, নেতৃত্ব ও সামাজিক চাহিদা পূরণে সক্ষম হয়ে ওঠে।
তিনি বলেন, এ সেমিনারের আলোচনা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এর মাধ্যমে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার সংস্কারে একটি বাস্তবসম্মত ও কার্যকর কৌশলগত রূপরেখা প্রণয়নের পথ সুগম হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, আইআইইউএমের স্পেশাল অফিসার, অফিস অব দ্য ডেপুটি রেক্টর (গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন) এবং কুরআন ও সুন্নাহ স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রোভিসি (প্রশাসন) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. এ কে মুহাম্মদ নুরুল ইসলাম এবং সেমিনার সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১০৮টি অনার্স ও ২১টি আলিম মাদ্রাসার অধ্যক্ষ সেমিনারে উপস্থিত ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স