|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের ৫ সিনেট আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৮:৪৭ পিএম
২৩৯ পঠিত
মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের ৫ সিনেট আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের দখলে থাকা পাঁচটি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা। আরেকটি অঙ্গরাজ্যে দুই দলের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। রোববার (১ নভেম্বর) প্রকাশিত নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির সর...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের দখলে থাকা পাঁচটি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের দৌড়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীরা। আরেকটি অঙ্গরাজ্যে দুই দলের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। রোববার (১ নভেম্বর) প্রকাশিত নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির সর্বশেষ জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে পরিচালিত জরিপে দেখা গেছে, টেক্সাস, কানসাস, মেইন, ওহাইও ও আলাস্কায় এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। অন্যদিকে আইওয়ায় দুই দলের প্রার্থীর মধ্যে ব্যবধান প্রায় নেই বললেই চলে। 

জরিপে অন্তর্ভুক্ত ডেমোক্র্যাটদের দখলে থাকা একমাত্র অঙ্গরাজ্য মিশিগানেও এগিয়ে আছেন দলটির প্রার্থী আবদুল এল-সায়েদ। রিপাবলিকান মাইক রজার্সের চেয়ে তিনি ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের নিজেদের বর্তমান আসন ধরে রাখার পাশাপাশি রিপাবলিকানদের দখলে থাকা অন্তত চারটি আসন নিজেদের করে নিতে হবে।

টেক্সাসে ডেমোক্র্যাট আইনপ্রণেতা জেমস তালারিকো রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের চেয়ে ৫০ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। প্যাক্সটনের সমর্থন ৪৩ শতাংশ। উল্লেখ্য, ১৯৮৮ সালের পর টেক্সাস থেকে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি।

কানসাসেও এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিলটন। রিপাবলিকান সিনেটর রজার মার্শালের ৪৪ শতাংশের বিপরীতে তার সমর্থন ৪৯ শতাংশ। ১৯৩২ সালের পর এই অঙ্গরাজ্য থেকে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হননি।

ওহাইওতে সাবেক ডেমোক্র্যাট সিনেটর শেরড ব্রাউন ৪৯ শতাংশ সমর্থন নিয়ে বর্তমান রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের চেয়ে এগিয়ে। মেইনে ডেমোক্র্যাট প্রার্থী ট্রয় জ্যাকসনের সমর্থন ৫১ শতাংশ, রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের ৪৫ শতাংশ।

আলাস্কায় ডেমোক্র্যাট মেরি পেলটোলা ৪৮ শতাংশ সমর্থন নিয়ে রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন। আইওয়ায় ডেমোক্র্যাট জশ তুরেক ও রিপাবলিকান অ্যাশলি হিনসনের মধ্যে লড়াই প্রায় সমানে সমান।

জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনীতি পরিচালনা নিয়ে ভোটারদের ব্যাপক অসন্তোষের চিত্রও উঠে এসেছে। সাত অঙ্গরাজ্যের সম্ভাব্য ভোটারদের মধ্যে মাত্র ৩৮ শতাংশ তার কাজের প্রতি সমর্থন জানিয়েছেন। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের প্রশ্নে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন ৯ শতাংশ পয়েন্ট বেশি। জরিপে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গরাজ্যেই এ বিষয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা।

স্বতন্ত্র ভোটারদের মধ্যেও সাতটি অঙ্গরাজ্যেই ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তরুণ ও লাতিনো ভোটারদের মধ্যেও দলটির প্রতি সমর্থন বাড়ার ইঙ্গিত মিলেছে। তবে গত এক মাসের মধ্যে যারা প্রার্থী বেছে নিয়েছেন, তাদের মধ্যে রিপাবলিকানদের সমর্থন ৯ শতাংশ পয়েন্ট বেশি।

গত সেপ্টেম্বরের তুলনায় ছয়টি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের অবস্থানের উন্নতি হয়েছে। ব্যতিক্রম আলাস্কা, সেখানে তাদের সমর্থন কমেছে।

গত ২৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত প্রতিটি অঙ্গরাজ্যে ৬১০ থেকে ১ হাজার ২১৫ জন ভোটারের মতামত নিয়ে জরিপটি পরিচালিত হয়। সম্ভাব্য ভোটারদের ক্ষেত্রে নমুনাগত ত্রুটির হার টেক্সাসে ৩ দশমিক ৩ শতাংশ থেকে আলাস্কায় ৪ দশমিক ৮ শতাংশের মধ্যে।
  
সূত্র: আনাদোলু এজেন্সি

সূত্র: নতুন আরএসএস সোর্স