|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০১:৫৯ এএম
৩২২ পঠিত
মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

বিশ্বের অন্যতম সেরা শিক্ষাকেন্দ্র হিসেবে বিবেচ্য আল–আজহার বিশ্ববিদ্যালয়। ফাতেমি খিলাফতের সময় ৯৭১ খ্রিষ্টাব্দে কোরআন ও ইসলামি আইন শিক্ষার জন্য এই শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। বর্তমানে সেক্যুলার বিষয়াদিও কারিকুলামে সন্নিবেশিত আছে।

মিসরের সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের ১৯৬১ সালে আল–আজহারকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছিলেন এবং অনেক সেক্যুলার বিষয়ও এর অন্তর্ভুক্ত হয়। যেমন ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, ফার্মেসি, মেডিসিন, প্রকৌশল, কৃষি ইত্যাদি। মিসরের বাইরে ফিলিস্তিনের গাজা এবং কাতারের দোহায় আল–আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে।

বর্তমানে আল–আজহারের ১৫ হাজার ২০০ শ্রেণিকক্ষে ৩০ হাজারের বেশি শিক্ষক পাঠদান করেন। তাঁদের কাছ থেকে পাঠ গ্রহণ করেন পাঁচ লাখের বেশি শিক্ষার্থী।

শিক্ষার্থীদের ২০ শতাংশ বিদেশি। শতাধিক দেশের শিক্ষার্থী আল–আজহারে লেখাপড়া করছেন। শিক্ষকসহ আল–আজহারের কর্মচারী ও কর্মকর্তাদের সংখ্যা প্রায় ১ লাখ ৩১ হাজার। তবে আল–আজহারের অধীনে মিসরের প্রায় চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হয়। এ হিসাবে আল–আজহারের বর্তমান শিক্ষার্থী ২০ লাখের মতো।

এই আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আল-শরিফ ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ রয়েছে। দেশটির সরকার মোট ২৪টি বৃত্তি দেবে বাংলাদেশি শিক্ষার্থীদের। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং মাস্টার্স পর্যায়ে ৬টি বৃত্তি।

এসব বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অনলাইনে ৩ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দিতে হবে ১৮ নভেম্বর বেলা সাড়ে তিনটার মধ্যে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত মিসরের দূতাবাস থেকে পাঠানো নির্দেশনা ও গাইডলাইন মেনে শর্ত পূরণ সাপেক্ষে লিখিতভাবে বৃত্তির জন্য আবেদন করতে হবে।

মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র—
১. বৃত্তির জন্য আবেদনকারী আগ্রহী শিক্ষার্থীদের আরবি ভাষার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
২. সর্বশেষ শিক্ষাগত সনদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে জমা দিতে হবে।
৩. আবেদনকারীর জন্মনিবন্ধনের মূল কপি জমা দিতে হবে। এতে আবেদনকারীর মায়ের নাম ও জাতীয়তা উল্লেখ থাকতে হবে এবং সনদটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে।
৪. আবেদনকারীর সাম্প্রতিক তোলা ছয় কপি ছবি,
৫. কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকা মূল পাসপোর্ট,
৬. সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে।
৭. আবেদনকারীর শারীরিক ও মানসিক সুস্থতার বিষয় উল্লেখ করে চিকিৎসকের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে।
৮. পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফলাফলের সনদও সত্যায়িত করে জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। ৩ থেকে ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এ লিংকে আবেদন করা যাবে। মিসরের দূতাবাসের প্রকাশিত গাইডলাইন অনুসরণ করে আবেদনপত্র পূরণ করতে হবে।

অনলাইনে আবেদন করার পর পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এসব কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আরবি ভাষায় দক্ষতার সনদ ও সংশ্লিষ্ট অন্যান্য নথি।

এসব কাগজপত্র বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত কাগজপত্র জমা দেওয়া যাবে। হার্ড কপি জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬ বেলা সাড়ে ৩টা। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও আবেদন জমা দিলে তা বিবেচনা করা হবে না।

আবেদনের খামের ওপর প্রেরক ও প্রাপকের নাম-ঠিকানা, আইডি বা ট্র্যাকিং নম্বর এবং আবেদন করা প্রোগ্রামের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। প্রাপকের ঠিকানা হিসেবে লিখতে হবে—উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর ১৭০৬, ভবন নম্বর ৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

আবেদনকারীর প্রতি বিশেষ নির্দেশনা—
প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতার সনদকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া যাঁরা ইতিমধ্যে অন্য কোনো সরকারি বৃত্তির জন্য মনোনীত হয়েছেন, তাঁদের এ বৃত্তির জন্য আবেদন না করার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

*বৃত্তিসংক্রান্ত নির্দেশনা, আবেদনপ্রক্রিয়াসহ বিস্তারিত জানতে মিসরের দূতাবাসের প্রকাশিত গাইডলাইন অনুসরণ করতে হবে।

সূত্র: প্রথম আলো