|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রায়েরবাজারে কুরিয়ার সার্ভিসের গাড়িতে বিস্ফোরণ–আগুন, বারবার হামলার অভিযোগ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:২১ এএম
২৫৩ পঠিত
রায়েরবাজারে কুরিয়ার সার্ভিসের গাড়িতে বিস্ফোরণ–আগুন, বারবার হামলার অভিযোগ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানটির কর্মীদের ভাষ্য, বেড়িবাঁধ সড়ক দিয়ে হাজারীবাগের দিকে যাওয়ার সময় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে একদল ব্যক্তি এসে কাভার্ড ভ্যানটিতে হামলা চালান।
আগুনে পুড়ে যায় এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়ি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে

রাজধানীর রায়েরবাজারে কৃষি মার্কেটের সামনে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। গাড়িতে থাকা মালপত্র ও নথি পুড়ে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এজেআর কুরিয়ার সার্ভিসের কর্মীদের ভাষ্য, বেড়িবাঁধ সড়ক দিয়ে হাজারীবাগের দিকে যাওয়ার সময় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে একদল ব্যক্তি এসে কাভার্ড ভ্যানটিতে হামলা চালান। প্রথমে তাঁরা গাড়িটি ভাঙচুর করেন। পরে গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়।

প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (এজিএম) জয়ন্ত চৌধুরী বলেন, কাভার্ড ভ্যানে বিভিন্ন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং সাধারণ গ্রাহকদের পার্সেল ছিল। আগুনে এসব মালামাল ও নথি পুড়ে গেছে। প্রতিষ্ঠানটিতে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর করা হচ্ছে। তাঁরা নিরাপত্তা চান।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছেন তাঁরা।

মালপত্র সরানোর কাজ করছেন এজেআর কুরিয়ার সার্ভিসের কর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে

এর আগে রাজধানীতে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গাড়িতে একাধিক হামলার ঘটনা ঘটেছে। গত ২০ অক্টোবর হাজারীবাগে সিকদার মেডিকেল কলেজসংলগ্ন প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। হামলাকারীরা কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নিয়ে যায়। কয়েকটি ল্যাপটপ ও ৩১ লাখ টাকার পণ্য লুটের অভিযোগ করে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় করা মামলায় ১১ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলাকারীরা নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে জমির ভাড়া তাঁকে দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন। পরে ২৫ অক্টোবর ভোরে হাজারীবাগের গুদামে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা হয়। একই দিন এক কর্মীকে মারধর করে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

এরপর ৩১ অক্টোবর রাতে রাজধানীর তিন এলাকায় এজেআরের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মেয়র হানিফ উড়ালসড়কের টোল প্লাজার সামনে, মৎস্য ভবন মোড় ও রায়েরবাগে এসব ঘটনা ঘটে। এতে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মৎস্য ভবন এলাকায় এক চালক গুরুতর আহত হন এবং রায়েরবাগে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

গত মঙ্গলবার রাতে মিরপুর-১১ নম্বরের চলন্তিকা মোড়ে এজেআরের পল্লবী কার্যালয়ের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রতিষ্ঠানটির এক কর্মী আহত হন।

সূত্র: প্রথম আলো