|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শুধু পলাতকদের বিচার হচ্ছে, গোলাম পরওয়ারের এ বক্তব্য অসত্য: গাজী এম এইচ তামিম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৬:৫০ পিএম
৪১৬ পঠিত
শুধু পলাতকদের বিচার হচ্ছে, গোলাম পরওয়ারের এ বক্তব্য অসত্য: গাজী এম এইচ তামিম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হচ্ছে, উপস্থিত আসামিদের বিচার হচ্ছে না, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এমন বক্তব্যকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (প্রসিকিউটর) গাজী এম এইচ তামিম। রোববার (১ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবা...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হচ্ছে, উপস্থিত আসামিদের বিচার হচ্ছে না, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এমন বক্তব্যকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (প্রসিকিউটর) গাজী এম এইচ তামিম।

রোববার (১ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে, গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেছিলেন, ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের সাজা দেওয়া হচ্ছে। যেসব আসামির সাজা কার্যকর করা সম্ভব নয়, এমন মামলারই বিচার করা হচ্ছে।

গোলাম পরওয়ারের এই বক্তব্য আদালত অবমাননার মধ্যে পড়ে কী না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ‘কোন বক্তব্য আদালত অবমাননার পর্যায়ে পড়ে, তা ট্রাইব্যুনালই বিবেচনা করবেন। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে গোলাম পরওয়ারের বক্তব্যকে সম্পূর্ণ অসত্য বলে মনে করা হচ্ছে।’

তিনি বলেন, ‘পলাতক আসামিদের মামলায় সাধারণত রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স কাউন্সেল আসামিপক্ষে মামলা পরিচালনা করেন। তারা প্রসিকিউশনের দাখিল করা নথিপত্র ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে নিজেদের যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, উপস্থিত আসামিদের পক্ষে তাদের নিয়োজিত একাধিক আইনজীবী মামলা পরিচালনা করেন। এসব মামলায় আসামিরা নিজেরাও উপস্থিত থেকে আইনজীবীদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। ফলে শুনানি ও বিচারিক কার্যক্রমে তুলনামূলক বেশি সময় লাগে।’

গাজী এম এইচ তামিম বলেন, ‘উপস্থিত আসামিদের মামলার বিচার দীর্ঘায়িত হওয়ার অর্থ এই নয় যে তাদের বিচার হচ্ছে না। বরং উপস্থিত আসামিদের কয়েকটি মামলা ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এসব মামলার বিচারিক কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে যেসব মামলার রায় হচ্ছে, সেগুলোর বেশির ভাগই পলাতক আসামিদের বিরুদ্ধে। এ কারণে জনমনে এমন ধারণা তৈরি হতে পারে যে ট্রাইব্যুনালে শুধু পলাতকদেরই বিচার হচ্ছে। বাস্তবে উপস্থিত আসামিদের মামলাও চলছে। তবে পলাতক আসামিদের মামলার তুলনায় উপস্থিত আসামিদের মামলার বিচার শেষ করতে কিছুটা বেশি সময় লাগছে।’

উপস্থিত আসামিদের মামলার অগ্রগতি তুলে ধরে এই প্রসিকিউটর বলেন, ‘পলক, সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, কামরুল ইসলাম ও জিয়াউল আহসানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে চলছে। আশা করা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে কয়েকটি মামলার বিচার শেষ করা সম্ভব হবে।’

সূত্র: কালবেলা