|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শেষ দুই ম্যাচে জিতে ভারতের সিরিজ জয়ের আনন্দ ম্লান করল নিউজিল্যান্ড

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১২:৩৫ পিএম
৩৫০ পঠিত
শেষ দুই ম্যাচে জিতে ভারতের সিরিজ জয়ের আনন্দ ম্লান করল নিউজিল্যান্ড
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
হ্যামিল্টনে আজ সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ভারতের ১৯১ রান ১২ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকেরা।

শুরুটা করেছিলেন অ্যাডাম মিলনে। বল হাতে এই পেসারের তোপে দিশেহারা ভারতের ব্যাটসম্যানরা। রান আটকে রাখার পাশাপাশি তুলে নেন ৪ উইকেট। রান তাড়ায় ব্যর্থতার বৃত্ত ভেঙে জ্বলে ওঠেন টিম সাইফার্ট। সেঞ্চুরির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত থামতে হয় তাঁকে। তবে গ্লেন ফিলিপসের আরেকটি ঝোড়ো ইনিংসে জয় পেতে সমস্যা হয়নি নিউজিল্যান্ডের।

হ্যামিল্টনে আজ সিরিজের পঞ্চম ও শেষ টি-টুয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ভারতের ১৯১ রান ১২ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকেরা।

প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জিতে নেয় ভারত। শেষ দুই ম্যাচ জিতে সিরিজ শেষ করল নিউজিল্যান্ড।

সিরিজজুড়ে দাপট দেখানো ভারতীয় ব্যাটসম্যানদের আজ আটকে রাখেন মিলনে। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নেওয়া এই পেসার জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। দুটি করে উইকেট পেয়েছেন নাথান স্মিথ ও ব্লেয়ার টিকনার।

আগের তিন ম্যাচে দুই অঙ্কের রানও করতে পারেননি সাইফার্ট। আজ সেই ব্যর্থতার জবাব দিয়েছেন ৫০ বলে ৯৩ রান করে। ইনিংসে পাঁচটি ছক্কার সঙ্গে মেরেছেন ১১টি চার।

৯৩ রান করেছেন টিম সাইফার্ট

তবে নিউজিল্যান্ডের জয়ের নায়ক ফিলিপস। ৩৮ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংসে মেরেছেন আটটি চার ও তিনটি ছক্কা। পাঁচ ম্যাচের সিরিজে তিনটি ফিফটি ও একটি সেঞ্চুরিতে ৩৪১ রান করে সিরিজসেরাও হয়েছেন তিনি।

দ্বিপক্ষীয় টি-টুয়েন্টি সিরিজে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩১ রান করেছিলেন ইংল্যান্ডের ফিল সল্ট। এক সিরিজে ৩০০-এর বেশি রান আছে আর কেবল মোহাম্মদ রিজওয়ানের। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর রান ছিল ৩১৬।

সেডন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯ রানেই দুই ওপেনার অভিষেত শর্মা ও সঞ্জু স্যামসনকে হারায় ভারত। দুজনকেই ফিরিয়েছেন মিলনে। শুরুতে ধাক্কা সামলে দলকে এগিয়ে নেন ইশান কিষান ও শ্রেয়াস আইয়ার।

সপ্তম ওভারের প্রথম বলে ৩০ রানে জীবন পান কিষান। বাউন্ডারিতে তাঁর ক্যাচ দুইবারের চেষ্টায় ধরলেও ফিন অ্যালেনের পা মাটিতে লেগে যাওয়ায় সেটি ছক্কা হয়ে যায়। সুযোগ কাজে লাগিয়ে ২৮ বলে ফিফটি করেন কিষান। অন্য প্রান্তে মাইকেল ব্রেসওয়েলের এক ওভারে টানা ছক্কা, চার ও ছক্কা মারেন শ্রেয়াস। পরের বলে তাঁর ক্যাচও ছাড়েন টিকনার। ওভারটিতে ২৭ রান তোলে ভারত।

৪ উইকেট পেয়েছেন অ্যাডাম মিলনে

পাঁচটি করে চার ও ছক্কায় ৩২ বলে ৬১ রান করে একাদশ ওভারে ফেরেন কিষান। শ্রেয়াসের সঙ্গে তাঁর ৪৩ বলে ৯৩ রানের জুটি ভাঙে। এই ইনিংসের পথে সূর্যকুমার যাদবকে ছাড়িয়ে এক পঞ্জিকাবর্ষে টি-টুয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন কিষান।

২২ বলে ফিফটি করা শ্রেয়াস পরের বলেই আউট হন। ভারত অধিনায়কের রান ৫০। এরপর তিলক বর্মাকে ফিরিয়ে দেন স্মিথ। এর আগে তাঁর ক্যাচ নিয়েছিলেন অ্যালেন। কিন্তু স্মিথের ‘ফ্রন্ট ফুট নো বল’ হওয়ায় ৫ রানে জীবন পান তিলক। দুই বল পর অবশ্য ফিরতি ক্যাচ দিয়ে আউট হন তিনি। নমন ধিরের ৩৩ ও নিতিশ কুমার রেড্ডির ২২ রানে ১৯১ রান পায় ভারত।

জবাবে দ্বিতীয় ওভারেই ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। তবে সাইফার্ট ও ড্যারিল মিচেল দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেন। পাওয়ার প্লেতে ৫৯ রান তোলে স্বাগতিকেরা। মিচেল ২৯ রান করে ফিরলে বরুন চক্রবর্তী ভাঙেন তাঁদের ৭৩ রানের জুটি।

এরপর সাইফার্টের সঙ্গে যোগ দেন ফিলিপস। ৩৪ বলে ফিফটি করেন সাইফার্ট। অন্যদিকে ফিলিপসও দ্রুত রান তুলতে থাকেন। বরুনের এক ওভারে তিনটি চার মারেন ফিলিপস, একটি চার সাইফার্ট। পরের ওভারে দুটি ছক্কা হাঁকান ফিলিপস।

সিরিজের ট্রফি নিয়ে ভারত দলের ফটো সেশন

জয়ের পথটা তখন অনেকটাই পরিষ্কার। কিন্তু সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে নিতিশের বলে বোল্ড হন সাইফার্ট। ৮৬ রানের জুটি ভাঙলেও তাতে নিউজিল্যান্ডের জয় আটকে থাকেনি। বেভন জ্যাকবসকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফিলিপস। ২৯ বলে ফিফটি করা এই ব্যাটসম্যান জ্যাকবসের সঙ্গে অবিচ্ছিন্ন ২৭ রানের জুটিতে করেন ২৬ রান।


ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী বুধবার।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৯১/৮ (কিষান ৬১, শ্রেয়াস ৫০, নমন ৩৩, নিতিশ ২২; মিলনে ৪/১৯, স্মিথ ২/২৮)।নিউজিল্যান্ড: ১৮ ওভারে ১৯৫/৩ (সাইফার্ট ৯৩, ফিলিপস ৬৫*, মিচেল ২৯; অর্শদীপ ১/৪০, বরুন ১/৪৫, নিতিশ ১/১৯)।ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: অ্যাডাম মিলনে।সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ভারত ৩-২ ব্যবধানে জয়ী।ম্যান অব দ্য সিরিজ: গ্লেন ফিলিপস।

সূত্র: প্রথম আলো