|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৬:২৩ এএম
২১৫ পঠিত
নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
থাকছে ‘দ্য হাঙ্গার গেমস’-এর নতুন প্রিক্যুয়েলও

নভেম্বর মাসে দর্শকদের জন্য আসছে নানা স্বাদের সিনেমা। হলিউডের বড় বাজেটের ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে জীবনীভিত্তিক ড্রামা, কমেডি, অ্যানিমেশন ও অপরাধনির্ভর থ্রিলার- সব ধরনের চলচ্চিত্রই থাকছে এ মাসের তালিকায়। অ্যান্ড্রু স্কটের পুরস্কারজয়ী অভিনয়ের সম্ভাবনা, ব্র্যাড পিটের ক্লিফ বুথ চরিত্রের প্রত্যাবর্তন এবং ‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির নতুন প্রিক্যুয়েল- এর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে। বিবিসি কালচারের ২১ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে নভেম্বরে মুক্তি পেতে যাওয়া উল্লেখযোগ্য ১২টি সিনেমার তালিকা তুলে ধরা হয়েছে। ১. দ্য ফারদার মিস-অ্যাডভেঞ্চার্স অব ক্লিফ বুথ কোয়েন্টিন ট্যারান্টিনোর ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ২০১৯ ছবিতে ব্র্যাড পিটের অভিনীত ক্লিফ বুথ চরিত্রটি এবার ফিরছে নতুন গল্প নিয়ে। ওই ছবিতে অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন পিট। ট্যারান্টিনোর লেখা এই স্পিন-অফ কমেডি-থ্রিলার পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার। ‘ফ্রম ডাস্ক টিল ডন’ ১৯৯৬-এর পর এবারই প্রথম অন্য কোনো পরিচালক ট্যারান্টিনোর লেখা চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ১৯৭৭ সালের হলিউডকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প। এতে ক্লিফ বুথকে হলিউডের নানা জটিল পরিস্থিতি সামলাতে দেখা যাবে। এলিজাবেথ ডেবিকি ও স্কট কানও অভিনয় করেছেন ছবিটিতে। তাদের চরিত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্যাংস্টারদের যোগসূত্র। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ২৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। ২. দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং ‘দ্য হাঙ্গার গেমস’ ভক্তদের জন্য নভেম্বরে আসছে ফ্র্যাঞ্চাইজির নতুন প্রিক্যুয়েল। জেনিফার লরেন্স অভিনীত ক্যাটনিসের গল্পের ২৪ বছর আগের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। অন্যদিকে, ‘দ্য হাঙ্গার গেমস: দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এর ঘটনার ৪০ বছর পরের সময়কে তুলে ধরা হয়েছে এতে। ছবিতে তরুণ উডি হ্যারেলসনের চরিত্রে অভিনয় করেছেন জোসেফ জাডা। র‍্যালফ ফাইনসকে দেখা যাবে প্রেসিডেন্ট স্নোর ভূমিকায়। এ ছাড়া জেসি প্লেমন্স, কিয়েরান কালকিন ও এল ফ্যানিং যথাক্রমে ফিলিপ সেমুর হফম্যান, স্ট্যানলি টুচি ও এলিজাবেথ ব্যাংকসের অভিনীত চরিত্রগুলোর তরুণ সংস্করণে অভিনয় করেছেন। আন্তর্জাতিকভাবে ১৯ ও ২০ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ৩. এলসিনোর ১৯৮৯ সালে লন্ডনের ন্যাশনাল থিয়েটারে ‘হ্যামলেট’ নাটকে অভিনয় করতে গিয়ে মঞ্চ ছেড়ে চলে যান ড্যানিয়েল ডে-লুইস। সেটিই ছিল তার শেষ থিয়েটার পারফরম্যান্স। পরে তার জায়গায় অভিনয়ের দায়িত্ব নেন ‘চ্যারিয়টস অব ফায়ার’খ্যাত অভিনেতা ইয়ান চার্লসন। তখন এইডসে আক্রান্ত চার্লসন শারীরিক অসুস্থতার মধ্যেও শেক্সপিয়রের কঠিন চরিত্র হ্যামলেটকে মঞ্চে তুলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘এলসিনোর’। ছবিতে ইয়ান চার্লসনের চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু স্কট। তার চিকিৎসকের ভূমিকায় রয়েছেন অলিভিয়া কোলম্যান এবং ঘনিষ্ঠ বন্ধুর চরিত্রে বিলি পাইপার। পরিচালনা করেছেন সাইমন স্টোন, চিত্রনাট্য লিখেছেন স্টিফেন বেরেসফোর্ড। ছবিটিতে আবেগের পাশাপাশি আনন্দময় মুহূর্তও রয়েছে। অ্যান্ড্রু স্কটের অভিনয় তাকে অস্কার মনোনয়নের দৌড়ে এগিয়ে রাখতে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে ২০ নভেম্বর, ফ্রান্সে ২৫ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে এটি মুক্তি পাবে ২০২৭ সালের ২৯ জানুয়ারি। ৪. ক্লাব কিড জর্ডান ফার্স্টম্যানের লেখা ও পরিচালনায় নির্মিত ‘ক্লাব কিড’-এ তিনিই অভিনয় করেছেন প্রধান চরিত্র পিটারের ভূমিকায়। নিউইয়র্কের এক সমকামী নাইটক্লাব প্রোমোটার পিটার। ব্যবসায়িক সঙ্গী সোফি, যার চরিত্রে অভিনয় করেছেন কারা ডেলেভিন, তাকে নিয়ে বিভিন্ন পার্টির আয়োজন করে সে। তবে দীর্ঘদিনের পার্টি ও মাদকনির্ভর জীবনযাপনে ক্লান্ত পিটার নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। এমন সময় তার জীবনে আসে ১০ বছর বয়সী ব্রিটিশ শিশু আরলো। ছেলেটির অস্তিত্ব সম্পর্কে আগে কিছুই জানত না পিটার। সমালোচক ওয়েন্ডি আইডের মতে, ছবিটি প্রাণবন্ত ও অকপট কমেডি-ড্রামা। এতে নিউইয়র্কের ভোগবাদী সমকামী সামাজিক পরিমণ্ডলকে তীক্ষ্ণ রসিকতার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। পাশাপাশি সহমর্মিতা, সম্প্রদায়বোধ এবং বাবা-ছেলের নিঃশর্ত ভালোবাসার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ফ্রান্সে ৪ নভেম্বর, যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বর এবং কানাডায় ১৩ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ৫. হেক্সড সাম্প্রতিক সময়ে ‘মোয়ানা ২’, ‘মুফাসা: দ্য লায়ন কিং’ ও ‘জুটোপিয়া ২’-এর মতো সিক্যুয়েল ও প্রিক্যুয়েল নিয়ে ব্যস্ত ছিল ডিজনি। এবার প্রতিষ্ঠানটি নিয়ে আসছে নতুন অ্যানিমেশন সিনেমা ‘হেক্সড’। ছবির কেন্দ্রীয় চরিত্র বিলি, যার কণ্ঠ দিয়েছেন হেইলি স্টেইনফেল্ড। শহরতলির এই কিশোরী একসময় আবিষ্কার করে, তার মধ্যে জন্মগত জাদুশক্তি রয়েছে। এরপর একটি রহস্যময় পোর্টাল পেরিয়ে সে পৌঁছে যায় হেক্সে নামের এক অদ্ভুত জগতে। সেখানে ডাইনি ও জাদুকরী প্রাণীদের কাছ থেকে জাদুবিদ্যা শেখার অভিজ্ঞতা হয় তার। ছবিতে কণ্ঠ দিয়েছেন জোডি ফস্টার, ট্রেসি উলম্যান, স্টিফেন ফ্রাই ও ড্যান স্টিভেন্স। এ ছাড়া ডক্টর সিউসের ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ অবলম্বনে নির্মিত অ্যানিমেশন ছবিটিও ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে। ‘হেক্সড’ আন্তর্জাতিকভাবে ২৫, ২৬ ও ২৭ নভেম্বর মুক্তি পাবে। ৬. ফকার-ইন-ল ‘মিট দ্য প্যারেন্টস’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘ফকার-ইন-ল’। আগের কিস্তির ১৬ বছর পর আবারও গ্রেগ ফকারের চরিত্রে ফিরেছেন বেন স্টিলার। তার শ্বশুর জ্যাকের ভূমিকায় রয়েছেন রবার্ট ডি নিরো। ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তির ২৬ বছর পরও এই দুই অভিনেতার জুটি দর্শকদের সামনে আসছে নতুন গল্প নিয়ে। আগের ছবির ওয়েন উইলসন, ব্লাইথ ড্যানার ও টেরি পোলোও ফিরেছেন তাদের পরিচিত চরিত্রে। তবে বারব্রা স্ট্রেইস্যান্ড ও ডাস্টিন হফম্যান এবার থাকছেন না। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন বিনি ফেল্ডস্টেইন, স্কাইলার গিসোন্দো ও আরিয়ানা গ্রান্ডে। ছবিতে গ্রেগ ও জ্যাকের পরিবারের নতুন প্রজন্মকে ঘিরে তৈরি হয় নানা পরিস্থিতি। জ্যাক তার ছেলের বাগ্‌দত্তাকে পরিবারের ‘বিশ্বাসের বৃত্তে’ (Circle of Trust) গ্রহণ করতে প্রস্তুত হলেও গ্রেগ বিষয়টি নিয়ে সন্দিহান হয়ে ওঠে। আন্তর্জাতিকভাবে ২৫, ২৬ ও ২৭ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ৭. আই প্লে রকি হলিউডের অন্যতম জনপ্রিয় চরিত্র রকির জন্মের পেছনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আই প্লে রকি’। ১৯৭০-এর দশকে সিলভেস্টার স্ট্যালোন মাত্র সাড়ে তিন দিনে ‘রকি’ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। নিজের স্বপ্নের চরিত্রে নিজেই অভিনয় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু স্টুডিওর পছন্দ ছিল ক্লিন্ট ইস্টউড কিংবা চার্লস ব্রনসনের মতো তারকা। স্ট্যালোন নিজের সিদ্ধান্তে অটল থাকেন। সেই সংগ্রাম ও স্বপ্নপূরণের গল্পই তুলে ধরা হয়েছে ছবিতে। পিটার ফ্যারেলি পরিচালিত সিনেমাটিতে তরুণ সিলভেস্টার স্ট্যালোনের চরিত্রে অভিনয় করেছেন অ্যান্থনি ইপোলিটো। তার বাবার ভূমিকায় ম্যাট ডিলন, প্রথম স্ত্রীর চরিত্রে আনা সোফিয়া রব এবং কার্ল ওয়েদার্সের ভূমিকায় স্টিফেন জেমস অভিনয় করেছেন। ‘নিউইয়র্ক পোস্ট’-এর এক সমালোচকের মতে, ছবিটি অনুপ্রেরণামূলক, হাস্যরসাত্মক ও প্রাণবন্ত। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ৬ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ৮. ওয়াইল্ড হর্স নাইন ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ছবির জন্য আটটি অস্কার মনোনয়ন পেয়েছিলেন পরিচালক মার্টিন ম্যাকডোনা। এবার তিনি নিয়ে আসছেন নতুন সিনেমা ‘ওয়াইল্ড হর্স নাইন’। ছবিতে জন মালকোভিচ ও স্যাম রকওয়েল অভিনয় করেছেন দুই সিআইএ কর্মকর্তার চরিত্রে। ছুটি কাটাতে ইস্টার আইল্যান্ডে যায় তারা। এরপর নানা অদ্ভুত ঘটনা, ব্যতিক্রমী সংলাপ ও সহিংস পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। এর পাশাপাশি রয়েছে রাজনৈতিক ভাষ্য এবং মালকোভিচের অভিনীত চরিত্রের অতীত নিয়ে অনুশোচনার বিষয়। ‘টাইম আউট’-এর সমালোচক ফিল ডি সেমলিয়েনের মতে, ছবিটি একাকী ও মানসিকভাবে বিপর্যস্ত পুরুষদের জীবন, মৃত্যুচেতনা এবং সহিংসতার পরিণতি নিয়ে তৈরি এক মিষ্টি-বিষাদময় গল্প। আন্তর্জাতিকভাবে ৪, ৫ ও ৬ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ৯. বিইং হিউম্যান ‘কোডা’ (CODA) ছবির পরিচালক সিয়ান হেডারের নতুন সিনেমা ‘বিইং হিউম্যান’। প্রতিবন্ধী অধিকারকর্মী জুডিথ হিউম্যানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করার দাবিতে বড় ধরনের আন্দোলন গড়ে ওঠে। সমান অধিকারবিষয়ক বিধি কার্যকর না হওয়ায় জুডিথ হিউম্যান ও তার সহযোদ্ধারা সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল ভবন দখল করে প্রতিবাদ জানান। সেই ঐতিহাসিক আন্দোলনই ছবির মূল বিষয়। জুডিথের চরিত্রে অভিনয় করেছেন রুথ মেডলি। তিনি নিজেও হুইলচেয়ার ব্যবহার করেন। মার্ক রাফালো অভিনয় করেছেন একজন সরকারি কর্মকর্তার ভূমিকায়। ‘দ্য র‍্যাপ’-এর এক সমালোচক রুথ মেডলির অভিনয়ের প্রশংসা করেছেন। একই সঙ্গে ছবিটির সামাজিক গুরুত্বের বিষয়টিও তুলে ধরেছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে ৬ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ১৩ নভেম্বর থেকে এটি দেখা যাবে অ্যাপল টিভি প্লাসে। ১০. জোসেফিন পরিচালক বেথ দে আরাউহোর ‘জোসেফিন’ একটি আবেগঘন ড্রামা। ছবির গল্পের কেন্দ্রে রয়েছে আট বছর বয়সী এক শিশু, যার নাম জোসেফিন। সান ফ্রান্সিসকোর একটি পার্কে বাবার সঙ্গে সময় কাটানোর সময় সে একটি গুরুতর অপরাধের ঘটনা প্রত্যক্ষ করে। এরপর সেই অভিজ্ঞতা তার জীবন ও মানসিক অবস্থায় কী প্রভাব ফেলে, তা নিয়েই এগিয়েছে ছবির গল্প। জোসেফিনের চরিত্রে অভিনয় করেছেন মেসন রিভস। তার বাবার ভূমিকায় রয়েছেন চ্যানিং ট্যাটাম এবং মায়ের চরিত্রে জেমা চ্যান। ছবিতে উঠে এসেছে, এমন অভিজ্ঞতার পর একটি শিশুকে কীভাবে সহায়তা করা যায়, বাবা-মায়ের ভূমিকা কী হওয়া উচিত এবং আদালতে সাক্ষ্য দেওয়ার মতো দায়িত্ব শিশুটির ওপর বর্তায় কি না—এসব জটিল প্রশ্ন। ‘ইন্ডিওয়্যার’-এর সমালোচক কেট এরবল্যান্ড ছবিটিকে অসাধারণ বলে উল্লেখ করেছেন। তার মতে, সিনেমাটি জোরালো সুপারিশ করার মতো হলেও মানসিকভাবে বেশ কঠিন অভিজ্ঞতা তৈরি করে। পরিচালকের গল্প বলার দক্ষতা ছবির উত্তেজনা ও মানসিক টানাপোড়েনকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডে ২০ নভেম্বর এবং কানাডায় ২৭ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ১১. অল অব আ সাডেন ‘ড্রাইভ মাই কার’ ছবির জন্য ২০২২ সালে অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছিলেন জাপানি পরিচালক রিউসুকে হামাগুচি। ছবিটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগেও মনোনয়ন পেয়েছিল। তার পরবর্তী ছবি ‘ইভিল ডাজ নট এক্সিস্ট’ প্রত্যাশিত সাড়া না পেলেও নতুন সিনেমা ‘অল অব আ সাডেন’ নিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। ছবিতে ভার্জিনি এফিরা অভিনয় করেছেন প্যারিসের একটি বৃদ্ধাশ্রমের ব্যবস্থাপকের চরিত্রে। অন্যদিকে, তাও ওকামোতো অভিনয় করেছেন একজন জাপানি থিয়েটার পরিচালকের ভূমিকায়। প্রায় তিন ঘণ্টার এই ড্রামায় দুই নারীর মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠা বন্ধুত্বের গল্প তুলে ধরা হয়েছে। ‘এল’-এর সমালোচক টমরিস ল্যাফলির মতে, এটি জীবন ও মৃত্যু নিয়ে নির্মিত এক কোমল ও দার্শনিক চলচ্চিত্র। যুক্তরাষ্ট্রে ২৫ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ১২. পেপার টাইগার পরিচালক জেমস গ্রে নিয়ে আসছেন নিউইয়র্কের পটভূমিতে নির্মিত অপরাধনির্ভর ড্রামা ‘পেপার টাইগার’। ছবিতে অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, অ্যাডাম ড্রাইভার ও মাইলস টেলার। ১৯৮৬ সালের কুইন্সের পটভূমিতে তৈরি ছবিটির গল্পে পরিচালকের নিজের শৈশবের নানা ঘটনার প্রতিফলন রয়েছে। এতে হেস্টার ও আরউইন নামের এক দম্পতির গল্প তুলে ধরা হয়েছে। হেস্টারের চরিত্রে স্কারলেট জোহানসন এবং আরউইনের ভূমিকায় মাইলস টেলার অভিনয় করেছেন। তাদের দুই ছেলেও রয়েছে। আরউইনের ভাই গ্যারি, যার চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার, একজন সাবেক পুলিশ কর্মকর্তা। রাজনৈতিক যোগাযোগ ও ব্যক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে সে একটি প্রকল্পে নিজের ভাইকে যুক্ত করে। প্রকল্পটির লক্ষ্য রুশ অভিবাসীদের জন্য একটি দূষিত খাল পরিষ্কার করা। কিন্তু রুশ গ্যাংস্টারদের সংশ্লিষ্টতার কারণে পরিকল্পনা দ্রুত জটিল হয়ে ওঠে। ‘ডেইলি বিস্ট’-এর এক সমালোচকের মতে, ছবিটি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের সঙ্গে টানটান উত্তেজনার চমৎকার সমন্বয় ঘটিয়েছে। আবেগ, ক্ষোভ ও আতঙ্কের নানা মুহূর্তে ভরপুর সিনেমাটি। যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৩ নভেম্বর মুক্তি পাবে ‘পেপার টাইগার’। বিবিসি