পিএসজিকে প্রত্যাখান, বিস্ময় বালক গ্যাব্রিয়েলকে পেতে এগিয়ে রিয়াল
গণমাধ্যম ডেক্স
প্যারিস সেইন্ট-জার্মেইর (পিএসজি) লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিভাবান তরুণ ফুটবলার জিজি গ্যাব্রিয়েল। ফলে ১৬ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডারকে দলে ভেড়ানোর দৌড়ে এখন সবার চেয়ে এগিয়ে রিয়াল মাদ্রিদ। মূল দলে খেলার পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় কোচ মাইকেল ক্যারিকের ওপর অসন্তুষ্ট হয়ে ওল্ড ট্রাফোর্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই উঠতি তারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-এর তথ্য অনুযায়ী, পিএসজির সংশোধিত ও আর্থিক সুবিধাসমৃদ্ধ নতুন চুক্তি প্রত্যাখ্যান করেছেন গ্যাব্রিয়েল। বেশ বাড়িয়ে দেওয়া প্রস্তাব সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা ফরাসি জায়ান্টদের জানিয়ে দিয়েছেন তিনি ও তার প্রতিনিধিরা। গ্যাব্রিয়েল নিজে স্পেনে পাড়ি জমাতে ইচ্ছুক, যেখানে তিনি নিজের প্রতিভা ও সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে বিকশিত করতে চান।
উদীয়মান প্রতিভাদের সুযোগ দেওয়ার সুনাম দেখিয়ে এই ইংলিশ তরুণকে রাজি করানোর আশা করেছিল পিএসজি। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখও প্রাথমিক আগ্রহ দেখালেও চড়া দরকষাকষিতে যেতে রাজি না হওয়ায় তারা দ্রুত পিছু হটে। বর্তমানে গ্যাব্রিয়েল ও তার এজেন্ট আল বারাতের চোখ লা লিগায়। লস ব্লাঙ্কোরা এই তরুণের জন্য তিন বছরের মেয়াদে ১ কোটি ইউরোর (প্রায় ৮৭ লাখ পাউন্ড) বেশি সমপরিমাণ একটি আকর্ষণীয় প্যাকেজ প্রস্তুত করছে। তবে এই অর্থ ইউনাইটেডকে দেওয়া কোনো ট্রান্সফার ফি নয়, বরং খেলোয়াড় ও তার প্রতিনিধির প্রাপ্য সার্বিক প্যাকেজ।
গত সেপ্টেম্বরেই ওল্ড ট্রাফোর্ড ছাড়ার আনুষ্ঠানিক আবেদন জানান গ্যাব্রিয়েল। ক্যারিয়ার বিকাশের পরিকল্পনা নিয়ে মতপার্থক্য এবং ক্যারিকের অধীনে সিনিয়র দলে পর্যাপ্ত খেলার সুযোগ না মেলাতেই মূলত ক্ষুব্ধ হন এই তরুণ। চলতি মৌসুমে মাঠে নামার নির্দিষ্ট সময় নিশ্চিত করার দাবি জানিয়েছিল তার প্রতিনিধিরা। কিন্তু রেড ডেভিল কর্তৃপক্ষ সেই শর্ত মানতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে সম্পর্ক মেরামতের সব চেষ্টাই ব্যর্থ হয়।
মাত্র ১১ বছর বয়সে ম্যানইউ একাডেমিতে যোগ দেওয়া এই মিডফিল্ডারের যুব ফুটবলের রেকর্ড অসাধারণ। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ৩২ ম্যাচে ২৯টি গোল করার কীর্তি রয়েছে তার। যার সুবাদে সিনিয়র দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতেও ডাক পেয়েছিলেন তিনি।
এদিকে, রিয়াল মাদ্রিদ সুবিধাজনক অবস্থানে থাকলেও গ্যাব্রিয়েল এখনো আনুষ্ঠানিকভাবে তার পরবর্তী গন্তব্যের কথা নিশ্চিত করেননি। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে আন্তর্জাতিক ট্রান্সফারের ক্ষেত্রে ফিফার নিয়ম শিথিলকরণের জন্য ইউরোপীয় পাসপোর্টের প্রয়োজন হয়। এই আইনি ও দাপ্তরিক প্রক্রিয়াগুলো সম্পন্ন হওয়ার পরই তার ভবিষ্যৎ চূড়ান্ত হবে। সব প্রক্রিয়া শেষ করে তিনি বিদেশে পাড়ি জমালে ম্যানচেস্টার ইউনাইটেড কেবল নামমাত্র ৩ লাখ ৫০ হাজার পাউন্ড 'ট্রেনিং কমপেনসেশন' পাবে, যা রেড ডেভিলদের জন্য বড় এক ধাক্কা।
সূত্র: নতুন আরএসএস সোর্স