|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সুন্দরবনে কোস্টগার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলিসহ উদ্ধার ৫ জেলে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৬:৫২ পিএম
৩৭৪ পঠিত
সুন্দরবনে কোস্টগার্ডের পৃথক অভিযান, অস্ত্র-গুলিসহ উদ্ধার ৫ জেলে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সুন্দরবনে বনদস্যু দমনে কোস্টগার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাত সাত্তার বাহিনীর কবল থেকে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউ...
সুন্দরবনে বনদস্যু দমনে কোস্টগার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাত সাত্তার বাহিনীর কবল থেকে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা ৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা বনের গভীরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। উদ্ধার হওয়া জেলেরা হলেন- কয়রা উপজেলার জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭)। কোস্টগার্ড সূত্রে জানা যায়, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে কয়রা থানার সুন্দরবনের আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কয়রা ও দোবেকী। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সাত্তার বাহিনীর সদস্যরা জিম্মি জেলেদের ফেলে বনের গভীরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকা থেকে চারটি দেশীয় ওয়ান শুটারগান, ছয় রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি দস্যুদের কবলে থাকা পাঁচ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অন্যদিকে, একই দিন বেলা ১১টার দিকে দাকোপ থানার সুন্দরবনের কুমড়োখালী খালসংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন নলিয়ান। গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রধারী একটি দল সেখানে অবস্থান করছে জানতে পেরে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে ওই দলের সদস্যরাও বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা চারটি একনলা বন্দুক, একটি শূন্য দশমিক ২২ ক্যালিবারের বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, শূন্য দশমিক ২২ ক্যালিবারের বন্দুকের ৫২টি গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। কোস্টগার্ড আরও জানায়, উদ্ধার হওয়া পাঁচ জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দ অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের নির্দেশনা, স্থানীয় জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে তারা আশাবাদী।

সূত্র: কালবেলা