|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দিনাজপুরে শুরু হচ্ছে ৩ দিনের ইজতেমা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:৪০ পিএম
২৩৭ পঠিত
দিনাজপুরে শুরু হচ্ছে ৩ দিনের ইজতেমা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দিনাজপুরে অষ্টমবারের মতো শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আগামী শুক্রবার (৬ নভেম্বর) গোর-এ-শহীদ বড় ময়দানের হেলিপ্যাড প্রাঙ্গণে শুরু হয়ে ইজতেমা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। ইজতেমা উপলক্ষে মাঠে মুসল্লিদের জন্য প্যান্ডেল, টয়লেট, অজুখানা, পানির ব্যবস্থা...

দিনাজপুরে অষ্টমবারের মতো শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। আগামী শুক্রবার (৬ নভেম্বর) গোর-এ-শহীদ বড় ময়দানের হেলিপ্যাড প্রাঙ্গণে শুরু হয়ে ইজতেমা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

ইজতেমা উপলক্ষে মাঠে মুসল্লিদের জন্য প্যান্ডেল, টয়লেট, অজুখানা, পানির ব্যবস্থা এবং আগত মেহমানদের থাকার কক্ষ নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে তৈরি করা হয়েছে দুই শতাধিক টয়লেট। পানির জন্য স্থাপন করা হয়েছে টিউবওয়েল ও সাবমার্সিবল পাম্প। বিদেশি মেহমান ও বয়স্ক তাবলিগের সাথীদের জন্য মাঠের দক্ষিণ পাশে তৈরি করা হয়েছে বিশেষ কক্ষ।

ইজতেমায় দিনাজপুরের ১৩টি উপজেলাসহ ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

জেলা তাবলিগ জামাতের আমিরে ফয়সাল ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম জানান, ইজতেমায় বাংলাদেশের আমিরে ফয়সাল, ঢাকার কাকরাইলের দায়িত্বশীলসহ দেশের বিভিন্ন পর্যায়ের মুরব্বিরা উপস্থিত থাকবেন।

জেলা তাবলিগ জামাতের আরেক দায়িত্বশীল শেখ সাবির আলী জানান, সৌদি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সুদানের জামাত ইতোমধ্যে দিনাজপুরে অবস্থান করছে। আরও কয়েকটি দেশের জামাত পথে রয়েছে। তারা ইজতেমায় মুসল্লিদের উদ্দেশে আমবয়ান পেশ করতে পারেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হলেও বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে জামাত আসতে শুরু করবে। এতে মুসল্লিদের উপস্থিতিতে মাঠ পূর্ণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকরা জানান, ইজতেমার প্রস্তুতি ও স্বেচ্ছাশ্রমে অংশ নিতে বুধবার বিকেল থেকেই মুসল্লিরা মাঠে আসতে শুরু করেছেন। ইজতেমার সার্বিক কার্যক্রম পরিচালনায় মো. মেহেরুল ইসলাম ও হাবিপ্রবির অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম আমিরে ফয়সালের দায়িত্ব পালন করবেন। এছাড়া রয়েছেন ১০ জন শুরা সদস্য।

উল্লেখ্য, ২০১৭ সালে দিনাজপুরে প্রথম জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। করোনার কারণে দুই বছর ইজতেমা আয়োজন বন্ধ ছিল। এবারের আয়োজন নিয়ে জেলায় অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইজতেমা।

সূত্র: নতুন আরএসএস সোর্স