|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নতুন নাটক, সঙ্গে গান–কবিতা, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০১:০০ এএম
৩৯০ পঠিত
নতুন নাটক, সঙ্গে গান–কবিতা, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

আজ ও আগামীকাল ছুটির দুই দিন রাজধানীতে থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। এর মধ্যে আজ মঞ্চে আসছে নবরসের নতুন নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’ ও ফরাসি পাপেটশিল্পী লরি ক্যানাকের পরিবেশনা ‘ইনভিজিবল স্টোরিজ’। ছুটির দুই দিনে আর কোথায় কী আয়োজন থাকছে, চলুন একনজরে দেখে নেওয়া যাক।

সোজন বাদিয়ার ঘাট’–এর উদ্বোধনী মঞ্চায়ন

জসীম উদ্‌দীনের আখ্যানকাব্য সোজন বাদিয়ার ঘাট অবলম্বনে নতুন নাটক আনছে নবরস। আজ সন্ধ্যা সাতটায় রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির কারিগরি মঞ্চায়ন হয় গত ২৫ অক্টোবর।

নাটকের কলাকুশলীদের মধ্যে আছেন আফিয়া জামান, কাশিফ আলফি আহমেদ, সৈয়দা শামছি আরা সায়েকা, ইউসুফ রাসেল, নাজমুল হাসান, নাজমুল হক, শাখাওয়াত হোসেন, হামীম সুলতান, মোহাম্মদ ইমরান খান, গোলাম মোর্শেদ, রাজীব চন্দ্র দাস, এম শাহজাদা, ওমর ফারুক প্রমুখ।

দুই দিনে ‘ইনভিজিবল স্টোরিজ’

বাংলাদেশের লোককথা, ভূতের গল্প ও সুন্দরবনের প্রকৃতিকে কেন্দ্র করে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, কম্পানি গ্রেইন দ্য ভি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ প্রযোজনা ইনভিজিবল স্টোরিজ। আজ ও আগামীকাল সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী হবে। ফরাসি পাপেটশিল্পী লরি ক্যানাকের নির্দেশনায় অভিনয় করবেন তিনি নিজে ও স্বাতী ভদ্র। সঙ্গে থাকবে সরাসরি সংগীত পরিবেশনা।

ভূত ও অতিপ্রাকৃত বিষয় নিয়ে গবেষণা করতে গিয়ে ঢাকা থেকে সুন্দরবনের রহস্যময় জগতে পৌঁছে যান দুই বিজ্ঞানী। তাঁদের অনুসন্ধানের মধ্য দিয়ে এগিয়ে যাবে গল্প। আজকের প্রদর্শনী ইংরেজি ও বাংলায় হবে, আগামীকালেরটি ফরাসি ও বাংলায়। আসন খালি থাকা সাপেক্ষে বিনা মূল্যে নাটকটি দেখতে পারবেন দর্শক।

‘সম্ + সার’-এর দৃশ্য। শূন্যের সৌজন্যে

‘সম্ + সার’-এর দুটি প্রদর্শনী

জীবনানন্দ দাশের উপন্যাস ‘মাল্যবান’ অবলম্বনে আজ মঞ্চস্থ হবে সম্ + সার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় নাটকটির দুটি প্রদর্শনী হবে। পাণ্ডুলিপি সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন খন্দকার রাকিবুল হক। মাল্যবান চরিত্রে অভিনয় করছেন শাহজাদা সম্রাট চৌধুরী। উৎপলা চরিত্রে আছেন যাজ্ঞোসিনী মৌ ও তাসনুভা তামান্না।

গান–কবিতা ও শিল্পের ‘অযথাকাণ্ড’

গুলশানের স্ট্যাক গ্যালারিতে আজ ও আগামীকাল হবে ‘অযথাকাণ্ড’। দর্শনীর বিনিময়ে আয়োজনটিতে থাকছে শিল্পকর্ম প্রদর্শনী, সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি ও খাবারের ব্যবস্থা।

প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে আয়োজন। আজ সংগীত পরিবেশনায় থাকবেন ডিজে মাহদি। আগামীকাল থাকবেন ডিজে লুনিথভয়েড।

‘ইশক-এ-নুসরাত’–এ গাইবে ব্যান্ড সুফিতান। ব্যান্ডের ফেসবুক থেকে

শনিবার ‘ইশক-এ-নুসরাত’

১৩ অক্টোবর ছিল ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মদিন। এ উপলক্ষে আগামীকাল শনিবার ঢাকায় বসবে বিশেষ কাওয়ালিসন্ধ্যা ‘ইশক-এ-নুসরাত’। ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করেছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।

কাওয়ালি পরিবেশন করবে ব্যান্ড সুফিতান ও নাফস। পাশাপাশি এইচইউ সুফি ট্রুপের পরিবেশনায় থাকবে সুফি নৃত্য। বিকেল সাড়ে চারটায় দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত।

সূত্র: প্রথম আলো