|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মুছে ফেলা হলো ঢাকা কলেজের জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি, জানেন না অধ্যক্ষ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৩৪ পিএম
২৩৫ পঠিত
মুছে ফেলা হলো ঢাকা কলেজের জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি, জানেন না অধ্যক্ষ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঢাকা কলেজে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। শুক্রবার (৬ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের...

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঢাকা কলেজে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তবে গ্রাফিতি মুছে ফেলার বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

শুক্রবার (৬ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজের নায়েমের গলিসংলগ্ন প্রাচীরে দুই বছরেরও অধিক সময়ের পুরোনো আন্দোলনের সময় আঁকা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতিগুলো সাদা রং দিয়ে মুছে ফেলা হচ্ছে। এছাড়া, মিরপুর রোড সংলগ্ন কলেজের সামনে অংশেও মুছে দেওয়া হয়েছে গ্রাফিতি। এতে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রজনতার সংগ্রাম আর রাষ্ট্র সংস্কারে দাবিগুলোও হারিয়ে গেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তৎকালীন গ্রাফিতি অঙ্কনের নেতৃত্ব দেওয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত বলেন, ঢাকা কলেজ ক্যাম্পাসের দেয়াল থেকে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার মধ্য দিয়ে কলেজ প্রশাসন একটা অগণতান্ত্রিক এবং জুলাই স্মৃতি বিরোধী দৃষ্টান্ত স্থাপন করল। কিন্তু কোনোভাবেই জুলাইয়ের স্মৃতি, সংগ্রাম এবং আকাঙ্ক্ষাকে মুছে ফেলা যাবে না। যারা জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলতে পারে, তারা কীভাবে জুলাইয়ের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে? এই প্রশ্ন আমরা করতে চাই।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি আসবে ক্যাম্পাসের জন্য এটা খুব ভালো ব্যাপার। কিন্তু তার জন্য পরিচ্ছন্নতার অজুহাতে দেয়াল থেকে গ্রাফিতি মুছে ফেলা যায় না। গ্রাফিতি কি অপরিষ্কার? এটা তো ফ্যাসিস্টদের মতো ব্যাপার। যখন যা মন চায় তারা তাই করে।

তিনি আরও বলেন, আমরা মনে করি তারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না বলেই পরিষ্কারকরণ নামে জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলছে। পরিষ্কার করতে হলে ক্যাম্পাসের জঞ্জালগুলোকে পরিষ্কার করুক। ক্যাম্পাসের মাঠের মধ্যে ময়লা পড়ে থাকে, সেগুলো পরিষ্কার করতে পারে না তারা? দেয়াল মুছতে গিয়ে জুলাইয়ের গ্রাফিতি যেগুলো এখনো উজ্জ্বল সবার কাছে, এই গ্রাফিতির অপসারণ করার তো কোনো মানে হয় না।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কলেজের শিক্ষার্থী মো. জুলফিকার এক ফেসবুক পোস্টে লেখেন, ঢাকা কলেজের প্রতিটি দেয়ালে জুলাইয়ের সব গ্রাফিতি এই ভাবে মুছে দেওয়া কতটা সমিচীন। পুনরায় আবার গ্রাফিতি আঁকা হবে কি না কলেজ প্রশাসনের কাছে জানতে চাই। এই ভাবে জুলাইকে মুছে দিতে পারি না। সব ছাত্র প্রতিনিধিদের বিষয়টি নিয়ে কথা বলা উচিত।

ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন বলেন, কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ক্যাম্পাসে আসবেন। তাই সৌন্দর্য রক্ষার অংশ হিসেবে পুরো ক্যাম্পাসের দেয়ালগুলোতে রং করা হচ্ছে। জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার উদ্দেশ্যে রং করা হচ্ছে না।

পুনরায় গ্রাফিতিগুলো অংকনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জুলাইয়ের স্মৃতিগুলো আমরা আমাদের মতো করে অংকন করবো কিংবা অন্যান্য সংগঠন বা সামাজিক সংগঠনগুলো চাইলে সুন্দর করে আবার অংকন করতে পারে।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, আমি ক্যাম্পাসে থাকাকালীন সময় পর্যন্ত এ বিষয়টি অবগত ছিলাম না। পরে বিষয়টি জানতে পেরেছি। কলেজে থাকাকালীন জানলে গ্রাফিটি মুছে ফেলতে নিষেধ করে আসতাম। 

তিনি আরও বলেন, গ্রাফিতির ব্যাপারে আমাদের কোনো রকম নেতিবাচক কোনো নির্দেশনা নাই। এটা স্পষ্টভাবে বলছি। এ বিষয়ে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা হয়েছে।

পুনরায় গ্রাফিতি অঙ্কন করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মুছে ফেললে সেটা লিখে দিতে হবে আর যদি মুছা না হয়ে থাকে, বাকিটুকু না মুছে কীভাবে ওই সংস্কার করা যায় সে চেষ্টা করা। কারণ আমাদের সংস্কার দরকার, এটা হলো মূল কথা। কিন্তু গ্রাফিতিকে বাদ দিয়ে না।

এছাড়াও দেয়াল থেকে জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চ ঢাকা কলেজ শাখা। একইসঙ্গে মুছে ফেলা গ্রাফিতি দ্রুত পুনরুদ্ধারসহ ৪ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজটির সাবেক শিক্ষার্থী ও শিক্ষক এবং বাংলাদেশের বর্তমান ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স