|
| |
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কর্মবাজারের বাস্তবমুখী সংস্কার জরুরি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৬, ০৩:৩৫ এএম
৩১২ পঠিত
কর্মবাজারের বাস্তবমুখী সংস্কার জরুরি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যেমন বিশ্বব্যাংক যে দুর্বলতাগুলো চিহ্নিত করেছে, সেখানে কর্মীদের ‘গভীর চিন্তা করার দক্ষতা’ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

দেশে উচ্চশিক্ষা প্রসারের ক্রমবর্ধমান হারের সঙ্গে উপযুক্ত কর্মসংস্থান ও দক্ষ জনবল তৈরির বিপরীত যাত্রার যে ছবি, তা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অশনিসংকেত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৭ সালে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বেকার ছিলেন ৪ লাখ ৫ হাজার, যা ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ৮৫ হাজারে; অর্থাৎ আট বছরের ব্যবধানে শিক্ষিত বেকারত্ব বেড়েছে ১১৯ শতাংশ।

অন্যদিকে গত ১৫ অক্টোবর প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার এবং উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন পেশায় আছেন, যেখানে তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা পুরোপুরি কাজে লাগছে না। এর অর্থ হলো উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পেলেও দেশের তরুণ জনসংখ্যার বড় অংশকেই মানসম্মত কাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অর্থনীতিতে যুক্ত করা সম্ভব হচ্ছে না।  

একদিকে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি, অন্যদিকে দ্রুত বিকাশমান শিল্প খাতগুলোর দক্ষ কর্মী–সংকট—এটি বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিকে গভীরভাবে তলিয়ে দেখার স্পষ্ট ইঙ্গিত দেয়। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সনদ প্রদান করতে সক্ষম হলেও দক্ষ কিংবা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার মতো কর্মী তৈরি করতে পারছে না।

উদ্যোক্তারা বলছেন, আধুনিক ‘সফট স্কিল’, ইংরেজি ভাষা, সমস্যা সমাধানের দক্ষতা ও প্রযুক্তির সঠিক প্রয়োগে প্রার্থীরা আশানুরূপ পারদর্শিতা দেখাতে পারছেন না। অন্যদিকে বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের কর্মীদের মধ্যে গভীর চিন্তা করার দক্ষতা, নেতৃত্বগুণ ও দলগত কাজের সংস্কৃতিতে দুর্বলতা রয়েছে।  

বিশেষজ্ঞদের মতে, এই সংকটের মূলে রয়েছে আমাদের শিক্ষাব্যবস্থার ঘাটতি এবং কর্মবাজারের চাহিদার সঙ্গে পাঠ্যক্রমের অসামঞ্জস্য। উপরন্তু ভিয়েতনাম, থাইল্যান্ড বা ভারতের মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমাদের ‘স্টেম’ (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষার হার অত্যন্ত নগণ্য। গবেষণাগারে হাতে-কলমে শেখার সুযোগের অভাব এবং মুখস্থবিদ্যাভিত্তিক পাঠ্যক্রম তরুণদের শুধু ডিগ্রিভিত্তিক সনদ জোগাচ্ছে, কর্মক্ষেত্রের উপযোগী করে তুলছে না।  

দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা জনমিতিক লভ্যাংশের সময়সীমা দ্রুত ফুরিয়ে আসার তথ্যও আমাদের জন্য এক আগাম সতর্কবার্তা। জনমিতিক সুবিধার যে সুসময় বাংলাদেশ উপভোগ করছে, তা ২০৪৫ সালের পর আর থাকবে না বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে। (ডেইলি স্টার, ৪ নভেম্বর ২০২৬) এখনই যদি এই বিপুল কর্মক্ষম ও শিক্ষিত তরুণকে আধুনিক শিল্প চাহিদানুযায়ী দক্ষ করে না তোলা যায়, তবে বাংলাদেশ এই সুযোগ চিরতরে হারাবে।  

এই বাস্তবতা মোকাবিলার জন্য রাষ্ট্রীয়ভাবে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে হবে এখনই। বিষয়টিকে কেবল দক্ষ কর্মী তৈরি কিংবা ব্যবহারিক ও কারিগরি জ্ঞানের পরিধি বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ রাখলে মূল সমস্যার সমাধান হবে না।

যেমন বিশ্বব্যাংক যে দুর্বলতাগুলো চিহ্নিত করেছে, সেখানে কর্মীদের ‘গভীর চিন্তা করার দক্ষতা’ নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কেবল ব্যবহারিক বা কারিগরি দক্ষতা অর্জন দিয়ে এর সুরাহা সম্ভব নয়। ফলে আমরা মনে করি, তত্ত্বীয় জ্ঞান ও কারিগরি জ্ঞানকে একে অপরের বিকল্প না ভেবে দুটির মধ্যে যুগপৎ সমন্বয় সাধন করতে হবে। মৌলিক শিক্ষা জোরদারের জন্য দেশের শিক্ষাব্যবস্থা, বিশেষত উচ্চশিক্ষা খাতকে ঢেলে সাজানো জরুরি।  

পাশাপাশি আমাদের এই প্রশ্নও তোলা দরকার—যদি উচ্চশিক্ষিত ও দক্ষ কর্মী তৈরি করাও যায়, বাংলাদেশের বিদ্যমান কর্মসংস্থান বাজার কি তাঁদের সবার জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারবে? কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাম্প্রতিক উত্থান ও বিস্তার উল্টো বিদ্যমান কর্মসংস্থানকে সংকুচিত করে তুলছে। ফলে দক্ষ কর্মী তৈরির পাশাপাশি বাংলাদেশ রাষ্ট্রকে এমন কার্যকর কৌশল গ্রহণ করতে হবে, যাতে সামগ্রিক কর্মসংস্থানের পরিধিও বৃদ্ধি পায়।

সূত্র: প্রথম আলো