|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘আগামী ১ ডিসেম্বর থেকে দেশে পালিত হবে সাংস্কৃতিক উৎসব’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৬ পিএম
৩৯১ পঠিত
‘আগামী ১ ডিসেম্বর থেকে দেশে পালিত হবে সাংস্কৃতিক উৎসব’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে জাতীয় সাংস্কৃতিক উৎসব পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেও...

আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে জাতীয় সাংস্কৃতিক উৎসব পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অন্যান্য খাতের মতো সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকেও নতুন মাত্রায় নিয়ে যেতে চায় সরকার। দীর্ঘদিন ধরে এ দুটি ক্ষেত্র অবহেলিত ছিল। সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে নানা ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলাও ছিল। সবার সহযোগিতায় একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সংস্কৃতি ও ক্রীড়াঙ্গন গড়ে তুলতে কাজ করছে সরকার।

তিনি বলেন, রাজবাড়ীর ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের অবস্থা দীর্ঘদিনের অবহেলা ও পৃষ্ঠপোষকতার অভাবে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। স্টেডিয়াম, সুইমিং পুল ও শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রয়োজন রয়েছে। ইতোমধ্যে স্টেডিয়াম ও সুইমিং পুল পুনর্গঠনসহ ক্রীড়াভিত্তিক বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজবাড়ীর ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অতীতে সমৃদ্ধ ঐতিহ্য ছিল। সেই ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে চায় সরকার। নতুন প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করাই নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনের অন্যতম লক্ষ্য। কারণ, সাম্প্রতিক সময়ে নানা কারণে তরুণ প্রজন্ম খেলাধুলা ও সংস্কৃতি থেকে দূরে সরে গেছে।

নতুন প্রজন্মের উদ্দেশে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরদের মানসিক উৎকর্ষ, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশপ্রেম ও মানবিক বোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে তাদের খেলাধুলা ও সংস্কৃতিতে যুক্ত করতে হবে। নতুন প্রজন্মকে সময়োপযোগী মানসিকতায় গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন।

এর আগে, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ উপস্থিত অতিথিরা। 

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর রাজবাড়ী সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন ও রাজবাড়ী পৌরসভার আয়োজনে স্থানীয় পর্যায়ে বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) শুভ উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক, আফরোজা পারভীন, পুলিশ সুপার, মীর মনির হোসেন এবং রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মো. ফয়জুর রহমানসহ অন্যরা। 

সূত্র: নতুন আরএসএস সোর্স