|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এআইইউবির অংশগ্রহণ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৩:৩৬ পিএম
৪২৬ পঠিত
ইন্দোনেশিয়ার বালিতে কিউএস হায়ার এডুকেশন সামিট: এআইইউবির অংশগ্রহণ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণ ও বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক পরিচিতি তুলে ধরার লক্ষ্যে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসিফিক ২০২৬–এ অংশ নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। ৩ থেকে ৫ নভেম্বর বালি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অ্যাডভান্সিং এডুকেশন ফর পারপাস অ্যান্ড ইমপ্যাক্ট’। এতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা খাতের নেতৃস্থানীয় ব্যক্তি, নীতিনির্ধারক ও শিক্ষাবিদেরা অংশ নেন। সম্মেলনে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, উদ্ভাবন, গবেষণা ও কার্যকর বৈশ্বিক অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এআইইউবি প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কারমেন জেড লামাগনা, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাইফুল ইসলাম, অফিস অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি ডিরেক্টর ও সিনিয়র সহকারী অধ্যাপক কারলিন নোয়েল জিটা লামাগনা, র‍্যাঙ্কিং ও গ্লোবাল এনগেজমেন্টের পরিচালক ও সিনিয়র সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও জনসংযোগ বিভাগের প্রধান মো. আবু মিয়া আকন্দ।

বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক পরিচিতি ও সম্ভাবনা তুলে ধরতে এআইইউবি সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নের অংশ হিসেবে প্রতিনিধিত্ব করে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পর ইশতিয়াক আবেদীন ও কারমেন জেড লামাগনা উচ্চশিক্ষার পরিবর্তনশীল পটভূমি ও উদ্দেশ্যভিত্তিক আন্তর্জাতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা পর্বে অংশ নেন। অন্যদিকে অধ্যাপক সাইফুল ইসলাম একাডেমিক অধিবেশনে অংশ নিয়ে উচ্চশিক্ষার উদীয়মান প্রবণতা ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা লাভ করেন।

অশ্বিন ফার্নান্দেস, ভাইস প্রেসিডেন্ট স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট, বাংলাদেশের প্রতিনিধিদলের উপস্থিতিতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল কিউএস কর্মকর্তাদের সঙ্গে এআইইউবি প্রতিনিধিদলের বৈঠক। বৈঠকে বাংলাদেশে এআইইউবির আয়োজনে একটি কিউএস ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ও এর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।

সম্মেলনজুড়ে এআইইউবি প্রতিনিধিদল এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করে। এসব আলোচনায় একাডেমিক অংশীদারত্ব, যৌথ গবেষণা, শিক্ষক–শিক্ষার্থী বিনিময় এবং সম্ভাব্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়গুলো গুরুত্ব পায়।

সূত্র: প্রথম আলো