|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইরানের যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে: ভ্যান্স

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:২৯ এএম
৪৩৫ পঠিত
ইরানের যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে: ভ্যান্স
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, নির্বাচনে দলটির পরাজয়ের আসল কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আর তা হলো, ই...
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, নির্বাচনে দলটির পরাজয়ের আসল কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আর তা হলো, ইরান যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টের মেয়াদের ওপর বড় ধরনের অনাস্থা হিসেবেই দেখা হচ্ছে এই নির্বাচনের ফলাফলকে। খবর দ্য গার্ডিয়ানের। ভ্যান্সের এ বক্তব্যকে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান থেকে তার দূরত্ব তৈরির চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। একসময় তেহরানের সঙ্গে সমঝোতার উদ্যোগে ট্রাম্প প্রশাসনের অন্যতম মুখ ছিলেন তিনি। তবে অজনপ্রিয় এই সংঘাত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনাও রয়েছে তার। এক্সে দেওয়া পোস্টে ভ্যান্স বলেন, ‘আমরা কেন হেরেছি, তার আসল কারণ প্রায় সবার কাছেই স্পষ্ট। আমরা হেরেছি ইরান যুদ্ধের কারণে। প্রেসিডেন্ট নিজেও গত রাতে তা বলেছেন।’ তিনি আরও বলেন, ‘কেউ যদি যুক্তি দিতে চান যে এই যুদ্ধের মূল্য হিসেবে আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানো সার্থক ছিল, তাহলে তিনি তা করতে পারেন। কেন এই মূল্য দেওয়া সার্থক ছিল, সেই যুক্তি তুলে ধরুন। একমত হোন বা দ্বিমত, অন্তত সেটি হবে সৎ আলোচনা।’ ভ্যান্স বলেন, ‘আমরা কেন হেরেছি, তা সবাই জানেন। এখন থেকে আমাদের করণীয় নিয়ে যে কোনো সৎ আলোচনা শুরু হতে হবে এই বাস্তবতা থেকেই।’ প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকায় ভ্যান্স শুরু থেকেই এ সংঘাত নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ঐতিহাসিক পরাজয়ের মুখে মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালকেও একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। ইরান যুদ্ধ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইরানও এর একটি অংশ ছিল।’ তবে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই বলেও জানান ট্রাম্প। তার মতে, ‘আমি এটা নিয়ে ভাবি না। আমি সঠিক কাজটিই করেছি। আবারও এমন কিছু হলে একই কাজ করতাম।’ সূত্র : দ্য গার্ডিয়ান

সূত্র: নতুন আরএসএস সোর্স