|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ১০:০৫ এএম
৪১৮ পঠিত
ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে যেসব ভোটারকে মার্কিন নাগরিক নয় বলে দাবি করছে দেশটির বিচার বিভাগ, তাদের ব্যালট বাতিল করার নির্দেশ দিতে ট্রাম্প প্রশাসনের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সোমবার (০২ নভেম্বর) দেওয়া এ রায়কে অঙ্গরাজ্যের নির্বাচনে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের চেষ্টা হিস...

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে যেসব ভোটারকে মার্কিন নাগরিক নয় বলে দাবি করছে দেশটির বিচার বিভাগ, তাদের ব্যালট বাতিল করার নির্দেশ দিতে ট্রাম্প প্রশাসনের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সোমবার (০২ নভেম্বর) দেওয়া এ রায়কে অঙ্গরাজ্যের নির্বাচনে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের চেষ্টা হিসেবে দেখছিলেন ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা। নিম্ন আদালতগুলোও এর আগে অঙ্গরাজ্য কর্তৃপক্ষের পক্ষে রায় দিয়েছিল। খবর দ্য গার্ডিয়ানের।

জরুরি ভিত্তিতে আদালতে আসা মামলার ক্ষেত্রে সাধারণত যেমনটি হয়ে থাকে, সুপ্রিম কোর্ট এবারও রায়ের পক্ষে কোনো ব্যাখ্যা দেয়নি। বিচারপতিদের মধ্যে কেউ ভিন্নমত পোষণ করেছেন বলেও উল্লেখ করা হয়নি।

বিচার বিভাগের দাবি, ক্যালিফোর্নিয়ার ভোটার তালিকায় ২০ হাজার মার্কিন নাগরিক নন এমন ব্যক্তিদের নাম রয়েছে। এ দাবি ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষের মধ্যে আইনি বিরোধ চলছে।

গত অক্টোবরের মাঝামাঝি লস অ্যাঞ্জেলেস ও স্যাক্রামেন্টোর নির্বাচন কর্মকর্তাদের কাছে একটি ইউএসবি ড্রাইভে ওই ব্যক্তিদের নামের তালিকা পাঠায় বিচার বিভাগ। তালিকাটি যাচাইয়ের জন্য কর্মকর্তাদের মাত্র ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়। পাশাপাশি তালিকাভুক্ত ব্যক্তিরা নিজেদের নাগরিকত্বের প্রমাণ না দেওয়া পর্যন্ত তাদের ব্যালট আলাদা করে না রাখলে মামলা করার হুমকি দেওয়া হয়। তবে নির্বাচন কর্মকর্তারা এ দাবি মানতে অস্বীকৃতি জানান। এরপর বিষয়টি নিয়ে একের পর এক আইনি লড়াই শুরু হয়।

বিচার বিভাগের দাবির পরপরই এর বিরোধিতা করেন অঙ্গরাজ্যের কর্মকর্তারা ও ভোটাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। তারা প্রশ্ন তোলেন, কীভাবে ওই তালিকা তৈরি করা হয়েছে। একই সঙ্গে তাদের অভিযোগ, মধ্যবর্তী নির্বাচন নিয়ে সন্দেহ ও অবিশ্বাস তৈরির কৌশল হিসেবে এ উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

তালিকা তৈরির পদ্ধতি ও বিশ্লেষণের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায় বিচার বিভাগ। অন্যদিকে নির্বাচন কর্মকর্তাদের প্রাথমিক বিশ্লেষণে তালিকাটিতে বেশ কিছু ভুল থাকার ইঙ্গিত পাওয়া যায়।

তালিকা পাওয়ার পর এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্লার্ক ও রেকর্ডার ডিন লোগান বলেন, ‘বিচার বিভাগ তাদের দাবির পক্ষে কোনো মূল প্রমাণ, তথ্যের উৎস কিংবা পদ্ধতি সরবরাহ করেনি। তাদের নথিতে যাদের নাম রয়েছে, তারা ভোট দেওয়ার অযোগ্য এমন দাবির ভিত্তিও জানানো হয়নি।’

এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও বিচার বিভাগ তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার শীর্ষ ডেমোক্র্যাট নেতারা। এক বিবৃতিতে অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম বলেন, ‘নিম্ন আদালতগুলোয় বারবার হেরে যাওয়ার পর দেশের সর্বোচ্চ আদালত ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের ক্যালিফোর্নিয়ার নির্বাচনী প্রক্রিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন আক্রমণ দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন। এমনকি বিষয়টি নিয়ে শুনানিতেও যাননি।’

অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বোন্টা বলেন, ‘এই সর্বশেষ সিদ্ধান্তের মধ্য দিয়ে জরুরি আদালতের আদেশ ব্যবহার করে ক্যালিফোর্নিয়ার নির্বাচন ব্যাহত করার প্রশাসনের চেষ্টা বন্ধ হওয়া উচিত। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি।’

তালিকাভুক্ত ব্যক্তিদের ব্যালট গণনা করলে ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছিল বিচার বিভাগ। এ হুমকির ব্যাপক সমালোচনা হয়। শুক্রবার এক ফেডারেল বিচারক সরকারকে এ ধরনের হুমকি দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন।

সূত্র : দ্য গার্ডিয়ান

সূত্র: নতুন আরএসএস সোর্স