|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

টাকার ব্যাগ নিয়ে ফিরছিলেন মোবাইল ব্যাংকিং এজেন্ট, পিস্তল ঠেকিয়ে অপহরণের চেষ্টা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ এএম
২২৫ পঠিত
টাকার ব্যাগ নিয়ে ফিরছিলেন মোবাইল ব্যাংকিং এজেন্ট, পিস্তল ঠেকিয়ে অপহরণের চেষ্টা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পিস্তল ঠেকিয়ে পরিমল কবিরাজ (৪৫) নামের এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে অপহরণের চেষ্টা করা হয়েছে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পিস্তল ঠেকিয়ে পরিমল কবিরাজ (৪৫) নামের এক মোবাইল ব্যাংকিং এজেন্টকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আশপাশের লোকজন ছুটে আসায় পিস্তলের তাজা গুলি, গুলির খোসা ও নিজেদের জুতা–স্যান্ডেল ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিমল কবিরাজ নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকার ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিলেন।

গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত পরিমল কবিরাজের বাড়ি উপজেলার কুমরুল হিন্দুপাড়া গ্রামে। বনপাড়া বাজারে তিনি মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবে ব্যবসা করেন।

ভুক্তভোগী পরিমলের ছোট ভাই বিপ্লব কবিরাজের ভাষ্য, দীর্ঘদিন ধরে বনপাড়া বাজারে বিকাশ ও নগদের এজেন্ট হিসেবে ব্যবসা করে আসছেন পরিমল। গতকাল রাতে দোকান বন্ধ করে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। তাঁর সঙ্গে আরও দুই যাত্রী ছিলেন। পথে একটি মোটরসাইকেলে থাকা তিন দুষ্কৃতকারী ইজিবাইকের গতিরোধ করে।

যাত্রীদের বরাতে বিপ্লব কবিরাজ বলেন, দুষ্কৃতকারীরা পরিমলের হাতে থাকা টাকাভর্তি ব্যাগসহ তাঁকে অপহরণ করার জন্য হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে তাঁকে পেটানো হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে পিস্তলের হাতল দিয়ে পরিমলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে জখম করে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতকারীরা জুতা–স্যান্ডেল ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা ও গুলি উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিমলের পক্ষ থেকে আজ রোববার সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। পুলিশ দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

সূত্র: প্রথম আলো