|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ৫

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪৩ পিএম
২২১ পঠিত
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ৫
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বগুড়ার সোনাতলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজন ও স্থানীয় লোকজন। এ সময় পুলিশের চার সদস্য ও এক গ্রাম পুলিশকে পিটিয়ে আহত করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের পিকআপভ্যানও। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজ...

বগুড়ার সোনাতলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজন ও স্থানীয় লোকজন। এ সময় পুলিশের চার সদস্য ও এক গ্রাম পুলিশকে পিটিয়ে আহত করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের পিকআপভ্যানও। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের আব্দুস সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও মেহেদী হাসান পুলিশ সদস্যদের নিয়ে তাকে গ্রেপ্তার করতে যান।

পুলিশ সুমনকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় তার স্বজন ও স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালান। তারা পুলিশ সদস্যদের মারধর করে সুমনকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পিকআপভ্যানও ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের চার সদস্য ও এক গ্রাম পুলিশ আহত হন।

খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: কালবেলা