|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:৩৭ পিএম
২৪৬ পঠিত
মজুরি বোর্ডের দ্বিতীয় সভা সোমবার, 
প্রস্তাব দেবেন শ্রমিকপক্ষের প্রতিনিধি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আগামী সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এই সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি মজুরি প্রস্তাব জমা দেবেন। তবে ওই দিন মালিকপক্ষ মজুরি প্রস্তাব না–ও দিতে পারে—এমন ইঙ্গিত পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা এক নোটিশে মজুরি বোর্ডের দ্বিতীয় সভার সময়সীমা ঘোষণা করা হয়। সভার আলোচ্য সূচি হিসেবে নোটিশে বলা হয়, পোশাকশিল্পের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও মালিকদের প্রতিনিধি আলাদাভাবে মজুরি প্রস্তাব জমা দেবেন। তারপর মজুরি হারের সুপারিশ প্রণয়নে সদস্যরা আলোচনা করবেন।

শ্রমিক আন্দোলনের মুখে গত রোববার (১ নভেম্বর) পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে। এবারের মজুরি বোর্ডে রয়েছেন নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন সৈয়দ আজাদ সুবহানী।

গত বুধবার বোর্ডের প্রথম সভা শেষে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার সাংবাদিকদের জানান, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। আর জানুয়ারি থেকে বাড়তি বেতন হাতে পাবেন পোশাকশ্রমিকেরা।

অন্যদিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী সভায় মালিক ও শ্রমিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব লিখিত আকারে জমা দেবে।’

জানা গেছে, গত বুধবার মজুরি বোর্ডের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার চেয়ারম্যানকে অনুরোধ করেন, মালিক ও শ্রমিকপক্ষের উভয় প্রতিনিধিকে মজুরি আলোচনায় সহায়তায় দুজন বিশেষজ্ঞ রাখার অনুমতি দেওয়া হোক। শ্রম আইনের বিষয় উল্লেখ থাকায় চেয়ারম্যানও অনুমতি দেন। ফলে আগামী সভা থেকে মালিক ও শ্রমিকপক্ষের উভয় প্রতিনিধি দুজন করে বিশেষজ্ঞ সঙ্গে রাখতে পারবেন।

আগামী সভায় মজুরি প্রস্তাব জমা দেবেন কি না জানতে চাইলে বাবুল আখতার প্রথম আলোকে বলেন, ‘মজুরি প্রস্তাব কত হবে তা নিয়ে আমরা বিভিন্ন শ্রমিক ফেডারেশনের সঙ্গে আলোচনা শুরু করেছি। আগামী সোমবার আমরা প্রাথমিক মজুরি প্রস্তাব জমা দেব। তবে মজুরির বিস্তারিত কাঠামো কী হবে, সেটি হয়তো পরে দেব।’

অন্যদিকে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা বর্তমান শ্রম পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত সময় কাটাচ্ছি। ফলে মজুরি প্রস্তাব নিয়ে সদস্য ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করতে পারিনি। তা ছাড়া মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় সাধারণত মজুরি পুনর্নির্ধারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তারপর চেয়ারম্যান মজুরি প্রস্তাব দেওয়ার সময়সীমা বেঁধে দেন। তখন মালিকপক্ষ মজুরি প্রস্তাব জমা দেয়।’

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা কার্যকর হয়েছিল। সে বছর এপ্রিলে মজুরি বোর্ড গঠিত হয়। তবে বোর্ডের সদস্যরা সাত মাস আলোচনা করে মজুরি খসড়া চূড়ান্ত করেন

সূত্র: প্রথম আলো