|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

২০২৭ সালে যৌথভাবে মিলিটারি এআই তৈরি করবে যুক্তরাজ্য ও জার্মানি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:১১ এএম
২২৯ পঠিত
২০২৭ সালে যৌথভাবে মিলিটারি এআই তৈরি করবে যুক্তরাজ্য ও জার্মানি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সামরিক বাহিনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরীক্ষা, উন্নয়ন এবং একপর্যায়ে ব্যবহারের জন্য যৌথভাবে কাজ করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। এ লক্ষ্যে আগামী বছরের বসন্তে দুই দেশের সরকারি ও শিল্প খাতের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। তবে কোন কোন এআই ব্যবস্থা তৈরি করা হবে কিংবা এ জন্য কত অর্থ বরাদ্দ দেওয়া...

সামরিক বাহিনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরীক্ষা, উন্নয়ন এবং একপর্যায়ে ব্যবহারের জন্য যৌথভাবে কাজ করার পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। এ লক্ষ্যে আগামী বছরের বসন্তে দুই দেশের সরকারি ও শিল্প খাতের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। তবে কোন কোন এআই ব্যবস্থা তৈরি করা হবে কিংবা এ জন্য কত অর্থ বরাদ্দ দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

সোমবার বিকেলে বার্লিনে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের সঙ্গে বৈঠকের আগে জার্মান সংবাদমাধ্যম ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে জাইটুং-এ লেখা এক নিবন্ধে এ পরিকল্পনার কথা জানান যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা নিয়ে দুই দেশের বিদ্যমান যৌথ প্রকল্প ‘সাইবার লাইটহাউস’-এর পরিধি বাড়িয়ে এতে কৃত্রিম বুদ্ধিমত্তাকেও যুক্ত করা হবে।

স্ট্রিটিং লেখেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীতে এআইয়ের যৌথ পরীক্ষা, উন্নয়ন এবং শেষ পর্যন্ত এর ব্যবহার চালুর মাধ্যমে আমরা সহযোগিতা আরও গভীর করব। একই সঙ্গে যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হব।’

পরিকল্পনাটি কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নির্ধারণে ২০২৭ সালের বসন্তে দুই দেশের সরকারি ও শিল্প খাতের প্রতিনিধিরা বৈঠক করবেন। তবে নির্দিষ্ট কোনো এআই ব্যবস্থা, কর্মসূচি বা বাজেটের ঘোষণা এখনো আসেনি।

স্ট্রিটিং জানান, ২০২৪ সালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার পর থেকে জার্মান কোম্পানিগুলো যুক্তরাজ্যের প্রতিরক্ষা শিল্পে ৮০ কোটি পাউন্ড (প্রায় ৯৫ কোটি ৬০ লাখ ইউরো) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মিউনিখভিত্তিক কোম্পানি হেলসিং। গত বছর তারা প্লাইমাউথে একটি কারখানা চালু করেছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত পানির নিচে চলাচলকারী বিশেষ যান তৈরি করা হচ্ছে, যেগুলো শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও অনুসরণ করতে সক্ষম।

যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক রেডক্রস কমিটি সতর্ক করে বলেছে, ইতিমধ্যে স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। এ ধরনের অস্ত্রের ব্যবহারে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা প্রণয়নের আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

সূত্র : ইউরো নিউজ

সূত্র: নতুন আরএসএস সোর্স