|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৪:৫৭ এএম
২৩৬ পঠিত
উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গত মাসে উয়েফা চাপ দেওয়ার পর এই সিদ্ধান্ত নিল ফিফা। কিছু প্রশ্নের জবাব দিতে ফিফাকে সময় বেঁধে দিয়েছিল উয়েফা।

বিশ্বকাপ আয়োজনের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ পরিকল্পনার ‘মূল নথিপত্র’ নিজেদের কাউন্সিল–সদস্যদের জন্য উন্মুক্ত করার কথা জানিয়েছে ফিফা। তবে এসব নথিপত্র দেখার ক্ষেত্রে ‘কঠোর পর্যালোচনামূলক নীতিমালা’র কড়াকড়ি থাকবে।

ফিফার এই সিদ্ধান্ত এল গত মাসে উয়েফা চাপ দেওয়ার পর। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গতকালের মধ্যে বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করতে এবং এর সুশাসন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসম্পর্কিত তালিকাভুক্ত প্রশ্নের জবাব দিতে ফিফাকে সময় বেঁধে দিয়েছিল।

এর আগে ফিফা কাউন্সিলের বৈঠকে ইনফান্তিনো এই বাতিল হওয়া পরিকল্পনার জন্য ক্ষমা চান। তবে সেই পরিকল্পনাটি কীভাবে তৈরি করা হয়েছিল, সে বিষয়ে ইনফান্তিনো কোনো পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে পারেননি এবং উয়েফার কাছে প্রশ্নগুলো লিখিতভাবে জমা দেওয়ার অনুরোধ করেছিলেন।

গতকাল উয়েফার বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফিফার সেক্রেটারি জেনারেল ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণকারী সদস্যদের কাছে চিঠি পাঠান। সেই চিঠিতে তিনি জানান, কাউন্সিলের সদস্যরা ‘মূল নথিপত্রগুলো’ দেখতে পাবেন, তবে সেটা জুরিখে ফিফার প্রধান কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে দেখতে হবে।

সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদরদপ্তর

বিবিসি স্পোর্ট সেই চিঠি দেখেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে সেই চিঠিতে গ্রাফস্ট্রোম লিখেছেন, ‘গোপনীয়তা রক্ষায় কঠোর পর্যালোচনামূলক নীতিমালা’ মেনে নথিপত্রগুলো দেখার সুযোগ রাখা হবে। এ জন্য আগামী দুই সপ্তাহের মধ্যে কাউন্সিল সদস্যদের নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়। তবে ঠিক কোন কোন নথিপত্র দেখার সুযোগ দেওয়া হবে, সেটা এখনো পরিষ্কার নয়।

বিবিসি স্পোর্ট জানতে পেরেছে, ফিফা মনে করে আজারবাইজানে নতুন যুব বিশ্বকাপ আয়োজন এবং চলতি মাসের শেষ দিকে একটি জরুরি কংগ্রেসের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকার কারণে উয়েফার বেঁধে দেওয়া দুই সপ্তাহের মধ্যে ১০০টির বেশি প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব ছিল।

সূত্রগুলো বিবিসি স্পোর্টকে আরও জানিয়েছে, গত অক্টোবরে উয়েফা যুক্তরাষ্ট্রে প্রমাণ ও নথিপত্র প্রকাশের অনুরোধ জানিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সুইজারল্যান্ডে ফৌজদারি অভিযোগ দায়েরের বিষয়ে সতর্ক করায় কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ফিফার হাতও কিছুটা বাঁধা ছিল। গত মাসে পাঠানো একটি চিঠিতে উয়েফা ফিফাকে জানায় যে, তারা ‘বেশ কিছু মৌলিক প্রশ্নের’ উত্তর দিতে ব্যর্থ হয়েছে।

সেই চিঠিতে আট পৃষ্ঠাজুড়ে বিভিন্ন প্রশ্ন রাখা হয়েছিল। এর মধ্যে ছিল এফএফই এবং জাতীয় সংস্থাগুলোর জন্য তহবিল বরাদ্দ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফিফা শান্তি পুরস্কার’ প্রদান এবং সর্বশেষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালুগানের লাল কার্ড বাতিল করায় পেছনের প্রক্রিয়ার মতো বিষয়গুলো।

সুইজারল্যান্ডের নিওনে উয়েফার সদরদপ্তর

চিঠিতে বলা হয়, ‘এফএফই তুলে নেওয়া, ভুল স্বীকার করা এবং সম্ভাব্য সুশাসন সংস্কারের ঘোষণা দেওয়ার মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর মেলে না যে—সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হয়েছিল বা উপযুক্ত সময়ে কেন ফিফা কাউন্সিলকে যুক্ত করা হয়নি। এই প্রশ্নগুলোর উত্তর এখনই দিতে হবে। ফিফার কাউন্সিলের পরবর্তী সভা পর্যন্ত এগুলো ঝুলিয়ে রাখা যাবে না।’

ফিফা সময়সীমার মধ্যে জবাব না দিলে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা পরিষ্কার করেনি উয়েফা। তবে তাদের আশা ছিল যে এই চিঠি আগামী বছর সভাপতি নির্বাচনের আগে ইনফান্তিনোর ওপর চাপ বাড়াবে। ইনফান্তিনোর বিপক্ষে নির্বাচনে দাঁড়াতে প্রার্থিতা নিশ্চিতের সময়সীমা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

বিবিসি স্পোর্ট এ বিষয়ে উয়েফার সঙ্গে যোগাযোগ করলেও মন্তব্য পায়নি।

সূত্র: প্রথম আলো