|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মোংলা বন্দরের দুটি জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০২:১৫ পিএম
২০৪ পঠিত
মোংলা বন্দরের দুটি জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মোংলা সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের জেটি এলাকায় এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে সকাল ১০টার কিছু আগে...

মোংলা সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের জেটি এলাকায় এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এর আগে সকাল ১০টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বন্দরের জেটি সংলগ্ন এলাকায় অবতরণ করে। পরে তিনি জেটি এলাকায় গিয়ে নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর বন্দরের ৯ নম্বর জেটিতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার মহাপরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপ। বিশ্ব বাণিজ্য এবং আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর কাছে বন্দরটিকে আরও আকর্ষণীয় করে তুলতে এর সক্ষমতা ও পরিচালনব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তারেক রহমান বলেন, উপযুক্ত বাণিজ্যিক ও পরিচালনাগত শর্ত নিশ্চিত করে মোংলা বন্দরকে একটি কার্যকর ‘ফার্স্ট কলিং পোর্ট’ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।

তিনি আশা প্রকাশ করেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরাসহ আশপাশের জেলাগুলোতে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটবে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে বন্দর ও আশপাশের শিল্পাঞ্চলে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এদিকে অনুষ্ঠানে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় অবকাঠামো উন্নয়ন, শিল্প বিনিয়োগ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের পর ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করে প্রধানমন্ত্রী মোংলা এলাকায় আরও শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান।

একই সঙ্গে চীনা বিনিয়োগকারীদের মোংলাকে কেন্দ্র করে জ্বালানি, সবুজ অবকাঠামো, লজিস্টিকস ও পরিবহন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর মতে, মোংলা বন্দরের আধুনিকায়ন দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে একটি কৌশলগত মাইলফলক হয়ে উঠবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, নৌপরিবহন সচিব মো. আতাউর রহমান খান, এনডিসিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধি, সিআরসিসি ও সিসিইসিসির প্রতিনিধিরা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স