|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৫ পিএম
৪৪৯ পঠিত
পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানানোয় চাকরি গেল ইতালীয় শেফের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

ইতালীয় পিৎজায় আনারস দেওয়াটা সংস্কৃতির জন্য অপমান বলে মনে করেন এক শেফ। এ কারণে রেস্তোরাঁর এক অনুষ্ঠানে তিনি আনারস দেওয়া পিৎজা বানাতে রাজি হননি। এর জেরে অন্যান্য নানা অভিযোগে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি রেস্তোরাঁ থেকে চাকরি খুইয়েছেন দাভিদে তাম্বুরেলা নামের ওই শেফ।

তাম্বুরেলা কাজ করতেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনের ‘লা কস্তা’ নামের একটি রেস্তোরাঁয়। রেস্তোরাঁটি এখন বন্ধ রয়েছে। গত মে মাসে কর্তৃপক্ষ তাম্বুরেলাকে চাকরিচ্যুত করেছে। এর দুই সপ্তাহ আগে তাঁর সঙ্গে একটি বৈঠক হয়েছিল। সেখানে তাঁর আচরণ নিয়ে একাধিক অভিযোগ তোলে রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

এসব অভিযোগের একটি ছিল রেস্তোরাঁর অনুষ্ঠানে অতিথিদের জন্য হ্যাম ও আনারস দেওয়া পিৎজা বানাতে চাননি তিনি। তাম্বুরেলা স্পষ্ট জানিয়ে দেন, কর্তৃপক্ষের এমন কোনো নির্দেশ তিনি মানবেন না, যা তাঁর সংস্কৃতির জন্য অপমানজনক।

তাম্বুরেলা দাবি করেন, তাঁকে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এ নিয়ে তিনি অস্ট্রেলিয়ার শ্রমবিষয়ক ট্রাইব্যুনাল ‘ফেয়ার ওয়ার্ক কমিশন’-এ অভিযোগ করেন। এরপরই পুরো ঘটনাটি সামনে আসে।

গত মঙ্গলবার কমিশন জানায়, তাম্বুরেলা ইতালীয় বংশোদ্ভূত। তিনি মনে করেন, পিৎজায় আনারস দেওয়া তাঁর দেশের সংস্কৃতিকে ছোট করা। এ কারণেই তিনি পিৎজায় আনারস দিতে চাননি।

কমিশন আরও জানায়, গত চার বছরে এ নিয়ে তিনবার তিনি পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগেও তিনি রেস্তোরাঁর মালিককে পিৎজায় আনারস না দেওয়াটা ইতালীয়দের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটি যাচাই করে দেখতে বলেছিলেন।

তাম্বুরেলার কাজ করা ওই রেস্তোরাঁ কুইন্সল্যান্ডে অবস্থিত। এই এলাকাকে বলা হয় অস্ট্রেলিয়ার আনারস উৎপাদনের মূল কেন্দ্র। দেশটিতে বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া সব আনারস এই রাজ্যে ফলে। এখানকার সানশাইন উপকূলে আনারসের ১৬ মিটার উঁচু একটি বড় ভাস্কর্য রয়েছে। ফাইবারগ্লাসের তৈরি ‘দ্য বিগ পাইনঅ্যাপল’ নামের ভাস্কর্যটি ওই অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান। পর্যটকেরা নিয়মিত সেখানে গিয়ে ছবি তোলেন।

তাম্বুরেলার বিরুদ্ধে শুধু আনারস নিয়ে নয়, আরও কিছু অভিযোগ ছিল। যেমন তিনি বাজে ভাষা ব্যবহার করতেন, ঠিকমতো কথা বলতেন না এবং কাজের ব্যাপারে কিছু বললে রাগ দেখাতেন।

আদেশে আরেকটি ঘটনার কথাও বলা হয়। গত এপ্রিলে কাজের জায়গায় ক্ষুব্ধ হয়ে একটি লোহার রেলিংয়ে আঘাত করেন তাম্বুরেলা। এতে তাঁর ডান হাতের হাড় ভেঙে যায়। তাম্বুরেলা আশা করেছিলেন, রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁকে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের ভিসা পেতে সাহায্য করবে। কিন্তু চাকরি চলে যাওয়ায় কর্তৃপক্ষ সেই প্রক্রিয়াও বন্ধ করে দেয়। নির্ধারিত সময় পার হওয়ার পর তাম্বুরেলা অভিযোগ জমা দিয়েছিলেন। তাই কমিশন তাঁর আবেদন বাতিল করে দেয়।

রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইনগ্রাম ডেইলি মেইলকে বলেন, ঘটনাটি শুধু পিৎজার ওপর আনারস দেওয়া বা না–দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে আরও কারণ রয়েছে।

পেশাজীবীদের যোগাযোগমাধ্যম লিংকডইনে তাম্বুরেলা লিখেছেন, পুরো ক্যারিয়ারে তিনি সব সময় ভালো মানের খাবার তৈরি ও ব্যবসার উন্নতির দিকে নজর দিয়েছেন। তিন মাস আগে তিনি শেফদের উদ্দেশে একটি খোলাচিঠি পোস্ট করেছিলেন। চিঠির মূল কথা ছিল, ‘খাবারের উপকরণের প্রতি শ্রদ্ধা দেখানো’।

তাম্বুরেলা এখন ব্রিসবেনেরই আরেকটি রেস্তোরাঁয় কাজ করছেন। খোঁজ নিয়ে দেখা গেছে, নতুন সেই রেস্তোরাঁর খাবারের তালিকায় আনারসের কোনো পদ নেই।

সূত্র: প্রথম আলো