|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৭ নভেম্বর রাতে মুকুট জিতে বিশ্বমঞ্চে, কে এই মাহি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:৩০ এএম
৩৯১ পঠিত
৭ নভেম্বর রাতে মুকুট জিতে বিশ্বমঞ্চে, কে এই মাহি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি। চলুন জেনে নেওয়া যাক কে এই মাহি।
একসময় র‍্যাম্পের মঞ্চে হাঁটতেন ফারজানা ইয়াসমিন কলি নামে। সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। সামিরা খান মাহি নামে মডেলিংয়ের পর পা রেখেছেন অভিনয়ে, তৈরি করেছেন আলাদা পরিচিতি। এক যুগের এই পথচলায় এসেছে বিরতি, নতুন করে শুরুর চ্যালেঞ্জও। এবার সেই যাত্রায় যুক্ত হলো নতুন অর্জন—‘মিস ইউনিভার্স বাংলাদেশ’–এর মুকুট। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেকে ও বাংলাদেশকে তুলে ধরার অপেক্ষায় এখন তিনি। ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি। আজ পুয়ের্তো রিকোর উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন তিনি। চলুন ছবিতে জেনে নেওয়া যাক কে এই মাহি। ছবিগুলো মাহির ফেসবুক থেকে নেওয়া
মা–বাবা নাম রেখেছিলেন ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে বিনোদনজগতে নিজের পরিচিতি তৈরির সময় নাম বদলে রাখেন সামিরা খান মাহি। নতুন নামের সঙ্গে শুরু হয় নতুন স্বপ্নের যাত্রা। সেই সময় হয়তো ভাবেননি, একদিন এই নামেই আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
শোবিজে মাহির পথচলা শুরু হয় মডেলিংয়ের মধ্য দিয়ে। ২০১৪ সালে ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় অংশ নেন মাহি। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মধ্য দিয়ে মডেলিংয়ে পরিচিতি পান। এরপর ফ্যাশন শো, র‍্যাম্প, বিজ্ঞাপনচিত্র ও ফটোশুটে কাজ শুরু করেন। ধীরে ধীরে তৈরি হয় নিজের পরিচিতি।
র‍্যাম্প থেকে ফ্যাশনজগতেও তাঁর পরিচিতি বাড়তে থাকে। মডেলিংয়ের শুরুটা ছিল র‍্যাম্প দিয়ে। ফ্যাশন শোতে হাঁটা, ক্যামেরার সামনে দাঁড়ানো, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ—সব মিলিয়ে নিজেকে তৈরি করেছেন তিনি। মডেল হিসেবে কাজ করতে গিয়ে শিখেছেন ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী থাকা, অভিব্যক্তি প্রকাশ ও নিজের সাবলীল উপস্থাপনের কৌশল।
ক্যারিয়ারের শুরুর দিকে অসুস্থতার কারণে প্রায় তিন বছর কাজ থেকে দূরে থাকতে হয়েছিল মাহিকে। এই বিরতি তাঁর পেশাগত যাত্রায় একধরনের অনিশ্চয়তা তৈরি করে। তবে বিরতির পর আবারও নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেন। পুরোনো পরিচয়ের বাইরে গিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার প্রস্তুতি নেন।
মডেলিংয়ের পর অভিনয়ে আসার পরিকল্পনা শুরু থেকেই ছিল না মাহির। করোনা মহামারির সময় অভিনয় নিয়ে নতুন করে ভাবেন। প্রস্তুতি ও শেখার মধ্য দিয়ে ২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত কাজ শুরু করেন। অল্প সময়েই অভিনয়ের ব্যস্ততা বাড়ে; একপর্যায়ে ছয় মাসে ৩০টির বেশি নাটকে অভিনয় করেন।
অভিনয়জীবনে ‘গার্লস স্কোয়াড’ ছিল মাহির গুরুত্বপূর্ণ একটি বাঁক। এর মাধ্যমে দর্শকের কাছে নতুন করে পরিচিতি পান মাহি। এরপর ‘হাঙর’সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেন। মডেল পরিচয়ের বাইরে অভিনয়শিল্পী হিসেবেও নিজের অবস্থান তৈরির সুযোগ পান।
অভিনয়ে আসার পর দ্রুত কাজের সংখ্যা বেড়েছে মাহির। ২০২৫ সাল পর্যন্ত ১২০টির বেশি নাটকে অভিনয় করেছেন। তবে শুধু কাজের সংখ্যা বাড়ানো নয়, চরিত্রে বৈচিত্র্য আনাও তাঁর লক্ষ্য। গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে পরীক্ষা করতে চান।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাহির সাজপোশাক, চেহারা ও ব্যক্তিগত লুক নিয়ে নানা সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। মেকআপ ছাড়া ছবি প্রকাশের পরও নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হয়েছেন। তবে এসবের বাইরে নিজের কাজ ও পরিচিতি তৈরিতে মনোযোগী থাকার চেষ্টা করেছেন। নিজের পছন্দ ও আত্মবিশ্বাসকে গুরুত্ব দিয়েছেন।
মডেলিং ও অভিনয়ের পর এবার নতুন পরিচয় যুক্ত হলো তাঁর নামের পাশে। ৭ নভেম্বর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন সামিরা খান মাহি। গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলার হাত থেকে মুকুট গ্রহণ করেন তিনি। এই অর্জনের মধ্য দিয়ে দেশের হয়ে আন্তর্জাতিক মিস ইউনিভার্সের মঞ্চে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
দেশের মঞ্চে মুকুট জয়ের পর সামিরা খান মাহির সামনে এখন আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি। সেখানে শুধু নিজের সৌন্দর্য বা ব্যক্তিত্ব নয়, বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও নারীদের প্রতিনিধিত্ব করার প্রত্যাশাও থাকবে। বাবা-মায়ের কাছ থেকে পাওয়া উৎসাহ—‘যাও, বিশ্ব জয় করে আসো’এখন তাঁর নতুন যাত্রার প্রেরণা। র‍্যাম্পের মঞ্চ থেকে শুরু হওয়া পথচলা এবার কত দূর যায়, সেটিই দেখার।

সূত্র: প্রথম আলো