|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সাংবাদিক বিশ্বজিৎ সরকার আর নেই, পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০১:২০ পিএম
৩৯৯ পঠিত
সাংবাদিক বিশ্বজিৎ সরকার আর নেই, পূজা উদযাপন পরিষদের শ্রদ্ধা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি পরলোকগমন করেছেন।  রোববার (১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ...

নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি পরলোকগমন করেছেন। 

রোববার (১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন।  

বিশ্বজিৎ সরকার মনি দীর্ঘদিন দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সাংবাদিকতা করেছেন। তিনি ছিলেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি। তার বাড়ি পৌরসভার পিরোজপুর এলাকায়। 

আজ দুপুরে শহরের পিরোজপুর এলাকায় সাংবাদিক মনির শেষকৃত্যানুষ্ঠান হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে পার্থ সরকার ও তিন ভাই সনজিৎ সরকার, প্রতীক সরকার (বিশ্বে) এবং দিলীপ সরকার। 

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সদস্য। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে আসেন প্রেস ক্লাবের সভাপতি সাদেকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ অনেকে। শোকবার্তায় তার আত্মার শান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন প্রেস ক্লাবের সদস্যরা। 

এদিকে জেলা পূজা উদযাপন পরিষদ থেকেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পীযূষ কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক মাধব চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক অম্লান সাহা, সমাজ কল্যাণ সম্পাদক বাদল চৌধুরী, সদস্য পুলক সরকারসহ আরও অনেকে বিশ্বজিৎ মনিকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

অন্যদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে সমবেদনা জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। 

শোকবার্তায় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার এবং যুগ সম্পাদক ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ কান্তি সরকার বিশ্বজিৎ সরকার মনির আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে বলেও তারা জানান।

সূত্র: কালবেলা