|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ফুটপাত দখলমুক্ত করার অভিযানকালে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম
২৫৫ পঠিত
ফুটপাত দখলমুক্ত করার অভিযানকালে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর উত্তরায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। অভিযানের একপর্যায়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা তাকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেন বলেও অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার কর...

রাজধানীর উত্তরায় ফুটপাত দখলমুক্ত করার অভিযানে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।

অভিযানের একপর্যায়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা তাকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেন বলেও অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

তবে তার বিরুদ্ধে ওঠা ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, দুপুরে জসিমউদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছিলেন অতীশ দর্শী চাকমা। এ সময় জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার সঙ্গে থাকা এক ব্যক্তি এক দোকানির কাছ থেকে দেড় হাজার টাকা নেন বলে অভিযোগ করেন কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী। পরে ওই ব্যক্তির কাছ থেকে টাকাটি উদ্ধার করা হয়েছে বলেও দাবি তাদের।

এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরেন এবং তার ওপর শারীরিকভাবে চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে ডিএনসিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে জানান, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুটপাত উচ্ছেদে অভিযান চালাতে সেখানে গিয়েছিলেন। ফুটপাতে দোকান বসানোর অভিযোগে কয়েকজনকে জরিমানাও করেন। জরিমানার রসিদ দেওয়া নিয়ে দোকানিদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। প্রকৃত ঘটনা জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসক আরও জানান, অতীশ দর্শী চাকমা ডিএনসিসির স্থায়ী ম্যাজিস্ট্রেট নন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, ফুটপাত উচ্ছেদসহ বিভিন্ন অভিযান পরিচালনার জন্য তিন মাসের মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। অতীশ দর্শী চাকমা তাদেরই একজন।

সূত্র: নতুন আরএসএস সোর্স