|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইজিবাইকে মায়ের কোলে ছিল ছোট্ট আরহাম, হঠাৎ ছিটকে পড়ে যায় খাদে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:২২ পিএম
২৯৪ পঠিত
ইজিবাইকে মায়ের কোলে ছিল ছোট্ট আরহাম, হঠাৎ ছিটকে পড়ে যায় খাদে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং স্টেশন এলাকায় একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় ছয় মাস বয়সী মোহাম্মদ আরহাম। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় ইজিবাইকচালকসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আরহামের মা, খালা ও তিন বছর বয়সী বোন।

শিশুটির চাচা ইরফান উদ্দিন প্রথম আলোকে বলেন, অসুস্থ আরহামকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন মা ফাহমিদা ইয়াসমিন (২৩)। ইজিবাইকে মায়ের কোলে ছিল শিশুটি। সঙ্গে ছিলেন বড় বোন ও তিন বছর বয়সী মেয়ে; কিন্তু বাড়ি ফেরা হলো না তাঁদের।

নিহত আরহামের মা ফাহমিদা ইয়াসমিন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা পাড়ার বাসিন্দা বোরহান উদ্দিনের স্ত্রী। আহত অন্যরা হলেন ফাহমিদার বড় বোন উর্মি আকতার (৩৪), মেয়ে আরিশা জান্নাত (৩) এবং ইজিবাইকচালক জাফর আলম (৫৫)। জাফর আলম একই ইউনিয়নের মহাজন পাড়ার বাসিন্দা।

আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, শিশু আরহাম ঠান্ডাজনিত রোগে ভুগছিল। আজ সকালে পরিবারের সদস্যদের সঙ্গে তাকে নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান মা ফাহমিদা। সেখানে চিকিৎসক দেখিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে হারবাং স্টেশন এলাকায় একটি পিকআপের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইজিবাইকটি তিন টুকরা হয়ে যায়। এ সময় মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় আরহাম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় অন্যরাও গুরুতর আহত হন।

আহত চারজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট জাকিবুল ইসলাম বলেন, হারবাং স্টেশন এলাকায় সেনাবাহিনীর একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে। পিকআপ ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকের অংশগুলো জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

সূত্র: প্রথম আলো