|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘হাবিবি’ নামে অ্যাকশন কমিটি করলেন যুক্তরাষ্ট্রের সিনেটর আবদুল এল-সায়েদ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৪৭ পিএম
৪৫২ পঠিত
‘হাবিবি’ নামে অ্যাকশন কমিটি করলেন যুক্তরাষ্ট্রের সিনেটর আবদুল এল-সায়েদ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি করেছেন মিশিগানের সিনেটর-নির্বাচিত আবদুল এল-সায়েদ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতে দেখা গেছে, এল-সায়েদের পৃষ্ঠপোষকতায় ‘লিডারশিপ পলিটিক্যাল অ্...

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি করেছেন মিশিগানের সিনেটর-নির্বাচিত আবদুল এল-সায়েদ।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতে দেখা গেছে, এল-সায়েদের পৃষ্ঠপোষকতায় ‘লিডারশিপ পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ বা রাজনৈতিক নেতৃত্ববিষয়ক তহবিলটি নিবন্ধিত হয়েছে। এ ধরনের তহবিল কোনো রাজনীতিকের নিজস্ব নির্বাচনী প্রচারের তহবিল থেকে আলাদা।

‘হাবিবি’ আরবি শব্দ। এর অর্থ ‘প্রিয়’ বা ‘আমার প্রিয়জন’। নির্বাচনী প্রচারের সময় শব্দটি প্রায়ই ব্যবহার করতেন এল-সায়েদ। বিজয়ী হওয়ার পর ডেট্রয়েটে দেওয়া ভাষণেও তিনি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে ‘হাবিবি’ সম্বোধন করেন।

রাজনীতিকেরা সহকর্মীদের মধ্যে প্রভাব বাড়াতে এবং দলের নেতৃত্ব বা গুরুত্বপূর্ণ কমিটির পদ পাওয়ার পথ শক্ত করতে এ ধরনের তহবিল ব্যবহার করেন। এর মাধ্যমে তারা অন্য প্রার্থী, নিজ দল এবং বিভিন্ন রাজনৈতিক কমিটিকে অর্থ সহায়তা দিতে পারেন।

এল-সায়েদ ছাড়াও এবারের নির্বাচনে জয়ী আরও কয়েকজন ডেমোক্র্যাট নেতা এ ধরনের তহবিল গঠন করেছেন। তাদের মধ্যে রয়েছেন অ্যারিজোনার কংগ্রেস সদস্য-নির্বাচিত আমিশ শাহ, আইওয়ার সিনেটর-নির্বাচিত জশ টুরেক এবং নর্থ ক্যারোলাইনার সিনেটর-নির্বাচিত রয় কুপার।

মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হন মিশরীয় অভিবাসীর সন্তান এল-সায়েদ। নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সিনেটর টেড ক্রুজ তার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে ‘জিহাদি’ আখ্যা দেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি।

নির্বাচনের আগে আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এল-সায়েদ বলেছিলেন, করদাতাদের অর্থ বিদেশি সরকারকে না দিয়ে দেশের মানুষের জীবন বাঁচাতে ব্যয় করা উচিত। রাজনীতি থেকে অর্থের প্রভাব কমানোও ছিল তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি।

সূত্র: আলজাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স