|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইউক্রেনের রেলস্টেশনসহ বিভিন্ন অঞ্চলে রুশ হামলা, নিহত ২০

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৫:০৫ পিএম
২৩৩ পঠিত
ইউক্রেনের রেলস্টেশনসহ বিভিন্ন অঞ্চলে রুশ হামলা, নিহত ২০
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইউক্রেনের দিনিপ্রো শহরের ব্যস্ত রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির আরও কয়েকটি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ছয়জন। বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) এসব হামলায় বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনে...

ইউক্রেনের দিনিপ্রো শহরের ব্যস্ত রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির আরও কয়েকটি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ছয়জন। বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) এসব হামলায় বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। খবর রয়টার্সের।

একই সময়ে দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে স্থানীয়ভাবে ছয় দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় কূটনৈতিক আলোচনা আবার শুরুর বিষয়ে সতর্ক আশার সঞ্চার হয়েছিল। তবে ধারাবাহিক হামলায় সেই আশার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরহি কোরেতস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ‘রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষদের শিকার করছে। ট্রেনে, স্টেশনে ও আবাসিক ভবনে হামলা চালাচ্ছে। এই সন্ত্রাসের কোনো যৌক্তিকতা নেই, কখনোই থাকতে পারে না।’

বৃহস্পতিবার রাত ১১টার কিছু আগে রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে শহরটির সামরিক প্রশাসন। হামলায় কয়েকটি গুদামে আগুন ধরে যায়। দিনিপ্রো নদীর পূর্ব তীরে একটি ভবনও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্ত হয়।

এর কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাগুলোকে অত্যন্ত নিষ্ঠুর এবং ইচ্ছাকৃত বলে উল্লেখ করেন। তার মতে, যখন সবাই উত্তেজনা প্রশমনের পদক্ষেপের অপেক্ষায়, তখনই এসব হামলা চালানো হচ্ছে।

জেলেনস্কি আরও সতর্ক করে বলেন, রাশিয়া নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে; এমন গোয়েন্দা তথ্য ইউক্রেনের কাছে রয়েছে। এসব হামলা ঠেকাতে প্রয়োজনীয় সক্ষমতা ও অস্ত্র সরবরাহের জন্য অংশীদারদের কাছ থেকে সিদ্ধান্ত প্রত্যাশা করছে কিয়েভ।

দিনিপ্রো শহরের প্রধান রেলস্টেশনে একটি জেটচালিত ড্রোন আঘাত হানে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা উক্রজালিজনিতসিয়া। হামলার সময় স্টেশনটির একটি প্ল্যাটফর্মে যাত্রীবাহী ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছিল।

হামলার পর প্ল্যাটফর্মজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল মরদেহ। বিস্ফোরণের আঘাতে মেঝেতে রক্ত জমে যায়। বিমান হামলার সতর্কসংকেতের মধ্যে পুলিশকে কালো ব্যাগে মরদেহ ভরতে দেখা গেছে।

স্টেশনের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া ৬৭ বছর বয়সী স্বিতলানা শেরবাক বলেন, ‘আবার হামলা কেন? রাশিয়ানরা কী লক্ষ্য অর্জন করতে চাইছে? আমি কিছুই বুঝতে পারছি না।’

দিনিপ্রোতে আরেকটি হামলায় একটি শিক্ষার্থীদের আবাসিক ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেকসান্দর হানজা। তিনি জানান, দিনভর হামলায় শহরটির প্রায় ৩ লাখ ৫০ হাজার পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দিনিপ্রোর বাইরে উত্তর ইউক্রেনের চেরনিহিভ শহরের কেন্দ্রীয় সড়কে ড্রোন হামলায় দুই কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় চার শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।

শহরটির সামরিক প্রশাসনের প্রধান দিমিত্রো ব্রিজিনস্কি বলেন, সাধারণ শান্তিপ্রিয় মানুষ হামলার শিকার হয়েছেন। 

মধ্যাঞ্চলীয় ক্রেমেনচুক শহরে আবাসিক ভবন ও ব্যক্তিগত বাড়িতে হামলায় নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও ৩২ জন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।

এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় তিনটি পৃথক হামলায় শহরের বাস লক্ষ্য করে রুশ ড্রোন আঘাত হানে। এতে ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স

সূত্র: নতুন আরএসএস সোর্স